হায়াত মাহমুদ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৯ পিএম
বর্তমান ডিজিটাল যুগের আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা অনলাইনে যেসব তথ্য আদান প্রদান এবং সংরক্ষণ করি সেগুলো নিরাপদ তো? ব্যাংকিং থেকে শুরু করে জমির দলিল, ভোটিং সিস্টেম কিংবা চিকিৎসা সংক্রান্ত তথ্য, সব ক্ষেত্রেই নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা একটি বড় চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জের উত্তরে যে প্রযুক্তি খুব শক্তভাবে কাজ করছে সেটিই হচ্ছে ব্লকচেইন। অনেকে ব্লকচেইন বলতে শুধু বিটকয়েন অথবা ক্রিপ্টো কারেন্সিকে বুঝেন। কিন্তু ব্লকচেইন হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত ধারণা যেটি তথ্যের আদান-প্রদান, যাচাই, সংরক্ষণ এবং এর নিরাপত্তার পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে।
ব্লকচেইন কী
ব্লকচেইন মূলত একটি লেজার বা ডিজিটাল হিসাবের খাতা। যেখানে লেনদেন এবং তথ্য সংরক্ষিত থাকে। এই লেজার কোনো একটি একক সার্ভারে থাকে না, বরং পৃথিবীতে থাকা অসংখ্য কম্পিউটারে একই সঙ্গে সংরক্ষিত থাকে। এই ব্যবস্থাকে ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি বলা হয়।
এখানে তথ্যগুলো ব্লকের মতো করে সাজানো থাকে এবং প্রতিটি ব্লক আগের ব্লকের সঙ্গে সংযুক্ত থাকে। এ কারনেই এর নামকরণ করা হয়েছে ব্লকচেইন।
যেভাবে তৈরি হয়
যখনই আমরা কোনো ডিজিটাল লেনদেন করি তথ্যগুলো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। তারপর একটি সঠিক সংখ্যক লেনদেন একসঙ্গে একটি নতুন ব্লক তৈরি করে। এই ব্লকের মধ্যেই লেনদেনের তথ্য, ব্লক তৈরি করার সময় এবং আগের ব্লকের ক্রিপ্টোগ্রাফিক কোড থাকে। এই ক্রিপ্টোগ্রাফিক কোডগুলো ব্লকের মধ্যে সংযোগ তৈরি করে এবং পুরো ব্লকের সুরক্ষা নিশ্চিত করে।
চেইনের নিরাপত্তা স্টাকচার
প্রত্যেকটি ব্লক আগের ব্লকের ক্রিপ্টোগ্রাফিক কোড বহন করে। ফলে কেউ যদি কোনো ব্লকের ডাটার পরিবর্তন করতে চায় তাহলে সেই ব্লকের ক্রিপ্টোগ্রাফিক কোড বদলে যাবে ফলে সব ব্লকের সংযোগ ভেঙে যাবে এবং পুরো নেটওয়ার্কে সেটি ধরা পড়বে। এ কারণে ব্লকচেইনে তথ্য পরিবর্তন করা প্রায় অসম্ভব।
নির্দিষ্ট সার্ভার বিহীন কাঠামো
ডাটাবেস যেকোনো একটি সেন্ট্রাল সার্ভারের ওপর নির্ভরশীল। কিন্তু ব্লকচেইনে কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না। হাজার হাজার কম্পিউটার বা নোডে একই তথ্য সংরক্ষণ করে। ফলে কোনো একটি কম্পিটারের বা নোডের ডাটা ক্ষতিগ্রস্ত হলে পুরো সিস্টেম চালু থাকে। এই নির্দিষ্ট সার্ভার বিহীন কাঠামো ব্লকচেইনকে শক্তিশালী, নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলেছে।
কনসেনসাস মেকানিজম যেভাবে কাজ করে
ব্লকচেইনে নতুন ব্লক যুক্ত করার আগে নেটওয়ার্কের আগের অংশগ্রহণকারীদের সম্মতির প্রয়োজন হয়। এই পদ্ধতিকে বলা হয় কনসেনসাস মেকানিজম। প্রুফ অব ওয়ার্ক এবং প্রুভ অব স্টেক সবচেয়ে জনপ্রিয় কনসেনসাস মেকানিজম। প্রুফ অব ওয়ার্কে সবচেয়ে জটিল গাণিতিক সমস্যার সমাধান করে ব্লক যাচাই করা হয়। অন্যদিকে প্রুফ অব স্টেক পদ্ধতিতে নির্দিষ্ট ডিজিটাল সম্পদ ধরে রাখা অংশগ্রহণকারীরা ব্লক যাচাইয়ের সুযোগ পায়।
ক্রিপ্টোগ্রাফি ও ডাটা সুরক্ষা
ব্লকচেইনের সম্পূর্ণ নিরাপত্তার পেছনে ক্রিপ্টোগ্রাফি কাজ করে। প্রত্যেক ব্যবহারকারীর একটি করে প্রাইভেট এবং পাবলিক ‘কি’ থাকে। ব্যবহারকারী প্রাইভেট ‘কি’ দিয়ে লেনদেন অনুমোদন করতে পারে এবং পাবলিক ‘কি’ দিয়ে সেটি যাচাই করতে পারে। এই ব্যবস্থার কারণেই পরিচয় গোপন রেখে লেনদেন সম্ভব হয়।
স্বচ্ছতা এবং গোপনীয়তা
ব্লকচেইনে সব ধরনের লেনদেন নেটওয়ার্কে সেভ থাকে এবং প্রয়োজন হলেই সেটি দেখা যায়। তবে ব্যবহারকারীর পরিচয় সব সময় গোপন থাকে। কারণ সব লেনদেন মূলত একটি ডিজিটাল ইউনিক এড্রেসে ব্যবহার করে সম্পন্ন করা হয়।
স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তি
ব্লকচেইনের একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট প্রযুক্তি। দুজন ব্যবহারকারীর শর্ত যদি মিলে যায় তাহলে মানবীয় হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে লেনদেনটি সম্পন্ন হয়ে যায়। তাই ব্লকচেইনে লেনদেন দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়।
মধ্যস্ততা বিহীন লেনদেন
ব্লকচেইন লেনদেনে দুপক্ষ সরাসরি লেনদেন করতে পারে। ব্যাংক অথবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। মধ্যস্থতা বিহীন লেনদেনের ফলে আন্তর্জাতিক লেনদেনগুলোর সময় এবং খরচ দুটোই কমে এসেছে।
ব্লকচেইনের ব্যবহার
বর্তমানে ব্লকচেইন শুধু ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করা হয় না। চিকিৎসা ক্ষেত্রে রোগিদের তথ্য সংরক্ষণ, শিক্ষা ক্ষেত্রে সার্টিফিকেট যাচাই, ভোটিং সিস্টেমে স্বচ্ছতা নিশ্চিতে ব্লকচেইনের ব্যবহার বাড়ছে। অনেক দেশ সরকারি নথি এবং ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
এনার্জি খরচ-পরিবেশগত বিতর্ক
ব্লকচেইন প্রযুক্তি যত বেশি সম্ভাবনাময় এবং ঠিক ততটাই বিতর্কিত এর পাওয়ার কনজামশন। বিশেষ করে প্রুফ অব ওয়ার্ক ভিত্তিক ব্লকচেইন যাচাইয়ের সময় বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। গবেষণায় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে বিটকয়েন নেটওয়ার্কের বিদ্যুৎ ব্যবহারের বার্ষিক খরচ ছোট্ট একটি দেশের বিদ্যুৎ ব্যবহারের খরচের সমান হয়ে দাঁড়ায়।
এই কারণে পরিবেশবিদদের একটি বড় অংশ ব্লকচেইনের কার্বন ফুটপ্রিন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সমাধানের জন্যও কাজ চলছে। তবে প্রুফ অব স্টেকের মতো কম শক্তি নির্ভর প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে অনেক প্রকল্প এগোচ্ছে।
স্কেলেবিলিটি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা
ব্লকচেইনে সবচাইতে বড় সমস্যা হলো স্কেলেবিলিটি। সহজ কথায় বলতে গেলে অনেকগুলো লেনদেন একসঙ্গে সম্পন্ন করার সক্ষমতা। তবে এই প্রক্রিয়া এখনও অনেক ব্লকচেইনের সীমিত। উদাহরণ হিসেবে বলা যায় বিটকয়েন নেটওয়ার্কে প্রতি সেকেন্ডে শুধু কয়েকটি লেনদেনই সম্পন্ন করা যায়, যেখানে প্রচলিত ভিসা নেটওয়ার্ক হাজার হাজার লেনদেন সম্পন্ন করতে সক্ষম। এই সীমাবদ্ধতা দূরীকরণে লেয়ার টু সলিউশন, শাডিং এবং অব চেইন ট্রানজেকশনের মতো নতুন প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যা সমাধান হলে ব্লকচেইনের ব্যবহার অনেক গুণে বাড়বে।
আইনগত জটিলতা ও নিয়ন্ত্রক বাস্তবতা
ব্লকচেইনের এই প্রযুক্তি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়লেও আইনগত কাঠামো এখনও অনেক দেশে পরিষ্কার নয়। অনেক দেশেই এখনও ক্রিপ্টোকারেন্সি অবৈধ আবার কোনো কোনো দেশে আংশিক অনুমোদিত। এই ভিন্নতা ব্লকচেইনভিত্তিক প্রযুক্তির জন্য বড় অনিশ্চয়তা তৈরি করে। তবে বিভিন্ন দেশের সরকার এই প্রযুক্তি বোঝার চেষ্টা করছেন। ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে ব্লকচেইন ও ডিজিটাল অ্যাসেট নিয়ন্ত্রণে নীতিমালা তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতামত যদি এই নীতিমালা তৈরি হয়ে যায় তাহলে ব্লকচেইন প্রযুক্তি আরও অনেক বেশি সহজ হবে।
ইন্টারনেট ব্লকচেইন
অনেক প্রযুক্তিবিদের ধারণা ব্লক যেই ভবিষ্যতের ইন্টারনেটের মূল স্তম্ভ হয়ে উঠতে পারে। কারণ ইন্টারনেটে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু হলে ব্যবহারকারী নিজের ডাটা নিজেই নিয়ন্ত্রণ করবে, বড় প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীলতা কমবে। এই নতুন ইন্টারনেট ব্যবস্থায় স্বাভাবিক যোগাযোগ মাধ্যম, আর্থিক সেবা এবং ডিজিটাল পরিচয় সবকিছুই ব্লক চেইন ভিত্তিক হতে পারে। যদিও এটি এখনও বিকাশমান ধারণা তবে বিনিয়োগ এবং গবেষণার গতি বলছে ব্লকচেইনের ভবিষ্যৎ দীর্ঘমেয়াদি।
সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ
সব সুবিধার পাশাপাশি ব্লকচেইনে কিছু বড় ধরনের অসুবিধা রয়েছে। শক্তি খরচ, বড় আকারের ব্যবহারে জটিলতা, আন্তর্জাতিক ব্যবহারের ক্ষেত্রে আইনি জটিলতা। তবে প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে এসব সমস্যার সমাধানও তৈরি হচ্ছে।
ব্লকচেইন প্রযুক্তি শুধু একটি ডিজিটাল উদ্ভাবন নয়, এটি তথ্য লেনদেন এবং বিশ্বাসের ধারণাকে নতুনভাবে বহন করে। যেখানেই প্রচলিত ব্যবস্থায় সেন্ট্রাল সার্ভার, জালিয়াতি এবং স্বচ্ছতার অভাব ছিল, সেখানে ব্লকচেইনের সার্ভারবিহীন কাঠামো ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে একটি নিরাপদ বিকল্প তৈরি করেছে। তথ্য একবার সংরক্ষিত হয়ে গেলে এটি পরিবর্তন করা অনেক কঠিন, সিদ্ধান্ত গ্রহণ হয় সম্মিলিতভাবে এবং পুরো প্রক্রিয়া থাকে যাচাইযোগ্য। এই তিনটি বৈশিষ্ট্য ব্লকচেইনকে করেছে স্বচ্ছ ও নির্ভরযোগ্য।
যদিও পাওয়ার কনজামশন স্কেলেবিলিটি ও আইনগত কাঠামোর মতো চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, তবুও বিশ্বজুড়ে সরকার, প্রতিষ্ঠান ও গবেষকরা এসব সমস্যার সমাধানে কাজ করছেন। ব্লকচেইন শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি ডিজিটাল সমাজে বিশ্বাস, স্বচ্ছতা ও দায়বদ্ধতাকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে এনে একটি নতুন কাঠামো গড়ে তুলেছে।