সালতামামি ২০২৫
গোলাম কিবরিয়া
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৩২ পিএম
কালের আবর্তে চলে যাচ্ছে আরও একটি বছর। নতুন বছরে পা রাখছে পৃথিবী। ২০২৫ সাল দেশের তরুণদের জন্য ছিল বেশকিছু অর্জন ও সাফল্যের। বছরজুড়ে তারুণ্যের এগিয়ে যাওয়ার উল্লেখযোগ্য গল্প তুলে ধরেছেন গোলাম কিবরিয়া
স্বর্ণজয়ী দুই রোবো-কন্যার উপাখ্যান
দক্ষিণ কোরিয়ার বুসানে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৬তম আসরে চমক দেখাল বাংলাদেশের দুই কন্যা। এ বছর বাংলাদেশ থেকে মোট ১০ সদস্যের দল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয়। এদের মধ্যে ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম এবং ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী নামিয়া রওজাত নুবালা। স্বর্ণজয়ী নুবালা আবার ফিজিক্যাল কম্পিউটিংয়ে বড়দের সিরিয়াসলি ক্লুলেস দলের সদস্য হিসেবে ব্রোঞ্জ এবং ছোটদের গ্রুপে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আনাড়ি দলের হয়ে আরিয়েত্তি জিতেছেন আরেকটি রৌপ্যপদক। ১০ জনের মধ্যে ৮ জনই পেয়েছেন পদক।
এআই হ্যাকাথন : চ্যাম্পিয়ন টিম পরিধি
চ্যাটজিপিটি থেকে ডিপসিক- এ নিয়ে যখন সারা দুনিয়ায় শোরগোল তখন রাজধানীর বনানীতে অনুষ্ঠিত হয় এআই হ্যাকাথন। ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন হোস্টিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে ডিবাগিং করতে সক্ষম অনন্য eBPF এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এজেন্টিক সিস্টেম তৈরি করে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে টিম পরিধি।
ডুবোযান নিয়ে সিঙ্গাপুর
অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল (AUV) প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ বাড়ছে, আর সে আগ্রহের ঢেউ লেগেছে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের মাঝেও। এ বছর ‘সিঙ্গাপুর অটোমেটেড আন্ডারওয়াটার ভেহিকেল চ্যালেঞ্জ (SAUVC) ২০২৫’-এ জায়গা করে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) দুটি উদ্যমী দল ‘সাস্ট অনুসন্ধান’ ও ‘আইইউবি বঙ্গমেরিন’। দুটি দলই বাংলাদেশের প্রযুক্তি উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বুয়েট ব্ল্যাক পার্লের বিশ্বজয়
প্রকৌশলে বিশ্ব জয় করলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্ল্যাক পার্ল। বিশ্বমঞ্চে এঁকে দিলেন নাইজা স্পিরিট। অর্জন করলেন বিশ্বচ্যাম্পিয়ন খেতাব। উন্নয়নশীল দেশগুলোকে উদ্দেশ করে ফেরি দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ ফেরি ডিজাইনের পাশাপাশি পরিবেশদূষণ কমানোর লক্ষ্যে ডব্লিউএফএসএ প্রতিবছর একটি আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে। আসরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. জোবায়ের ইবনে আওয়ালের তত্ত্বাবধানে নৌপরিবহনে উদ্ভাবনী প্রযুক্তির পরিবেশবান্ধব, টেকসই ও নিরাপদ একটি নকশা উপহার দেন বুয়েটের সাত দামাল প্রকৌশলী। রাইনোসার্স থ্রিডিতে নাইজার স্পিরিট নামে এ ফেরির নকশাটি মাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউএফএসএর দ্বাদশ মঞ্চ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় টিম ব্ল্যাক পার্ল ৫ হাজার ডলার পুরস্কার পায়।
অভ্রর চার নির্মাতার একুশে পদক গ্রহণ
বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক গ্রহণ করেছেন অভ্র কি-বোর্ডের চার নির্মাতা। তারা হলেনÑ মেহদী হাসান খান, রিফাত নবী, মো. তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। ২০ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। ২০০৩ সালে চালু হওয়া অভ্র কি-বোর্ড বাংলা টাইপিংয়ে যুগান্তকারী পরিবর্তন আনে। ধ্বনিগত টাইপিং পদ্ধতির মাধ্যমে এটি ব্যবহারকারীদের জটিল কি-বোর্ড লেআউট ছাড়াই বাংলা লেখার সুযোগ দেয়, যা দ্রুত জনপ্রিয়তা লাভ করে। চলতি বছরে এই ক্যাটাগরিতে একুশে পদকের জন্য প্রথমে শুধু মেহদী হাসান খানকে মনোনীত করা হয়েছিল, যাকে অভ্র কি-বোর্ড তৈরির কারিগর বলা হয়। পরে মেহদী হাসানের অনুরোধে অভ্র তৈরিতে তার সঙ্গে বাকি তিনজনকেও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৮ মে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব ‘MIE ROBOLUTION 1.0’ আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়টির মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ৮ মে থেকে ১০ মে তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এই উৎসবে ৪১টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশগ্রহণ করেছে সাত শতাধিক শিক্ষার্থী। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল টেকাথন যেটি দেশের প্রথম সরাসরি যন্ত্র এবং সফটওয়্যারের সমন্বিত হ্যাকাথন। এ ছাড়াও আয়োজিত হয় ক্যাড প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, প্রজেক্ট শোকেজ ও দাবা প্রতিযোগিতাও। উৎসবে CAD প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে টিম ফেনল। দ্বিতীয় স্থান অর্জন করে টিম কুর্ভা প্যারাবলিকা মনজা। উৎসবের বিশেষ অংশ ‘টেকাথন’-এ প্রথম স্থান লাভ করে টিম আলফা, দ্বিতীয় স্থান অধিকার করে IUT_guys এবং ETE Brothers একটি সম্মানসূচক পুরস্কারে ভূষিত হয়।
শহরের সমস্যা সমাধান করে পুরস্কার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল ‘নিউরাল নিনজাস’ তৈরি করেছে এক বিশেষ প্রকল্প, নাম ‘আর্বানোভা’। এই প্রকল্পের সুবাদে ‘আন্তর্জাতিক ডাটা সায়েন্স অলিম্পিয়াড-২০২৫’-এ তারা পেয়েছে ব্রোঞ্জপদক। নিউরাল নিনজাস দলে দলনেতা অপূর্ব কুমার ছাড়াও ছিলেন দীপংকর মিত্র ও আবরার ফাইয়াজ। তবে ডকুমেন্টেশন ও রিসার্চের কাজে সাহায্য করেছেন বাংলাদেশি তিন শিক্ষার্থী— নির্ঝর সরকার, মোহাম্মদ আলী ও রাজেশ আহমেদ।
মারজানা পেয়েছেন জাতিসংঘের পুরস্কার
গবেষণায় জাতিসংঘের পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক মারজানা আক্তার। জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইয়াং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ ২০২৫’ প্রোগ্রামে স্থান পেয়েছেন বাংলাদেশি তরুণ এই গবেষক। বিশ্বের ১৯৩টি দেশের মধ্য থেকে মাত্র ১০ জন গবেষক নির্বাচিত হয়েছেন এই ফেলোশিপে- তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি মারজানা। এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের নারী বিজ্ঞানীদের সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। তার এই অর্জনের গল্প এককথায় নারীদের অনুপ্রেরণার প্রতীক। জীবনের চরম প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে এগিয়ে যাওয়া এই নারী এখন বিশ্বজুড়ে বাংলাদেশের গর্ব।
অন্য এক ঢাকার নকশা করে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বুয়েটের রিদওয়ান
স্নাতক শেষ বর্ষে রিদওয়ানের থিসিস প্রকল্পের নাম ছিল ‘আরবান টিউন-আপ’। সেটিই এ বছর পেয়েছে ‘গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস ২০২৫’–এর ‘গ্লোবাল উইনার’ স্বীকৃতি। গ্লোবাল আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস (জিইউএ) স্নাতক পর্যায়ের সম্মানজনক পুরস্কার। প্রতিবছর ২৫টি আলাদা বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। পৃষ্ঠপোষকতা করেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিনস। এ বছর পৃথিবীর খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো থেকে জমা পড়া প্রায় ২ হাজার ৪০০ থিসিস থেকে বাছাই করা হয় বিজয়ী।
চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫-এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়ে চলেছে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চেক প্রজাতন্ত্রে উদ্ভাবনী প্রকল্প ‘নির্ভয়া’
চেক প্রজাতন্ত্রে আয়োজিত ফিউচার পোর্ট ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী প্রকল্প ‘নির্ভয়া’। ১৩ নভেম্বর প্রাগের এক অনুষ্ঠানে নির্ভয়া প্রকল্পের দুই সদস্য মারজানা মারিয়া ও শহিদুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে এক হাজার ইউরো তুলে দেন আয়োজকেরা। প্রতিযোগিতায় এ বছর বিভিন্ন দেশ থেকে ২২০টির বেশি আবেদন জমা পড়েছিল। মূল প্রতিযোগিতায় প্রথম হয়েছে গ্রিস, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় যুক্তরাষ্ট্র।
ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ
যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রাকিন আহমেদ ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস ২০২৬-এর তালিকায় স্থান পেয়েছেন। ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি বের করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল তৈরির জন্য গবেষণা চালাচ্ছেন তিনি। ২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন রাকিন। বর্তমানে তিনি ডার্টমাউথে শেষবর্ষে পড়াশোনা করছেন। ‘পি-২-পি’ নামে বিশেষ ধরনের এমডি-পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী তিনি। হার্ভার্ড, এমআইটি ও ডার্টমাউথÑ তিন শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে যুক্ত করে এই বিশেষ ধরনের শিক্ষা কাঠামো কেবলমাত্র রাকিন আহমেদের জন্য তৈরি করা হয়েছে।
‘ক্যানসার চিকিৎসায় এআই মডেল তৈরি’ শিরোনামে তার গবেষণায় একই সঙ্গে কম্পিউটার বিজ্ঞান, জৈব পদার্থবিদ্যা, প্রকৌশল ও চিকিৎসাবিদ্যাকে যুক্ত করা হয়েছে। তার একাধিক প্রকাশনা জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাইন্ড, ব্রেন, বিহেভিয়ার (এমবিবি) পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মান অর্জন করেছেন বাংলাদেশি এই তরুণ।
ফোর্বস ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় ৩০ বছরের কম বয়সি ৬০০ তরুণ উদ্যোক্তা, নেতা ও পরিবর্তনকারীদের সম্মানিত করা হয়। বিশ্বজুড়ে প্রায় ২০ হাজার মনোনয়ন থেকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে ৬০০ জনকে বেছে নেওয়া হয়।