গ্রিল বেইজড বারবিকিউগুলো আমাদের দেশে অনেক জনপ্রিয়। ঘরোয়া আয়োজনে কিছু বিদেশি বারবিকিউর দেশীয় স্বাদ ও পরিবেশনার রেসিপি রইল আজকের হেঁশেলে
আমেরিকান স্টাইল বিফ স্টেক
যা যা লাগবে (৪ জনের জন্য)
গরুর মাংস ১ কেজি কিউব করে কাটা, ওরচেস্টারশায়ার সস ৩ টেবিল চামচ, সয়া সস ৩ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট আধা টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুন ৩ কোয়া (মিহি করে কুচি করা), ব্রাউন সুগার ২ চা চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, কাঠি ৮-১০টি
আমেরিকান স্টাইল বিফ স্টেক
যেভাবে বানাবেন
একটি বড় বাটিতে ওরচেস্টারশায়ার সস, সয়া সস, সরিষা, লেবুর রস, রসুন কুচি, ব্রাউন সুগার, অলিভ তেল ও গোলমরিচ একসঙ্গে ভালো করে ফেটে মেরিনেটের মসলা বানিয়ে নিন। গরুর মাংসের কিউবগুলো একটি বড় জিপলক ব্যাগ বা বাটিতে নিয়ে মেরিনেড ঢেলে দিন। ভালো করে মাখিয়ে ব্যাগের বাতাস বের করে মুখ বন্ধ করুন। মাংসটিকে ফ্রিজে ৪-৫ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন। মেরিনেট করা মাংস কাঠিতে গেঁথে নিন। প্রতিটি কাঠিতে ৪-৫টি মাংসের টুকরা দিন। এরসঙ্গে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম ইত্যাদি দিতে পারেন। একটি গ্রিল প্যান বা মোটা তাওয়া খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিন। এখন কাবাব কাঠিগুলো প্যানে দিয়ে দিন। প্রতিটি দিক ৩-৪ মিনিট করে উচ্চ আঁচে সেঁকে নিন। গ্রিল করার সময় মাঝে একবার করে মেরিনেড ব্রাশ করে দিতে পারেন অতিরিক্ত গ্লেজের জন্য। সঙ্গে তেল ও স্প্রে করে দিতে পারেন হালকা করে। বেশি তাপ পেয়ে ড্রাই হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাংস গ্রিল হয়ে গেলে প্রতিটি কাঠি প্যান থেকে তুলে ৫ মিনিট ঢেকে রাখুন। এতে মাংসের রস ভেতরে ধরে থাকবে। তারপর গরম অবস্থাতেই পরিবেশন করুন।
কোরিয়ান গচুজাং গ্রিলড মুরগি
যা যা লাগবে (৪ জনের পরিবেশনের জন্য)
হাড়ছাড়া মুরগির মাংস ৫০০ গ্রাম, গুচুজাং (কোরিয়ান লাল মরিচ পেস্ট) ৩ টেবিল চামচ, গুচুগারু (কোরিয়ান মরিচ গুঁড়ো) ১ চা চামচ (না থাকলে ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো ব্যবহার করুন), ব্রাউন সুগার ২ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, তিলের তেল ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, আদাবাটা (ঐচ্ছিক) ১/২ চা চামচ,লবণ স্বাদমতো
কোরিয়ান গচুজাং গ্রিলড মুরগি
যেভাবে বানাবেন
একটি বাটিতে প্রথমে ব্রাউন সুগার সামান্য পানি দিয়ে গলিয়ে নিতে হবে। এরপর সব মসলা ও তেল ভালো করে মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। মুরগির টুকরোগুলো ওই মশলার মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে ঢেকে রাখুন। কমপক্ষে ৩০ মিনিট মেরিনেট করুন। একটি গ্রিল প্যান বা ভারী তলায় হালকা তেল ব্রাশ করে মাঝারি-উচ্চ আঁচে গরম করে মেরিনেট করা মুরগির টুকরোগুলো প্যানে দিন। প্রতি পিঠ ৪-৫ মিনিট করে গ্রিল করুন। ভেতরে পুরোপুরি সিদ্ধ হয়ে সোনালি ভাব এলে মাংস নামিয়ে নিন।
গ্রিল থেকে নামানোর পর মুরগির টুকরোগুলো ৫-৭ মিনিট ঢেকে রেখে দিন। এতে মাংসের রস ভেতরে ভালোভাবে মিশে যাবে এবং মাংস নরম থাকবে। এরপর গরম গরম পরিবেশন করুন।
লেবু-রসুনে কোরাল ফিশ
যা যা লাগবে (৩-৪ জনের জন্য)
কোরাল ফিশ ১টি মাঝারি আকারের (৭০০-৮০০ গ্রাম), লেবুর রস ৩ টেবিল চামচ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, অলিভ অয়েল ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, পাপরিকা বা লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, শুকনো ওরেগানো বা থাইম ১/২ চা চামচ, লবণ স্বাদমতো, মাখন ১ টেবিল চামচ (ঐচ্ছিক, শেষে ব্রাশ করার জন্য)
লেবু-রসুনে কোরাল ফিশ
যেভাবে বানাবেন
ধারালো ছুরি দিয়ে মাছ কেটে দুই পাশে হালকা করে চিরে নিন, যাতে মসলা ভেতরে ঢোকে। একটি বাটিতে লেবুর রস, রসুন ও আদা বাটা, অলিভ অয়েল, গোলমরিচ, পাপরিকা, ওরেগানো এবং লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে মেরিনেড তৈরি করুন।
এই মেরিনেড মাছের টুকরোর চারদিকে ও চিরের ভেতরে ভালোভাবে মেখে ৩০-৪৫ মিনিট রেখে দিন। চুলায় একটি গ্রিল প্যান মাঝারি আঁচে গরম করে সামান্য অলিভ অয়েল ব্রাশ করুন। মাছের টুকরোগুলো প্যানে দিয়ে এক পাশে ৪-৫ মিনিট গ্রিল করুন। এই সময়ে বাটার ব্রাশ করে দিলে সুন্দর ফ্লেভার আসবে। সুন্দর গ্রিলের দাগ পড়লে সাবধানে উল্টে দিন। অন্য পাশেও ৪ মিনিট গ্রিল করুন। মাছ সিদ্ধ হয়ে গেলে ওপরে অল্প মাখন ব্রাশ করে আরও ৩০ সেকেন্ড রেখে নামিয়ে নিন। নামানোর পর ২-৩ মিনিট ঢেকে রাখুন, এতে মাছের ভেতরের রস বজায় থাকবে। এরপর গরম গরম পরিবেশন করুন।
পেরি পেরি গ্রিলড চিকেন
যা যা লাগবে (৪ জনের জন্য)
মুরগির মাংস ৪ টুকরো (বড় সাইজের একটি মুরগিকে ৪ ভাগ করে নিতে হবে), অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুন ৪ কোয়া (মিহি করে কুচি করা), শুকনো লাল মরিচের গুড়ো/ফ্লেক্স ২ চা চামচ, পেরি পেরি সস ৩ টেবিল চামচ, শুকনো ওরিগানো ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
পেরি পেরি গ্রিলড চিকেন
যেভাবে বানাবেন
একটি বাটিতে সব ধরনের মসলা দিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিতে হবে। মুরগির টুকরোগুলোর হালকা চির করে সেগুলোতে মসলার পেস্ট নিয়ে টুকরোগুলোতে ভালো করে চারদিক থেকে মাখিয়ে ঢেকে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন (সময় কম থাকলে ৩০ মিনিট মেরিনেট করলেও চলবে)। চুলায় একটি গ্রিল প্যান বা তাওয়া মাঝারি-উচ্চ আঁচে গরম করে হালকা তেল স্প্রে করে দিন। এই গ্রিল প্যানগুলো এখন বেশ সহজলভ্য। প্যান ভালোভাবে গরম হলে মেরিনেট করা মুরগির টুকরোগুলো প্যানে দিয়ে দিন। এক পিঠে প্রায় ৫-৬ মিনিট করে গ্রিল করুন; মুরগি সিদ্ধ হয়ে ওপরের দিকে হালকা দাগ এলে উল্টে দিন। অন্য পিঠেও আরও ৫ মিনিট গ্রিল করুন। মাংস ভেতরে সিদ্ধ হয়ে গেলে প্যান থেকে নামিয়ে ফেলুন। মুরগি নামানোর পর ৫ মিনিট ঢেকে রাখুন যাতে রস উঠে আসতে না পারে। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার স্বাদের পেরি পেরি গ্রিলড চিকেন।