১০ জন রোভার পাড়ি দিলেন ১৫০ কিমি
জাহিদ খান
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৪ পিএম
রোভার স্কাউট হলো এমন একটি সংগঠন, যেখানে সমস্ত কাজ ও শিক্ষা আনন্দের মধ্য দিয়েই দেওয়া হয়। এর মাধ্যমে একটি ছেলে বা মেয়ে দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়। রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ থেকে তিনটি রোভার দলে ১০ জন রোভার ভিন্ন রুটে হেটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেন।
প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য মোট পাঁচটি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এর মধ্যে একটি ব্যাজ হলো ‘পরিভ্রমণকারী’ ব্যাজ। এই ব্যাজ অর্জন করতে হলে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলে করে ৫০০ কিলোমিটার বা নৌকায় করে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।
৭ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ হতে একটি দল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর পর্যন্ত ও অপর দুটি দল চট্টগ্রাম কলেজ হতে কক্সবাজার উপজেলা পরিষদ পর্যন্ত পরিভ্রমণ করেন। এই পরিভ্রমণে তাদের প্রতিপাদ্য ছিল ‘হাঁটছি আমরা শৃঙ্খলা, সাহস ও মানবতার বার্তা নিয়ে’।
চট্টগ্রাম-কক্সবাজার দলে ছিলেন- জয় প্রকাশ কর্মকার, মো. মাঈন উদ্দিন ও মিজান ইবনে সামাদ দিপু। ফেনী-ঢাকা দলে ছিলেনÑ মুজাহিদ ইসলাম সৌরভ, আবদুস সামী, এহসানুল হক শিহাব ও মো. ইমরান হোসেন রাকিব। চট্টগ্রাম-কক্সবাজার দলে ছিলেন- সুলতান মাহমুদ মাহিন, আবদুর রাশিদ ও জোবাইদুর রহমান ফাহিম।
প্রথম দল চট্টগ্রাম কলেজ হতে যাত্রা শুরু করে প্রথম দিন গাছবাড়িয়া সরকারি কলেজ, দ্বিতীয় দিন লোহাগড়া উপজেলা পরিষদ, তৃতীয় দিন চকরিয়া উপজেলা পরিষদ, চতুর্থ দিন ঈদগাহ ফরিদ আহমেদ ডিগ্রি কলেজে যাত্রাবিরতি এবং রাতযাপন করে। সর্বশেষ দিন কক্সবাজার উপজেলা পরিষদে পরিভ্রমণ যাত্রা সফলভাবে সমাপ্ত করেন। যাত্রাপথে এবং যাত্রা স্টেশনগুলোতে তারা বিভিন্ন স্কাউট ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দ্বিতীয় দল প্রথম দিন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদে, দ্বিতীয় দিন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে, তৃতীয় দিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দাউদকান্দিতে, চতুর্থ দিন সোনারগাঁ উপজেলায় যাত্রাবিরতি এবং রাতযাপন করে। সর্বশেষ দিন জাতীয় স্কাউট সদর দপ্তর, ঢাকায় পরিভ্রমণ যাত্রা সফলভাবে সমাপ্ত করেন। স্কাউট সদর দপ্তরে তারা বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালক মো. আবুল খায়ের, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হকসহ বিভিন্ন স্কাউট ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তৃতীয় দল চট্টগ্রাম কলেজ হতে যাত্রা শুরু করে প্রথম দিন গাছবাড়িয়া সরকারি কলেজ, দ্বিতীয় দিন লোহাগড়া উপজেলা পরিষদে, তৃতীয় দিন চকরিয়া উপজেলা পরিষদ, চতুর্থ দিন ঈদগাহ ফরিদ আহমেদ ডিগ্রি কলেজে যাত্রাবিরতি নেয় এবং রাতযাপন করে। সর্বশেষ দিন কক্সবাজার উপজেলা পরিষদে পরিভ্রমণ যাত্রা শেষ করেন সফলভাবে। যাত্রাপথে এবং যাত্রা স্টেশনগুলোতে তারা বিভিন্ন স্কাউট ব্যক্তিত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।