আসমা হোসাইন সুমি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৮ পিএম
ভালোবাসা দিবসে প্রিয়জনের পছন্দে ঘরেই বানিয়ে নিতে পারেন নানা ধরনের কুকিজ। আজকের হেঁশেলে ভ্যালেন্টাইন কুকিজের রেসিপি ও ছবি দিয়েছেন আসমা হোসাইন সুমি
রেড ভেলভেট কুকিজ
যা যা লাগবে : ময়দা ১ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, বেকিং পাউডার ১-২ চা-চামচ, লবণ এক চিমটি, ব্রাউন চিনি (দানাদার) ১/২ কাপ, বাটার (নরম) ১/২ কাপ, ডিম ১টা, ভ্যানিলা এসেন্স ১/২ চা-চামচ, লাল ফুড কালার ১ চা-চামচ (বা প্রয়োজনমতো), চকলেট চিপস/ হোয়াইট চকলেট ১/৪ কাপ (ইচ্ছামতো)

যেভাবে বানাবেন : একটি বাটিতে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও লবণ ভালো করে মিশিয়ে নিন। অন্য বাটিতে বাটার ও চিনি ফেটিয়ে নিন যতক্ষণ না চিনি গলে নরম ও ক্রিমের মতো হয়। এবার ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মেশান। লাল ফুড কালার দিয়ে সুন্দর লাল রঙ তৈরি করুন। এখন ধীরে ধীরে শুকনো উপকরণগুলো (ময়দার মিশ্রণ) ভেজা মিশ্রণে দিন। চকলেট চিপস মিশিয়ে নিন। বেকিং ট্রেতে চামচ দিয়ে ছোট ছোট বল করে রাখুন, একটু ফাঁকা রাখবেন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০-১২ মিনিট বেক করুন।
বাটার কুকিজ
যা যা লাগবে : বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৫০ গ্রাম, ডিম ৩০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, ময়দা ১৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, লাল ফুড কালার ১ চা-চামচ বা প্রয়োজনমতো।

যেভাবে বানাবেন : বাটার ভালো করে বিট করুন যতক্ষণ না হালকা ও ফ্লাফি হয়। তারপর চেলে নেওয়া আইসিং সুগার যোগ করে আবার বিট করুন। মিশ্রণটা ক্রিমি হলে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মেশান। ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে চেলে নিন। এগুলো আস্তে আস্তে মিশ্রণে ভাঁজ করে মেশান। আস্তে মিক্স করতে থাকুন যতক্ষণ না নরম ডো তৈরি হয়। ডো ক্লিং ফিল্মে মুড়িয়ে ফ্রিজ/চিলারে ৩০ মিনিট রেখে দিন। চিলার থেকে নামিয়ে হার্ট শেইপ কুকি কাটার দিয়ে কেটে বেকিং ট্রেতে নিতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করুন। ঠান্ডা হয়ে গেলে ওপরে হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে সুগার বল অ্যাড করতে পারেন।
জ্যাম কুকিজ
যা যা লাগবে : বাটার ১০০ গ্রাম, আইসিং সুগার ৫০ গ্রাম, ডিম ৩০ গ্রাম, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, ময়দা ১৮০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২০ গ্রাম, মিক্সড ফ্রুট জ্যাম ৫০ গ্রাম বা সামান্য (ডো তে একটু রেড ফুড কালার মিক্স করে রাখতে পারেন)

যেভাবে বানাবেন : বাটার ভালো করে বিট করুন যতক্ষণ না হালকা ও ফ্লাফি হয়। তারপর চেলে নেওয়া আইসিং সুগার যোগ করে আবার বিট করুন। মিশ্রণটা ক্রিমি হলে ডিম ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মেশান। ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে চেলে নিন। এগুলো আস্তে আস্তে মিশ্রণে ভাঁজ করে মেশান। আস্তে মিক্স করতে থাকুন যতক্ষণ না নরম ডো তৈরি হয়। ডো ক্লিং ফিল্মে মুড়িয়ে ফ্রিজ/চিলারে ৩০ মিনিট রেখে দিন। ডো ফ্রিজ/চিলার থেকে বের করে ৬ মিলিমিটার পুরু করে বেলে নিন। কুকি কাটার বা পছন্দের আকারে কেটে পার্চমেন্ট পেপার দেওয়া বেকিং ট্রেতে সাজিয়ে নিন। মাঝখানে লাভ আকারে একফোঁটা জ্যাম দিতে হবে/বা লাল রঙ মিশিয়ে রাখা ডো থেকে ছোট আকারের লাভ বানিয়ে মাঝখানে দিয়ে দিতে পারেন। আগে থেকে গরম করা ওভেনে ১৫০ ডিগ্রি সেলসিয়াস-১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০-২৫ মিনিট বেক করে নিতে হবে। বেক হয়ে গেলে কুকিজগুলো র্যাকে তুলে ঠান্ডা করে পরিবেশন করুন।
পাইপড কুকিজ
যা যা লাগবে : বাটার ১২০ গ্রাম, আইসিং সুগার ৬০ গ্রাম, ডিম ৪৫-৫০ গ্রাম, ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণ, ময়দা ১৭০ গ্রাম, কর্নফ্লাওয়ার ৩০ গ্রাম, মিল্ক পাউডার ২০ গ্রাম, চকলেট চিপস/ মিক্সড ফ্রুট জ্যাম সাজানোর জন্য

যেভাবে বানাবেন : প্রথমে বাটার ও আইসিং সুগার ভালো করে বিট করুন। ক্রিমের মতো হলে ধীরে ধীরে ডিম যোগ করুন। এরপর ভ্যানিলা এসেন্স দিন। আলাদা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও মিল্ক পাউডার মিশিয়ে নিন। এই শুকনা মিশ্রণটি বাটারের মিশ্রণে দিন। বেশি মিক্স করবেন না। ডো যদি বেশি শক্ত হয়, তাহলে অল্প ডিম যোগ করা যেতে পারে। ডো এমন হতে হবে যেন পাইপিং ব্যাগে দেওয়া যায়। স্টার নোজল লাগানো পাইপিং ব্যাগে ডো ভরে পার্চমেন্ট পেপার দেওয়া বেকিং ট্রেতে পছন্দমতো শেপে পাইপ করুন। আগে থেকে গরম করা ওভেনে ১৫০ ডিগ্রি সেলসিয়াস -১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট বেক করুন। ঠান্ডা হলে ওপর থেকে চকলেট চিপস বা মিক্সড ফ্রুট জ্যাম দিয়ে সাজিয়ে নিন।