× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড

স্বর্ণসহ লাল-সবুজের ১১ পদক

নুসরাত জাহান

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৩:৩২ পিএম

স্বর্ণসহ লাল-সবুজের ১১ পদক

বাংলাদেশের শিক্ষার্থীরা বরাবরই আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য সাফল্য বয়ে আনে। এরই ধারাবাহিকতায় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদকসহ মোট ১১টি পদক অর্জন করেছে। স্বর্ণপদকের পাশাপাশি আছে ৬টি ব্রোঞ্জপদক ও ৪টি টেকনিক্যাল পদক।

গত ১৭-২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে চলে এই অলিম্পিয়াড। ২১ ডিসেম্বর এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। বাংলাদেশ দলের পক্ষে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। 

ব্রোঞ্জপদক পেয়েছে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র লো গ্রুপে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র হাই গ্রুপে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিদোয়ান রাব্বানী, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের খোন্দকার মুশফিকুল ইসলাম এবং স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। 

বাংলাদেশের পক্ষে টেকনিক্যাল পদক পেয়েছে ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ জারিফ বিন সালেক এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার, ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন এবং ক্রিয়েটিভ মুভি সিনিয়র গ্রুপে স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস। 

দলের সঙ্গে কোচ হিসেবে আছেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের কোচ মিশাল ইসলাম ও সহকারী কোচ এম তানজিম আল ইসলাম দিবস, দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এ এ মুনির হাসান। এ ছাড়া আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। 

উল্লেখ্য, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে এ বছর ২৯-৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব ও ১২-১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে। জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে বাংলাদেশ দল নির্বাচন করা হয়। 

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড একটি রোবটিকস মেধা অন্বেষণের প্লাটফর্ম। বাংলাদেশের প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই প্লাটফর্মে ৬৪ জেলাজুড়ে রোবটিকসের হাতেকলমে প্রশিক্ষণ, রিসোর্স তৈরি এবং রোবটিকসের বিভিন্ন প্রতিযোগিতা আয়োজিত হয়। প্রতিবছর জানুয়ারি মাস থেকে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের বিভিন্ন হাতেকলমে প্রশিক্ষণ কার্যক্রম চলতে থাকে। সচরাচর আগস্ট মাসে রেজিস্ট্রেশন শুরু হয়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে একাধিক ধাপের রোবটিক্স নিয়ে অলিম্পিয়াড আয়োজিত হয় IRO Bangladesh Open নামে। এরপর বাংলাদেশ দল নির্বাচন ও তাদের উচ্চতর প্রশিক্ষণ চলতে থাকে। ডিসেম্বর মাসে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে এই নির্বাচিত বাংলাদেশ দল অংশগ্রহণ করে।

২০১৮ সাল থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত ৮ বছরে বাংলাদেশ দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ১৫টি স্বর্ণপদকসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে। এর আগে গত ২৬-২৮ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বের স্যান্ড এক্সপোতে রোবটিকস ও প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে নয়টি দল এবারের আসরে অংশ নেয়।

দলগুলো হলো- টিম লেইজি-গো, ইকো ড্রিফট, সাইবার স্কোয়াড, টিম ইনক্রেভো, সোরাল্যাবস, ফিউশনবোটিক্স, টিম এক্স-ফ্যানাটিক, নেক্সোরা ও ডমিনাস অংশগ্রহণ করে এবারের আসরে। টিম লেজি গো ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে বিশ্বের ৬৫টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে ষষ্ঠ স্থান অর্জন করেছে। একই ক্যাটাগরিতে ২৯তম হয়েছে ইকো ড্রিফট। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে বিশ্বের ৭৩টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সোরাল্যাবস এবং ১৩তম স্থান অর্জন করেছে টিম ইনক্রেভো। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে ৬০টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে সাইবার স্কোয়াড। রোবস্পোর্টস ক্যাটাগরিতে ৫৬টি দলের মধ্যে বাংলাদেশের দল ফিউশনবোটিক্স গ্রুপ পর্বে চতুর্থ স্থান অর্জন করে। রোবমিশন ক্যাটাগরির সিনিয়র গ্রুপের ৯৮টি দলের মধ্যে টিম এক্স-ফ্যানাটিক ৭৭তম, জুনিয়র গ্রুপের ১১৩টি দলের মধ্যে নেক্সোরা ৯৯তম এবং এলিমেন্টারি গ্রুপের ৯৮টি দলের মধ্যে ডমিনাস ৯৪তম স্থান অর্জন করেছে। টিম লেইজিগো দলের সদস্যরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী ইকবাল সামিন। ইকো ড্রিফট দলের সদস্যরা হলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী নুরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সালেহ সাদিক এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাজেদুল ইসলাম।

সাইবার স্কোয়াড দলের সদস্যরা হলেন- তায়েফ মাহমুদ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা ও ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষার্থী হুমায়রা আফিয়া। টিম ইনক্রেভো দলের সদস্যরা হলেন- সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের তিন শিক্ষার্থী নাফিস ইশতিয়াক, মো. আব্দুল্লাহ আল মিজান এবং মো. সাজ্জাদ আল ফুয়াদ। একই ক্যাটাগরির আরেক দল সোরাল্যাবসের সদস্যরা হলেনÑ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুদীপ্ত মন্ডল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিব এবং হলিক্রস কলেজের শিক্ষার্থী ফাতেমা হারুন।

ফিউশনবোটিক্স দলের দুই সদস্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের শিক্ষার্থী মেহতাজ উদ্দিন আহমেদ এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মুয়াজ ইবনে বাশার। টিম এক্স-ফ্যানাটিক দলের সদস্যরা হলেনÑ মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী আমিন আনোয়ার আইমান এবং রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মুয়াম্মার দাইয়ান অরিত্র। নেক্সোরা দলের সদস্যরা হলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী আফিফা জাফরীন, ইশরাত জাহান এবং মরিয়ম হোসেন। একই ক্যাটাগরির আরেক দল ডমিনাসের সদস্যরা হলেনÑ প্লেপেন স্কুলের শিক্ষার্থী রুওয়াইজা আমিরা সুলতান এবং লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ইউসুফ আব্দুল্লাহ বিন আলম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা