× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই পাওয়ার্ড পার্সোনাল ডিভাইস

হায়াত মাহমুদ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৮ পিএম

এআই স্মার্টওয়াচ

এআই স্মার্টওয়াচ

একসময় প্রযুক্তি মানেই ছিল যেটি আমাদের দৈনন্দিন কাজকে সহজ করে। কিন্তু এআই যুক্ত হওয়ার পর প্রযুক্তি শুধু একটি টুলসের মধ্যে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে মানুষের জীবনের একটি নীরব সহকারী। বিশেষ করে এআই পাওয়ার্ড ডিভাইসগুলো যেমনÑ এআই স্মার্টওয়াচ, এআই আইগ্লাস (চশমা), এআই ইয়ার বার্ডস, এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস, এআই পাওয়ার্ড সিসিটিভি। এগুলো মানুষের যোগাযোগের মাধ্যম, ব্যক্তিগত সময়, স্বাস্থ্য এবং সিদ্ধান্ত গ্রহণের ধরনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। বর্তমান পৃথিবীতে স্মার্ট ডিভাইসগুলো শুধু বিলাসিতার কাজেই লাগছে না, বরং এগুলো হয়ে উঠেছে প্রয়োজনীয় জীবনের একাংশ। এআই আমাদের দৈনন্দিন জীবনে এমনভাবে মিশে যাচ্ছে যে, আমরা বুঝতে পারি না কোন কাজ বা ডিভাইসের পেছনে কাজ করছে একটি বুদ্ধিমান অ্যালগরিদম।

এআই স্মার্টওয়াচ : হাতে বাঁধা ডিজিটাল স্বাস্থ্য সহকারী

এআই স্মার্টওয়াচ বর্তমানে এআই পাওয়ার্ড ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। শুরুর দিকে স্মার্টওয়াচের কাজ ছিল সময় দেখানো, মেসেজ, কল হ্যান্ডেল করা এবং সীমিত আকারে ফিটনেস ট্র্যাকিং। কিন্তু এআই যুক্ত হওয়ার পর স্মার্ট ওয়াচ একটি পূর্ণাঙ্গ ফিটনেস ট্র্যাকিং ডিভাইস হিসেবে রূপ নিয়েছে। রক্তের অক্সিজেনের মাত্রা, ঘুমের গভীরতা, ঘুমের সময়কাল, দৈনিক হাঁটা চলার পরিমাণÑ এইসব তথ্য সেন্সরের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং এই তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীকে সরবরাহ করে। যদি স্বাভাবিক তথ্যের তুলনায় অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা যায় তাহলে স্মার্টওয়াচ সতর্কবার্তা দিতে পারে। কিছু ক্ষেত্রে স্মার্টওয়াচগুলো হার্টের সমস্যার আগাম ইঙ্গিত দিতে পারছে, যা চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এআই ইয়ারবাডস : শোনা ও বোঝার স্মার্ট সঙ্গী

এআই ইয়ারবাডস বর্তমান যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করেছে। আগে ইয়ারফোন মানে আমরা বুঝতাম যেটা দিয়ে গান শোনা যায় অথবা ফোনে কথা বলা যায়। কিন্তু বর্তমানে ইয়ারবাডসগুলো আশপাশের পরিবেশ পরিস্থিতি বুঝে শব্দ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এআই পাওয়ার্ড ইয়ারবাডসগুলো আশপাশের পরিবেশের শব্দ বিশ্লেষণ করে কোনটি বাদ দিতে হবে, কোনটি রাখতে হবেÑ তা নির্ধারণ করতে পারে। যেটিকে মূলত এআই নয়েস ক্যান্সেলেশন বলা হয়। ফলে ব্যস্ত রাস্তায় আশেপাশের শব্দ কমিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শোনা সম্ভব হয়। নতুন করে যুক্ত হয়েছে রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফিচারটি। কোনো ব্যক্তি অন্য ভাষায় কথা বললে ব্যবহারকারী তার নিজের ভাষায় সেটির অনুবাদ শুনতে পান। ফলে বর্তমানে পুরো বিশ্বের যেকোনো প্রান্তেই যোগাযোগের মাধ্যম এআই পাওয়ার্ড ইয়ার বাডসের কারণে আরও বেশি সহজ হয়েছে

স্মার্ট আইগ্লাস : চোখের সামনে তথ্যের জগৎ

এআই পাওয়ার্ড স্মার্ট আইগ্লাস ভবিষ্যৎ প্রযুক্তির সবচাইতে বড় বিস্ময়। এই চশমাটি রিয়েল টাইম তথ্য দেখাতে সক্ষম। ব্যবহারকারী যা দেখতে পাচ্ছে, তার সঙ্গে সম্পর্কিত তথ্য চোখের সামনেই ভাসিয়ে তুলতে পারে এই এআই পাওয়ার্ড আইগ্লাস। এই চশমাটি রাস্তায় চলাচলের সময় নির্দেশনা দিতে সক্ষম। ফোনে আসা কল অথবা মেসেজ চোখের সামনে চশমার স্ক্রিনে ভেসে ওঠে। প্রয়োজনে ছবি এবং ভিডিও ধারণ করতে পারে।

বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এটি অনেক বেশি সম্ভাবনাময়। ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে আশেপাশের বস্তু শনাক্ত করে শব্দের মাধ্যমে ব্যবহারকারীকে জানায় এই চশমাটি। ভাষা অনুবাদেও বিশেষ ভূমিকা রাখছে এটি। বিদেশি ভাষার লেখা, সাইনবোর্ড বা মেনু দেখামাত্রই সেটিকে অনুবাদ করে নিজ ভাষায় চোখের সামনে ভাসিয়ে তোলে এই এআই পাওয়ার্ড আইগ্লাসটি।

স্মার্ট আইগ্লাস

পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস

পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ডিভাইস এখন অনেক ঘরেরই অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। যেমনÑ স্মার্ট স্পিকার বা ডেস্ক অ্যাসিস্ট্যান্ট। ভয়েস কমান্ডের মাধ্যমে গান চালানো থেকে শুরু করে আবহাওয়ার খবর দেওয়া, রিমাইন্ডার সেট করা, আলো অথবা অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করার কাজে এটি ব্যবহার হচ্ছে। এই ডিভাইসগুলোর সবচাইতে সত্যি হলো নিজে থেকে শেখার ক্ষমতা। ব্যবহারকারীর দৈনন্দিন অভ্যাস, পছন্দ ও সময়সূচির বিশ্লেষণ করে এআই অ্যাসিস্ট্যান্ট আরও ব্যক্তিগত হয়ে ওঠে। ব্যবহারকারী কোন সময় কোন কাজটি করেন স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। শিক্ষা ও পেশাগত জীবনের কাজগুলোকে স্মার্ট এআই অ্যাসিস্ট্যান্ট আরও বেশি সহজ এবং দ্রুত করেছে। শিক্ষার্থীরা দ্রুত তথ্য সংগ্রহ এবং পেশাজীবীরা কাজের চাপ কমাতে প্রতিনিয়ত এআই অ্যাসিস্টেন্টের সাহায্য নিচ্ছে।

এআই পাওয়ার্ড সিসিটিভি : নিরাপত্তা ব্যবস্থার নতুন যুগ

নিরাপত্তা ব্যবস্থা বলতে এক সময় আমরা বুঝতাম ক্যামেরা লাগানো, রেকর্ড হওয়া ফুটেজ পরে দেখাÑ এটাই ছিল সিসিটিভির মূল কাজ। কিন্তু এর সঙ্গে এআই যুক্ত হওয়ার পর সিসিটিভি শুধু নজরদারির যন্ত্র নয় বরং হয়ে উঠেছে একটি স্মার্ট বিশ্লেষক। এআই পাওয়ার্ড সিসিটিভি দেখার পাশাপাশি বিশ্লেষণ করারও ক্ষমতা রাখে এবং প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে সংকেত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এআই পাওয়ার্ড সিসিটিভি মূলত কম্পিউটার ভিশন, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরায় মানুষ, যানবাহন, পোষা প্রাণী, বস্তু আলাদা করে শনাক্ত করতে পারে এবং অস্বাভাবিক আচরণ করলে চিহ্নিত করতে পারে। সন্দেহজনকভাবে চলাফেরা, নিষিদ্ধ এলাকায় প্রবেশ, দীর্ঘ সময় কোনো বস্তু পড়ে থাকা অথবা অস্বাভাবিক ভিড়Ñ এ ধরনের ঘটনা ঘটলেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাতে পারে। ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি শনাক্ত করা সম্ভব হচ্ছে।

এআই পাওয়ার্ড সিসিটিভি

চ্যালেঞ্জ 

এআই পাওয়ার্ড পার্সোনাল ডিভাইসগুলো যত সুবিধা দিচ্ছে ঠিক ততটাই চ্যালেঞ্জও তৈরি করছে। সবচেয়ে বড় প্রশ্ন হলোÑ পার্সোনাল ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা। এসব ডিভাইস ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে, যা সঠিকভাবে সংরক্ষিত না হলে অপব্যবহার ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া এআইয়ের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়লে ব্যবহারকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় প্রভাব পড়ে। তাই এই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা এবং নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ভবিষ্যৎ দিকনির্দেশনা

বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের এআই পাওয়ার্ড পার্সোনাল ডিভাইসগুলো আরও মানবকেন্দ্রিক হতে চলেছে। এগুলো শুধু তথ্য সংগ্রহ করবে না ব্যবহারকারী আবেগ, মানসিক অবস্থা ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

এআই পাওয়ার্ড পার্সোনাল ডিভাইসগুলো আধুনিক জীবনে নীরব কিন্তু অনেক বেশি পরিবর্তে নিয়ে এসেছে। স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে শিক্ষা, যোগাযোগ ও কাজের ক্ষেত্রে এই প্রযুক্তি মানুষের সক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সঠিক ব্যবহার ও নীতিমালার মাধ্যমে এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষের জীবনকে আরও দক্ষ ও নিরাপদ করে তুলতে পারে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা