রহীম শাহ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৮ পিএম
আঁকা : মেহেরুন্নিসা, অষ্টম শ্রেণি, রানী নীহার দেবী, সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
মনপবনের নাও ছুটে যায় নদীর বুকে
পাখপাখালি গান ধরেছে পরম সুখে
ঘাসের বনে ফড়িং দেখায় পাখার কাঁপন
প্রজাপতির রঙিন ডানা সবার আপন।
গিরগিটিটা পড়ল ঢুকে গর্ত পেয়ে
বিড়াল দেখে কুকুর হঠাৎ এলো ধেয়ে
মাছের আশায় জলে ঝাঁপায় ভোঁদড়গুলো,
ইঁদুর দেখে তেড়ে আসে একটা হুলো।
মিছিল নিয়ে পিঁপড়ে ছোটে সারি সারি
শীতের খাবার জোগাড় করে ফিরবে বাড়ি
খড়ের গাদায় করছে খেলা একশ চড়াই
বেজির সঙ্গে চলছে সাপের বাঁচার লড়াই।
এক্কাদোক্কা খেলছে খুকি উঠোন জুড়ে
তার ছোটোভাই কুল পেড়ে খায় গুলতি ছুড়ে
ওই তো আমার প্রাণের বাড়ি সুবর্ণগ্রাম
সবুজ খামে লেখা আছে আমারই নাম।

ইট-পাথরের ঘোড়া
শচীন্দ্র নাথ গাইন
ঘুরতে গিয়ে পার্কে খোকা
দেখলো চেয়ে ঘোড়া
কিন্তু ঘোড়া ঠায় দাঁড়িয়ে
পা যেন তার খোঁড়া।
ঘোড়ার পিঠে উঠিয়ে দিয়ে
দাঁড়িয়ে বাবা পাশে
খোকার কাণ্ড দেখে মা তার
খিলখিলিয়ে হাসে।
দোলে খোকা এপাশ-ওপাশ
যায় না ঘোড়া আগে
মেজাজটা তার ভীষণ চড়ে
ফুঁসতে থাকে রাগে।
মায়ের কথায় জানলো ঘোড়া
ইট-পাথরে গড়া
ইচ্ছে হলেও বললো না তাই
কোনো কথাই কড়া।