প্রকৃতির খাতায় যখন শীতের শেষ পাতাটি নিঃশব্দে উল্টে যায়, তখনই বাতাসে লাগে নরম উষ্ণতার ছোঁয়া। দখিনা হাওয়ার আলত দোলায় প্রকৃতি জানান দেয় বসন্ত এসে গেছে। চারপাশ জুড়ে রঙের উচ্ছ্বাস; কৃষ্ণচূড়ার আগুনরাঙা ডাল, শিমুল আর পলাশের টুকটুকে লাল হাসিতে প্রাণ ফিরে পায় প্রকৃতি। এসবের মধ্যে বসন্ত কেবল প্রকৃতিতে নয়, আসে মানুষের মনেও, তার সাজে, কথায়, আনন্দে। ফাল্গুনের প্রথম দিন তাই বাঙালির কাছে শুধু একটি দিন নয়, এ এক অনুভূতির উৎসব, রঙে রঙে বেঁচে থাকার আহ্বান।
ফাল্গুন মাসের প্রথম দিনটি, যা ‘পহেলা ফাল্গুন’ বা ‘বসন্ত উৎসব’ নামে পরিচিত; তা কেবল প্রকৃতির রঙ বদল নয়, বরং এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক বর্ণিল উদযাপন। আর সেই ছোঁয়া সবচেয়ে বেশি দৃশ্যমান হয় আমাদের সাজপোশাকে। হলুদ, বাসন্তী আর কমলার উজ্জ্বলতায় রাজপথ হয়ে ওঠে এক জীবন্ত ক্যানভাস। বসন্তের দখিনা বাতাসের মতোই হালকা আর আরামদায়ক কাপড়ে নিজেকে রাঙিয়ে তোলার চিরায়ত এই রীতি আমাদের সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। নাগরিক যান্ত্রিকতা ভুলে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে নিজেকে নতুন করে সাজিয়ে তোলার গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন ‘ফাগুনের সাজপোশাক’
ফাগুনের রঙের প্যালেট
বসন্তের ফ্যাশনে রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকভাবে, বাসন্তী বা হলুদ রঙ ফাল্গুনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর সঙ্গে কমলা ও লাল রঙের সংমিশ্রণ চিরায়ত আবেদন ধরে রেখেছে। তবে সাম্প্রতিক বছরগুলোয় ফ্যাশনসচেতন বাঙালিরা এই চিরায়ত রঙের গণ্ডি পেরিয়ে নতুনত্বের দিকে ঝুঁকছেন। বর্তমানে ল্যাভেন্ডার, ম্যাজেন্টা, ফিরোজা, সবুজ ও গোলাপি রঙের মতো উজ্জ্বল শেডগুলো বেশি নজর কেড়েছে।
ভিন্ন ঘরানার রঙের প্যালেট নিয়ে কাজ করছেন নিশাত আনজুম। তার উদ্যোগের নাম অরাম বাংলাদেশ। ম্যাজেন্টা, হলুদ, কমলাÑ এই রঙগুলোতেই এবার বেশি কাজ করেছেন বলে জানালেন নিশাত। তিনি বলেন, ‘এবারের বসন্তে এই তিন রঙের পাশাপাশি সবুজ রঙটাকেও আমরা প্রাধান্য দিচ্ছি। সামার ফ্রেন্ডলি এই পোশাকগুলো বেশ সাড়া পাচ্ছে গ্রাহকদের মাঝে। ম্যাজেন্টা রঙে ঘারারা সালোয়ার দিয়ে যে পোশাকটা এবার আমরা লঞ্চ করেছি, সেটাও বেশ প্রশংসা পাচ্ছে এবার।’
পোশাকের ধরন
বসন্ত উৎসবে পোশাকের ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের জন্যই রয়েছে ঐতিহ্য এবং আধুনিকতার এক চমৎকার ফিউশন।
নারীদের পোশাক
নারীদের পছন্দের তালিকায় আজও শাড়ি শীর্ষে। তবে শাড়ির ধরন ও নকশায় এসেছে বৈচিত্র্য। তাঁত, জামদানি, মসলিন ও আবহাওয়ার কথা মাথায় রেখে শিফন শাড়িতে ফ্লোরাল মোটিফ বা প্রকৃতির নকশা প্রিন্টে ফ্লোরাল, টাই-ডাই, ব্লক প্রিন্ট আর হাতের এমব্রয়ডারি বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। যারা শাড়ির বাইরে ভিন্ন কিছু চান, তাদের জন্য সালোয়ার-কামিজ, কুর্তি, স্কার্ট-টপস এবং কো-অর্ড সেট ফিউশন ফ্যাশনের নতুন দিক উন্মোচন করেছে। নিশাত আনজুম জানালেন অরাম বাংলাদেশে এবার মসলিন শাড়িতে দারুণ কিছু কাজ করেছেন। যদিও সুতি ও সিল্কে তাদের সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এবারে তাদের পোশাকে যে ব্লকের কাজগুলো তারা করেছেন, সেগুলো বেশ হালকাভাবে করা। ব্লক বেশি ভারী হলে পোশাক আরামদায়ক হয় না। মসলিনের কালারফুল শাড়িতে নানা নকশার ব্লকগুলো দেখলেই মনে হচ্ছে, সত্যিই এবারের বসন্ত হতে যাচ্ছে মন ভোলানো। শাড়ির সঙ্গে সঙ্গে সালোয়ার-কামিজ, কো-অর্ড সেটের কাজও করেছেন নিশাত। বিশেষ করে অফিস গোয়িং যে নারীরা আছেন তাদের জন্য ভাইব্রেন্ট ও কালারফুল এই পোশাকগুলো বেশ আরামদায়ক হবে। এ ছাড়া অনেক ব্র্যান্ডে আড়ং কটন, মসলিন বা লিনেনের সফট ফেব্রিকে বসন্ত কালেকশন এসেছে যা হালকা, আরামদায়ক আর ট্রেন্ডি।
পুরুষদের সাজপোশাক
পুরুষদের জন্য সাদা পাঞ্জাবি চিরকালীন ফেভারিট এবারও ট্রেন্ডি, বিশেষ করে বসন্ত-রমজান-ঈদের মৌসুমে। তবে অফ-হোয়াইট, ক্রিম, বাসন্তী, প্যাস্টেল শেডের পাঞ্জাবিও এ সময় বেশ জনপ্রিয়। নকশাদার বোতাম বা হালকা এমব্রয়ডারি পাঞ্জাবিতে যোগ করে অনন্যতা। পাঞ্জাবির সঙ্গে মানানসই কটি বা জ্যাকেট যোগ করে লুকে আনা যায় আভিজাত্য। পাজামা বা চুড়িদারের সঙ্গে মানানসই স্যান্ডেল কিংবা লোফারেই সম্পূর্ণ হয় বসন্তের সাজ। এ ছাড়া ফতুয়া + পাজামা বা চুড়িদারও চলছে। ক্যাজুয়াল লুকে প্রিন্টেড শার্ট, টি-শার্ট + জিন্স অ্যাকসেসরিজে স্কার্ফ, পকেট স্কয়ার বা হালকা টুপি যোগ করে লুক কমপ্লিট।
শিশুদের ফাগুনের সাজ
উৎসব মানেই শিশুদের জন্য বাড়তি আনন্দ। বসন্ত উৎসবে ছোট ছেলেমেয়েরা যেন প্রকৃতির সঙ্গে একসঙ্গে রঙিন হয়ে ওঠে। ফুলেল সাজে সেজে, চুলে গাঁদা-গাজরা গুঁজে, হাতে-মুখে হাসি ছড়িয়ে দৌড়াদৌড়ি করে বেড়ায়। ছেলেরা পাঞ্জাবি, ফতুয়ায় দাপট দেখায়, আর মেয়েরা বাসন্তী ফ্রক বা ছোট শাড়িতে ফুলের মালা গলায় জড়িয়ে ঘুরে বেড়ায়।
অলংকার ও অ্যাকসেসরিজ
ফাগুনের সাজে অলংকারের ভূমিকা আলাদা করে বলার মতো। ফুলের গয়না-গাঁদা, শিউলি কিংবা কাগজের ফুল এই সময় সবচেয়ে বেশি জনপ্রিয়। কাঠ, মাটি বা রুপার গয়না বসন্তের সাজে যোগ করে দেশীয় ও প্রাকৃতিক আবহ। নারীদের চুড়ি, কানের দুল, নথ কিংবা পুরুষদের ব্রোচ সবই সাজকে সম্পূর্ণ করে। তবে ফাগুনের সাজে অতিরিক্ত নয়, হালকা ও পরিমিত অ্যাকসেসরিজই সবচেয়ে মানানসই।
মেকআপ ও হেয়ারস্টাইল
বসন্তের শুরুতেই গরমের আভাস পাওয়া যায়। তাই ফাগুনের সাজে আরামকে প্রাধান্য দেওয়া জরুরি। বসন্তের মেকআপ মানেই ন্যাচারাল ও ফ্রেশ লুক। হালকা গ্লোয়ি বেইজ, সফট ব্লাশ আর হালকা স্মোকি বা কালারফুল আইÑ এই ট্রেন্ডই বেশি দেখা যায়। চুল খোলা, আধা-খোলা, লুজ ওয়েভ বেশ মানানসই সাজের সঙ্গে। খোলা চুলে ফুলের সাজ ফাগুনের আবহকে আরও উজ্জ্বল করে তোলে। পুরুষদের ক্ষেত্রেও ক্লিন ও ফ্রেশ লুকই বসন্তের সঙ্গে সবচেয়ে মানানসই।
বাজেট-ফ্রেন্ডলি DIY আইডিয়া
ফাগুনের সাজ মানেই যে বড় বাজেট দরকার, তা কিন্তু নয়। সামান্য পরিকল্পনা আর সৃজনশীলতায় ঘরের পোশাক দিয়েই তৈরি করা যায় নতুন লুক। পুরনো হলুদ শাড়ি কিংবা কুর্তি রিইউজ করে ফাগুনের সাজে যোগ করা যায় ভিন্নতা। শাড়ির আঁচল কেটে স্টাইলিশ টপস বানানো কিংবা কুর্তির সঙ্গে কনট্রাস্ট ওড়না যোগ করলেই বদলে যায় পুরো লুক। পুরনো ফেব্রিকে টাই-ডাই করে তৈরি করা যায় একদম নতুন ধাঁচের টপস বা ওড়না। এসব ছোট ছোট উদ্যোগই ফাগুনের সাজকে করে তোলে আলাদা, ব্যক্তিগত আর অর্থসাশ্রয়ী। DIY সাজের ক্ষেত্রে একটু সময় আর ইচ্ছাই যথেষ্ট। ঘরের ফুল দিয়ে সহজেই বানানো যায় গাজরা কিংবা হালকা ক্লের গয়না।
খরচার কড়চা
বাজেটের মধ্যে ফাগুনের সাজপোশাক কেনাকাটা করতে চাইলে লোকাল মার্কেট এখনও সবচেয়ে ভরসার জায়গা, বিশেষ করে নিউমার্কেট, গাউছিয়া বা চকবাজার ঘুরলে খুব সাশ্রয়ী দামে ভালো অপশন পাওয়া যায়।
শাড়ি : হলুদ/বাসন্তী সুতি বা জর্জেট শাড়ি ১০০০-২৫০০ টাকার মধ্যে (ডিজিটাল প্রিন্ট বা হালকা এমব্রয়ডারিসহ)। কিছু অফারে ১১৫০-১৬৫০ টাকায় পয়লা ফাল্গুন স্পেশাল পাওয়া যাচ্ছে।
কুর্তি/থ্রিপিস/ফিউশন : সুতি বা লিনেন কুর্তি-প্লাজো সেট ৮০০-২০০০ টাকা; ফুলেল প্রিন্ট বা ব্লক প্রিন্টের ফাগুন লুক ১৫০০-৩০০০ টাকার মধ্যে।
পুরুষদের পাঞ্জাবি/ফতুয়া : হলুদ-কমলা প্রিন্টেড পাঞ্জাবি ১২০০-২৫০০ টাকা; ক্যাজুয়াল লুক আরও কমে।
শিশুদের : ফ্রক/পাঞ্জাবি সেট ৫০০-১৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
অনলাইনে ও সাশ্রয়ী কালেকশন আছে। অফার চললে ১০-২০% কমে পাওয়া যায়, হোম ডেলিভারি সুবিধা তো আছেই।
ফাগুনের সাজপোশাক কেবল একটি ফ্যাশন ট্রেন্ড নয়; এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যেরই এক রঙিন প্রতিফলন। বসন্তের এই সাজপোশাক মূলত আমাদের চিরায়ত উৎসবপ্রিয় মননকেই ধারণ করে। এখানে পোশাকের রঙ বা নকশার চেয়েও বড় হয়ে ওঠে একে অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মানসিকতা। আধুনিক ফ্যাশন ও ঐতিহ্যের মেলবন্ধনে আপনি যেভাবেই নিজেকে সাজিয়ে তুলুন না কেন, সেই সাজে যেন ফুটে ওঠে আপনার স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্বের ছাপ। স্নিগ্ধতা আর স্বকীয়তার এই সমন্বয়েই ফাগুনের সাজ হয়ে ওঠে সবচেয়ে আকর্ষণীয়। বসন্ত তাই প্রতি বছর ফিরে আসে রঙে রঙে, আনন্দে আর ভালোবাসার বার্তা নিয়ে।