প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:২৩ পিএম
এমন যদি হত
এমন যদি হত
ইচ্ছে হলে আমি হতাম
প্রজাপতির মতো।
নানান রঙের ফুলের পরে
বসে যেতাম চুপটি করে
খেয়ালমতো নানান ফুলের
সুবাস নিতাম কত।
এমন হত যদি
পাখি হয়ে পেরিয়ে যেতাম।
কত পাহাড় নদী,
দেশ বিদেশের অবাক ছবি
এক পলকে দেখে সবই
সাতটি সাগর পাড়ি দিতাম
উড়ে নিরবধি।
এমন যদি হয়
আমায় দেখে এই পৃথিবীর
সবাই পেত ভয়
মন্দটাকে ধ্বংস করে
ভালোয় দিতাম জগৎ ভরে
খুশির জোয়ার বইয়ে দিতাম
এই দুনিয়াময়,
এমন হবে কি?
একটি লাফে হঠাৎ আমি
চাঁদে পৌঁছেছি!
গ্রহ থেকে গ্রহান্তরে
দেখে শুনে ভালো করে
লক্ষ যুগের অন্ত আদি
জানতে ছুটেছি।

জাপান ফেরত শেয়াল
শিয়ালদহের শিয়াল বাবু
পড়তে গিয়ে জাপান,
মস্ত বড় ডিগ্রি পেয়ে
আনন্দেতে লাফান ॥
শিক্ষা গ্রহণ করার শেষে
ফিরে যখন এলেন দেশে
দিনে রাতে ছত্রিশবার
করেন শুধু চা পান ॥
নিত্য নতুন পোশাক পরে
চলেন মোটরগাড়ি চড়ে
হাঁটতে গেলে অসুস্থতায়
দারুণ তিনি হাঁপান ॥
পড়তে এসে ছাত্র সবাই
অন্যদিকে মন দিলে ভাই
বিরাট সে এক হুংকারেতে
পাঠশালা ঘর কাঁপান ॥
হাটে গেলে শিয়াল বাবু
ব্যবসায়ীরা সবাই কাবু
কারণ, তিনি সকল জিনিস
ছ-বার করে মাপান ॥
অ্যালসেশিয়ান কুকুর যেদিন
ছাত্র হতে এলো, সে দিন
প্রাণ বাঁচাতে গুরু মশাই
পথ খুঁজে আর না পান ॥