আফসানা মিমি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৫:০০ পিএম
বিয়ে শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি জীবনের দৈনন্দিন ছন্দে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। বিয়ের আগে ও পরে কয়েক সপ্তাহ ধরে অনিয়মিত খাওয়াদাওয়া, রাত জাগা, অতিরিক্ত মিষ্টি ও ভাজাপোড়া খাবার, মানসিক চাপ এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ব্যস্ততা- সব মিলিয়ে শরীর ও ত্বকের ওপর পড়ে বাড়তি চাপ। এর ফল হিসেবে অনেকেই বিয়ের পর হঠাৎ ওজন বেড়ে যাওয়া, গ্যাস ও হজমের সমস্যা, ত্বকে ব্রণ, নিস্তেজ ভাব বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন। এই অবস্থায় শরীর ও ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজন একটি সুপরিকল্পিত ডিটক্স রুটিন।
ডিটক্স মানে কী- ভুল ধারণা ভাঙা জরুরি
ডিটক্স মানেই কঠোর ডায়েট, উপবাস বা অল্প খেয়ে শরীর দুর্বল করে ফেলাÑ এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। কিন্তু প্রকৃত ডিটক্স হলো শরীরকে বিশ্রাম দেওয়া, হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করা এবং ত্বককে অতিরিক্ত রাসায়নিক চাপ থেকে মুক্ত করা। বিয়ের পর ডিটক্সের উদ্দেশ্য হওয়া উচিত ধীরে ধীরে সুস্থ অভ্যাসে ফিরে যাওয়া, কোনো রকম চরম পদ্ধতি নয়।
খাওয়াদাওয়ায় ডিটক্সের শুরুটা যেভাবে করবেন
ডিটক্স শুরু করা উচিত সকালের অভ্যাস বদলানোর মাধ্যমে। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি শরীরকে হাইড্রেট করে এবং হজমশক্তি জাগ্রত করে। চাইলে সামান্য লেবুর রস যোগ করা যেতে পারে। তবে অতিরিক্ত উপকরণ যোগ না করাই ভালো। সকালে ভারী নাশতার বদলে হালকা ও পুষ্টিকর খাবার শরীরের জন্য উপকারী।
সহজপাচ্য খাবারের গুরুত্ব
বিয়ের পর ডিটক্স রুটিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহজপাচ্য খাবার নির্বাচন। ভাজা, অতিরিক্ত মশলাযুক্ত ও তেল-চর্বিযুক্ত খাবার কিছুদিন এড়িয়ে চলাই ভালো। ভাতের পরিমাণ নিয়ন্ত্রণ করে ডাল, সিদ্ধ বা হালকা রান্না করা সবজি এবং মাছ বা ডিম রাখলে হজম সহজ হয়। রাতে দেরিতে ভারী খাবার খাওয়ার অভ্যাস বদলানো অত্যন্ত জরুরি।
চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমানো প্রয়োজন
বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মিষ্টি ও ডেজার্ট খাওয়ার ফলে শরীরে চিনি জমে যায়, যা ত্বকের ব্রণ ও নিস্তেজতার অন্যতম কারণ। ডিটক্স চলাকালে মিষ্টি, সফট ড্রিংক ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে আনলে শরীর দ্রুত সাড়া দেয় এবং ত্বকের অবস্থাও উন্নত হয়।
পানি ও তরল খাবারের ভূমিকা
ডিটক্সের ক্ষেত্রে পর্যাপ্ত পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি শরীরের ভেতরের বর্জ্য বের করে দিতে সাহায্য করে এবং ত্বক আর্দ্র রাখে। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা উচিত। পাশাপাশি ডাবের পানি, ঘোল বা হালকা ভেষজ চা শরীরের জন্য উপকারী। তবে কৃত্রিম জুস ও অতিরিক্ত চিনি দেওয়া পানীয় এড়িয়ে চলা জরুরি।
ঘুম ও বিশ্রাম ছাড়া ডিটক্স অসম্পূর্ণ
বিয়ের পর অনেকের ঘুমের রুটিন পুরোপুরি এলোমেলো হয়ে যায়। কিন্তু পর্যাপ্ত ঘুম ছাড়া শরীর নিজেকে ঠিক করতে পারে না। রাতে ৭-৮ ঘণ্টা গভীর ঘুম হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। ডিটক্স রুটিনে ঘুমকে অগ্রাধিকার দেওয়া অত্যন্ত জরুরি।
স্কিনকেয়ার ডিটক্স কেন দরকার
বিয়ের আগে ও পরে অতিরিক্ত মেকআপ, নতুন নতুন স্কিনকেয়ার প্রোডাক্ট এবং পার্লারের ট্রিটমেন্ট ত্বকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এর ফলে ত্বক সংবেদনশীল হয়ে ওঠে এবং ব্রণ বা র্যাশ দেখা দিতে পারে। স্কিন ডিটক্সের মূল উদ্দেশ্য হলো ত্বককে বিশ্রাম দেওয়া।
মিনিমাল স্কিনকেয়ারে ফিরে যাওয়ার উপকারিতা
ডিটক্স সময়কালে স্কিনকেয়ার রুটিন হওয়া উচিত খুবই সাধারণ। একটি মৃদু ক্লিনজার, হালকা ময়েশ্চারাইজার এবং দিনের বেলা সানস্ক্রিনÑ এই তিনটি ধাপই যথেষ্ট। কিছুদিন সিরাম, এক্সফোলিয়েন্ট ও শক্তিশালী অ্যাক্টিভ উপাদান বন্ধ রাখলে ত্বক নিজস্ব ভারসাম্য ফিরে পায়।
প্রাকৃতিক যত্নে ত্বকের স্বস্তি
ডিটক্স চলাকালে ঘরে বসে সহজ প্রাকৃতিক ফেস প্যাক ব্যবহার করা যেতে পারে। যেমনÑ দই ও মধু, অথবা বেসন ও গোলাপজলের মিশ্রণ। এসব উপাদান ত্বককে শান্ত রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।
মানসিক ডিটক্সের প্রয়োজনীয়তা
বিয়ের পর মানসিক চাপ, আবেগের ওঠানামা ও নতুন দায়িত্বের চাপ খুবই স্বাভাবিক। এই মানসিক চাপ শরীর ও ত্বকে সরাসরি প্রভাব ফেলে। প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় রাখা, হালকা হাঁটা, মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম ডিটক্স প্রক্রিয়াকে আরও কার্যকর করে।
ধীরে ধীরে সুস্থ রুটিনে ফেরা
ডিটক্স কোনো দ্রুত সমাধান নয়। এটি একটি ধীর ও সচেতন প্রক্রিয়া। হঠাৎ কঠোর নিয়ম চাপিয়ে দেওয়ার বদলে ধীরে ধীরে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে শরীর ও ত্বক দীর্ঘমেয়াদে উপকৃত হয়।
মডেল - ঐশী ছবি- মনজু আলম