মুনিরা হাসান
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:১৭ পিএম
শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকের হেঁশেলে কয়েক ধরনের পিঠা সম্পর্কে জানাচ্ছেন মুনিরা হাসান।
চিতই পিঠা
যা যা লাগবে : চালের গুঁড়ি ১ কাপ, ময়দা ১ টেবিল চামচ, সামান্য লবণ, পানি ১.৫ কাপ

যেভাবে বানাবেন : সব শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার চুলায় পিঠার ছাঁচ দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হলে চুলার আঁচ কমিয়ে ছাঁচে তেল ব্রাশ করে পিঠার ব্যাটার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। পিঠা হয়ে এলে স্প্যাচুলা খুন্তি দিয়ে উঠিয়ে সার্ভিং ডিশে তুলে নিন। মাংস বা বিভিন্ন ভর্তা দিয়ে পরিবেশন করুন।
চুইপিঠা
যা যা লাগবে : চালের গুঁড়ি ১ কাপ, পানি ২ কাপ, সামান্য লবণ, নারকেল কোরা হাফ কাপ, গুড়/চিনি পছন্দ অনুযায়ী

যেভাবে বানাবেন : কড়াইতে পানি ও লবণ দিয়ে ভালো করে গরম করে নিন। এবার চালের গুঁড়ি দিয়ে ভালোমতো নেড়ে চুলা অফ করে ঢেকে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা তুলে মথে খামি করে নিন। খামি থেকে কাই নিয়ে মোটা দড়ির মতো তৈরি করুন। এবার চালের দড়ির এক মাথায় ধরে আরেক মাথায় হাত দিয়ে ছোট ছোট চুইপিঠা কেটে নিন। সবগুলো চুইপিঠা হয়ে গেলে অন্য একটি পাত্রে দুধ জ্বাল করে নারকেল আর পিঠা একে একে ছেড়ে দিন। পিঠা ফুটে উঠলে গুড়/চিনি দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন।
গোলাপ পিঠা
যা যা লাগবে : চালের গুঁড়ি ১ কাপ, পানি ২ কাপ, লবণ সামান্য, সয়াবিন তেল ভাজার জন্য, সিরার জন্য গুড় ২ কাপ, পানি ১.৫ কাপ, এলাচ ২-৩টি

যেভাবে বানাবেন : কড়াইয়ে পানি ও লবণ দিয়ে ফুটে উঠলে গুঁড়ি দিয়ে ভালোমতো নেড়েচেড়ে আটার মতো কাই করতে হবে। কাই হয়ে গেলে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার ভালোমতো মথে নরম ডো বানিয়ে বড় করে পুরু রুটি বেলে নিন। রুটি বেলা হয়ে গেলে কুকি কাটার বা স্টিলের গ্লাস দিয়ে ছোট ছোট লুচির মতো কেটে নিন। এবার ৭/৮টি লুচি একে একে লাইন করে রেখে রোল করে মাঝ বরাবর কেটে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুল। ফুল তৈরি হয়ে গেলে ডুবো তেলে ভেজে তুলে নিন। অন্য একটি পাত্রে গুড়, পানি ও এলাচ দিয়ে সিরা তৈরি করে তাতে ভেজে রাখা গোলাপ ফুল দিয়ে কিছুক্ষণ রেখে তুলে নিন।
মুচমুচে নারকেল পুলি
যা যা লাগবে : ময়দা ২ কাপ, পানি ১ কাপের মতো, সুজি ১/৪ ভাগ, তেল ২ টেবিল চামচ, লবণ সামান্য, তেল ভাজার জন্য, নারকেল পুরের জন্য নারকেল কোরা ১ কাপ, চিনি/গুড় হাফ কাপ, এলাচ ২-১টি

যেভাবে বানাবেন
ময়দা , সুজি , তেল ও লবণ দিয়ে মেখে অল্প অল্প করে পানি দিয়ে খামি তৈরি করে ঢেকে রাখুন। এবার অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা , গুড় ও এলাচ দিয়ে পুর তৈরি করে নিন। ময়দা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে মাঝখানে নারকেলের পুর দিয়ে পিঠা তৈরি করে নিন। ডুবো তেলে পিঠা মুচমুচে করে ভেজে পরিবেশন করুন।