× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইড্রেটিং হেয়ার মাস্ক

আফসানা মিমি

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:১৫ পিএম

হাইড্রেটিং হেয়ার মাস্ক

শীতের হাওয়া যতই আরামের হোক না কেন, চুলের শুষ্কতা বেড়ে গেলে মন খারাপ বাড়তেই থাকে। শুধু শীত নয়, অন্যান্য ঋতুতেও রোদ, ধুলাবালি, দূষণ, ক্লোরিনযুক্ত পানি ও নিয়মিত হেয়ার স্টাইলিংয়ের কারণে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ফলে চুল হয়ে ওঠে রুক্ষ, জট বাঁধে, ফ্রিজি ও ভঙ্গুর হয়ে যায়। এ সময় চুলকে সজীব রাখতে সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে হাইড্রেটিং হেয়ার মাস্ক।

অনেকেই মনে করেন চুলের আর্দ্রতা ধরে রাখার জন্য কন্ডিশনার ব্যবহার করলেই যথেষ্ট। কিন্তু কন্ডিশনার চুলের বাইরের স্তরে সাময়িক মসৃণতা দিলেও গভীরভাবে চুলের শুষ্কতা দূর করতে পারে না। অন্যদিকে হাইড্রেটিং হেয়ার মাস্ক চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি জোগায়, আর্দ্রতা ধরে রাখে এবং ভেতর থেকে চুলে পুষ্টি জোগায়। ফলে চুল হয় আরও নরম, ঝলমলে এবং সহজে স্টাইল করা যায়। 

হাইড্রেটিং হেয়ার মাস্ক কেন প্রয়োজন 

বাংলাদেশের আবহাওয়া শুষ্ক, আর্দ্র ও গরম- এই তিন পরিবর্তনের মধ্য দিয়ে বছরজুড়ে ঘোরাফেরা করে। এর সঙ্গে যোগ হয় শহরের বাড়তি দূষণ, টিউবওয়েলের কঠিন পানি এবং অতিরিক্ত তেল বা শ্যাম্পু ব্যবহারের ভুল অভ্যাস। ফলে চুলের কিউটিকল স্তর দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এবং সহজেই আর্দ্রতা হারায়। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে কমপক্ষে ১/২ বার হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করলে বেশ কয়েকটি উপকার মিলবে। এর মধ্যে রয়েছেÑ 

  •  শুষ্কতা ও রুক্ষভাব কমে যাওয়া
  •  চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে
  •  চুলের ভঙ্গুরতা ও চুল ফাটা কমে
  •  রঙ করা চুলের ক্ষতি কম হয়
  •  স্ক্যাল্পে আর্দ্রতা বজায় থাকে
  •  চুলের বৃদ্ধি স্বাভাবিক থাকে

চুলের আর্দ্রতা বজায় রাখতে শুধু বাহ্যিক যত্ন নয়, ভেতর থেকেও পানিশূন্যতা দূর করা জরুরি। তাই পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্য এবং সময়মতো ট্রিম করাও সমান গুরুত্বপূর্ণ।

ঘরেই বানান হাইড্রেটিং মাস্ক

দই, মধু ও ভিনেগারের মাস্ক 

১ কাপ দই, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে মাস্ক তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ম্যাসাজ করুন এই মাস্ক। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ডিম, দুধ ও অলিভ অয়েলের মাস্ক 

১/২টি ডিমের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস, ১/২ কাপ দুধ, ২ টেবিল চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। যদি তৈলাক্ত চুল হয় তাহলে শুধু ডিমের সাদা অংশ নিন, শুষ্ক চুল হলে শুধু কুসুম, স্বাভাবিক হলে পুরো ডিমের সঙ্গে বাকি উপকরণ মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্পে ম্যাসাজ করুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে চুল ধুয়ে ফেলুন।

কলা, নারিকেল তেল, মধু ও অলিভ অয়েলের মাস্ক 

১/২টি পাকা কলা, ১ চা চামচ নারিকেল তেল, ১ চা চামচ মধু ও ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে মাস্ক তৈরি করুন। পুরো চুলে এই মাস্ক লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এবার পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। 

কলা ও দইয়ের মাস্ক 

একটি পাত্রে কলা ম্যাশ করুন। ম্যাশ করা কলা দইয়ের সঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর চুলে ভালোভাবে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

ডিম ও দইয়ের মাস্ক 

একটি পাত্রে ডিম ফেটে নিন। এর পর দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চুলে ভালোভাবে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা