খালেদ হোসাইন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৬ এএম
আমাদের এই দেশে
শীত পড়েছে এসে
সাদা সাদা কুয়াশাতে
যাচ্ছে সবই ভেসে।
নিশির শিশির ঘাসের ডগায়
জমে থাকে ভোরে
আর বাতাসে কুয়াশা সব
মেঘের মতো ওড়ে।
যায় না দেখা সূর্য মামার
লালচে মুখচ্ছটা
কেমন যেন শীতে জমাট
এমন আবহটা।
পুকুরে জল, যেন বরফ
পাকিয়ে ওঠে ধোঁয়া
দায় হয়ে যায় আঙুল দিয়ে
একটুকু জল ছোঁয়া।
এর মধ্যেই খেজুর রসের
হাঁড়ি আসে দাওয়ায়
তা দিয়ে হয় পিঠেপুলিÑ
আনন্দ হয় খাওয়ায়।
শুকনো পাতা, জ্বেলে জ্বেলে
আমরা আগুন পোহাই
অনেক হলো, ও শীত এবার
যাও পালিয়ে, দোহাই!