দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে অনুষঙ্গটি আমাদের ফ্যাশনেরও অংশ হয়ে উঠেছে তা হলো ব্যাগ। নানা ধরনের ম্যাটেরিয়াল ও স্টাইলের ব্যাগ আমরা নিয়মিত ব্যবহার করি। সঙ্গে ব্যাগ আমাদের একটি শখের জিনিসও বটে। ব্যাগের সঠিক যত্ন না নিলে খুব বেশি দিন ব্যবহার করা যায় না। দেখা যায় সঠিক যত্নের অভাবে অল্প দিনেই খুব শখের, দামি ব্যাগটি নষ্ট হয়ে গেছে। চলুন আজকে তবে একটু জেনে নিই কোন ব্যাগের কেমনভাবে যত্ন নিতে হবে।
ব্যাগের ম্যাটেরিয়াল কী কী
ব্যাগের সঠিক যত্ন নিতে আপনাকে আগে জানতে হবে সাধারণত ব্যাগ কী কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে। এর মধ্যে রয়েছেÑ চামড়া, সোয়েড ও নুবাক (ম্যাট ফিনিসড ও ভেলভেট টাইপের চামড়া), ক্যানভাস, নাইলন, পলিয়েস্টার ও সিন্থেটিক ফাইবার, জুট, পিইউ বা ফক্স লেদার (কৃত্রিম চামড়া)
কেমন ব্যাগের কেমন যত্ন
ব্যাগের ম্যাটেরিয়াল বুঝতে পারলে কেমন ব্যাগের কীভাবে যত্ন নিতে হবে, তা বোঝাটা আরও সহজ হয়ে যায়। কোন ব্যাগের কেমন যত্ন নেবেন, সে সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে নেওয়া যাক-
চামড়ার ব্যাগ

আসল চামড়ার ব্যাগ যেমন দামি তেমনই সংবেদনশীল। এটিকে ভালোভাবে যত্ন না নিতে পারলে খুব দ্রুতই টেম্পার নষ্ট হয়ে যায়, ফেটে যায়, ফাঙ্গাস ধরে, টেক্সচার নষ্ট হয়ে যায়। তাই এটিকে খুব সাবধানে ব্যবহার করতে হয় এবং যত্ন নিতে হয় নিয়মিত।
- চামড়ার ব্যাগের ধুলো নিয়মিত নরম, শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। দাগ পড়লে হালকা মাইল্ড সাবান বা লেদার ক্লিনার ব্যবহার করে আলত করে পরিষ্কার করা যায়। এগুলোয় কখনোই শক্ত ব্রাশ বা অ্যালকোহলযুক্ত কেমিক্যাল ব্যবহার করা উচিত নয়।
- চামড়া পানি শোষণ করে। তাই ভিজে গেলে সরাসরি রোদে না রেখে ছায়ায় শুকাতে হবে। রোদে রাখলে চামড়া ফেটে যেতে পারে বা রঙ ফেড হয়ে যায়।
- চামড়ার ব্যাগ স্যাঁতসেঁতে জায়গায় রাখলে দ্রুত ফাঙ্গাস ধরে যায়। তাই বাতাস প্রবেশ করে নাÑ এমন জায়গায় ব্যাগ রাখা যাবে না। মাঝেমধ্যে আলমারি বা বদ্ধ জায়গা থেকে বের করে বাতাসে রাখতে হবে।
- যখন ব্যবহার না করা হয়, তখন এর ভেতরে কাগজ বা বাবল র্যাপ ভেতরে ভরে রাখলে এর সাইজ ও আকার ঠিক থাকবে। এগুলোর সঙ্গে সিলিকা রাখা গেলে ফাঙ্গাস, মোল্ড ইত্যাদির হাত থেকেও ব্যাগ সুরক্ষিত থাকবে।
- চামড়ার ব্যাগ কাপড়ের ব্যাগে ভরে রাখলে সবচেয়ে ভালো থাকে।
সোয়েড ও নুবাক ব্যাগ
- সোয়েড ও নুবাক ম্যাটেরিয়ালে তৈরি ব্যাগ দেখতে যেমন সুন্দর, তেমনি এটি চামড়ার চেয়েও বেশি সেনসিটিভ হয়ে থাকে। তাই এটি ব্যবহারের ব্যাপারে আরও বেশি সাবধান থাকতে হয়।
- পানি হলো সোয়েড ও নুবাকের বড় শত্রু। এসব ম্যাটেরিয়ালে পানি পড়লে সাধারণত দাগ হয়ে যায়। তাই কোনোভাবেই পানির সংস্পর্শে আনা যাবে না। ময়লা পরিষ্কারের জন্য নরম সুতির কাপড় বা সোয়েড ব্রাশ দিয়ে আলত করে ঝেড়ে ফেলতে হবে।
- স্যাঁতসেঁতে জায়গায় রাখলে সোয়েড ব্যাগে ছত্রাক ধরতে পারে। প্রয়োজনে সোয়েড প্রোটেকটিভ স্প্রে ব্যবহার করা যেতে পারে।
- বর্ষাকালে বা ভেজা পরিবেশে এই ব্যাগ ব্যবহার না করাই ভালো।
ক্যানভাস ব্যাগ
বর্তমানে তুমুল জনপ্রিয় ক্যানভাস ব্যাগ। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী, টোট থেকে শুরু করে ব্যাকপ্যাকÑ ক্যানভাসের সব ব্যাগ সমান প্রিয় সবার। ক্যানভাসের ব্যাগের যত্ন নেওয়াটা তুলনামূলকভাবে সোজা, তাই এটি ব্যবহার করেও বেশ আরাম।
- ক্যানভাস ব্যাগ হালকা গরম পানি ও মাইল্ড সাবান দিয়ে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করা যায়। ক্যানভাস ব্যাগ হাতে ধোয়াই ভালো।
- ধোয়ার পর ব্যাগ ভালো করে চেপে পানি ঝরিয়ে ছায়ায় শুকাতে হবে। সরাসরি রোদে দিলে কাপড় শক্ত হয়ে যেতে পারে।
- ব্যাগের ভেতরে জিনিস নেওয়ার জন্য আলাদা পাউচ ব্যবহার করলে ময়লা কম জমে এবং ব্যাগ দীর্ঘদিন ভালো থাকে।
নাইলন ব্যাগ
নাইলনের ব্যাগ সাধারণত হালকা এবং ওয়াটারপ্রুফ হওয়ায় এর জনপ্রিয়তা বেশি।
- নাইলনের ব্যাগ পরিষ্কারের ঝামেলা বেশ কম। নরমাল সাবান ও পান দিয়ে সহজেই পরিষ্কার করে ফেলা যায়।
পলিয়েস্টার ও সিন্থেটিক ব্যাগ
দামে কম হলেও এসব ব্যাগ বেশ টেকসই বলে দৈনন্দিন ব্যবহারে এর চাহিদা ব্যাপক।
- মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেওয়া যায়। বেশি ঘষাঘষি করলে রঙ ফেড হতে পারে, তাই আলতভাবে পরিষ্কার করতে হবে।
- বেশি ভারী জিনিস নিকে সেলাইয়ের অংশে চাপ পড়ে। এদিকে একটু খেয়াল রাখতে হবে।
জুট ব্যাগ
জুট ব্যাগ বেশ ইকোফ্রেন্ডলি হলেও পানি লাগলে দ্রুত নষ্ট হয়ে যায়।
- শুকনো ব্রাশ বা কাপড় দিয়ে ধুলো ঝেড়ে ফেলাই ভালো। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করা যায়, তবে দ্রুত শুকিয়ে ফেলতে হবে।
- আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে। বেশি সময় ভেজা থাকলে দুর্গন্ধ হতে পারে, ভেজা অংশটি পচে যেতে পারে বা ফাঙ্গাস ধরতে পারে।
পিইউ বা ফক্স লেদার ব্যাগ
এই ম্যাটেরিয়ালটি দেখতে চামড়ার মতো হলেও কৃত্রিম চামড়া, তাই যত্ন তুলনামূলকভাবে সহজ।
- মাইল্ড সাবান ও ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়।
- অতিরিক্ত রোদে রাখলে ফক্স লেদার ফেটে যেতে পারে, তাই ছায়ায় রাখা ভালো।
সব ধরনের ব্যাগের জন্য সাধারণ যত্নের টিপস
- নিয়মিত ব্যাগ খালি করে পরিষ্কার রাখুন।
- ব্যাগ অনেক দিন খালি রাখার প্রয়োজন হলে এর মাঝে কাগজ/বাবল র্যাপ ইত্যাদি ভরে রাখুন, তাহলে আকার-আকৃতি ঠিক থাকবে।
- খাবার বা তরল জিনিস সরাসরি ব্যাগে রাখবেন না।
- ব্যাগ সংরক্ষণের সময় ডাস্ট ব্যাগ ব্যবহার করুন।
- অতিরিক্ত ভারী জিনিস নেওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন।
- ব্যাগের মাঝে ফাঙ্গাস এড়াতে সিলিকা জেল রাখুন।