প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:০৪ পিএম
বছরের শেষভাগে অনলাইন কেনাকাটা, ব্যাংকিং ও ব্যক্তিগত কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকিও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ২০২৫ সালের শেষেও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বের কোটি কোটি ব্যবহারকারীর মতো বাংলাদেশের অধিকাংশ ইন্টারনেট গ্রাহকই ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন। আর এই জনপ্রিয়তার সুযোগ নিয়েই নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধী চক্র। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা ক্রোম ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশের ক্রোম ব্যবহারকারীরা ব্রাউজারে ধীরগতি, হঠাৎ রিস্টার্ট হওয়া কিংবা অস্বাভাবিক আচরণের মুখে পড়ছেন। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) জানিয়েছে, এসব সমস্যার পেছনে রয়েছে নতুন ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা। বিশেষ করে উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারকে টার্গেট করেছে হ্যাকাররা।
নিরাপত্তা ও গবেষণা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিকভাবে সক্রিয় একাধিক সাইবার চক্র ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির লক্ষ্যে কাজ করছে। এজন্য তারা বিশেষভাবে তৈরি নকল ওয়েবপেজ ব্যবহার করছে, যা দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতো। ব্যবহারকারী এসব পেজে ঢুকলেই তার ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে পড়ছে এবং ধীরে ধীরে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে।
ইতোমধ্যে গুগল ক্রোমের কয়েকটি পুরনো সংস্করণে নিরাপত্তাজনিত দুর্বলতা শনাক্ত হয়েছে। এসব দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার চক্র ব্যক্তিগত তথ্য, লগইন ডিটেইলস এমনকি সংস্থার গুরুত্বপূর্ণ ডেটাও হাতিয়ে নিচ্ছে। উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স-তিনটি প্লাটফর্মেই ক্রোম নিয়মিত আপডেট দেওয়া হলেও অনেক ব্যবহারকারী তা সময়মতো ইনস্টল করছেন না, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
গবেষণা সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, এই ধরনের সাইবার আক্রমণ কখনও নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্য করে হতে পারে, আবার কখনও বড় কোনো প্রতিষ্ঠান বা সংস্থাও এর টার্গেট হতে পারে। নির্দিষ্ট ডেস্কটপ বা ল্যাপটপ নিয়ন্ত্রণে নেওয়া কিংবা সংবেদনশীল তথ্য চুরির উদ্দেশ্যেই এসব হামলা চালানো হচ্ছে।
নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা নিয়মিত ক্রোম ব্রাউজার আপডেট করার ওপর জোর দিয়েছেন। সর্বশেষ সংস্করণে আপডেট করা থাকলে অনেকাংশেই এই ঝুঁকি এড়ানো সম্ভব।
যেভাবে ক্রোম আপডেট করবেন
প্রথমে গুগল ক্রোম খুলে ওপরে ডান পাশের তিন ডট মেন্যুতে ক্লিক করতে হবে। এরপর ‘হেল্প’ অপশন থেকে ‘অ্যাবাউট ক্রোম’-এ গেলে ব্রাউজার নিজে থেকেই জানিয়ে দেবে আপনার ব্যবহৃত সংস্করণটি আপডেট আছে কি না। প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণ ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে।
অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সতর্ক হওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।