সানজিদা বিনতে হাফিজ
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩২ পিএম
শীতে বাজারে নানা সবজি পাওয়া যায়। এসব সবজি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার মুচমুচে পাকোড়া।
মিক্সড ভেজিটেবল পাকোড়া
যা যা লাগবে
আলু ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, গাজর ১ কাপ, পেঁয়াজ কলি ১ কাপ, মরিচ কুঁচি ৭-৮টি, গোলমরিচগুঁড়া ১/২ চা-চামচ, ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
গাজর কুঁচি, আলু কুঁচি, বাঁধাকপি কুঁচি, পেঁয়াজ কলি, পেঁয়াজ, মরিচ, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা ও লবণ দিয়ে মেখে নিতে হবে। এরপর ছোট ছোট পাকোড়া আকৃতি দিয়ে ডুবো তেলে ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। পছন্দের সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু সবজি পাকোড়া।
শিম-আলুর পাকোড়া
যা যা লাগবে
আলু বড় ২টা, শিম ১৪-১৫টা, মরিচগুঁড়া ১/২ চা-চামচ, হলুদ ১/২ চা-চামচ, জিরা ১/২ চা-চামচ, পাঁচফোড়নগুঁড়া ১/২ চা-চামচ, পেঁয়াজ কুঁচি ৩টি, কাঁচা মরিচ কুঁচি ৩-৪টি, লবণ ১/২ চা-চামচ, টেস্টিং সল্ট ১/২ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১/৩ চা-চামচ, বিট লবণ ১/৩ চা-চামচ, আটা-ময়দা ৩ টেবিল চামচ, তেল ভাজার জন্য।

যেভাবে বানাবেন
আলু ও শিম ভালোভাবে ধুয়ে কুঁচি করে নিতে হবে। এবার তার সঙ্গে সব উপকরণ মাখিয়ে নিতে হবে। এরপর চুলার আঁচে কড়াই দিয়ে তাতে তেল গরম করে মাখানো গোলা থেকে পাকোড়ার আকৃতিতে ডুবো তেলে দিতে হবে। অল্প আঁচে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। অতিরিক্ত তেল ঝরানোর জন্য কিচেন টিস্যুর ওপরে পাকোড়া রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন সুস্বাদু শিম-আলুর পাকোড়া।
