প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯ পিএম
রিয়েলমি সি৮৫
স্মার্টফোন বাজারে ব্যাটারি, পারফরম্যান্স ও টেকসই নির্মাণ এই তিনটি দিককে একসঙ্গে গুরুত্ব দিয়ে নতুন মডেল উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। সি৮৫ প্রোর পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে এসেছে রিয়েলমি সি৮৫, যা মধ্যম বাজেটের ক্রেতাদের জন্য শক্তিশালী ব্যাটারি, আধুনিক ডিসপ্লে এবং উন্নত ডিউরেবিলিটির সমন্বয় তুলে ধরছে। আকর্ষণীয় ডিজাইন ও প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ফোনটি ইতোমধ্যেই ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
রিয়েলমি সি৮৫ বাংলাদেশে পাওয়া যাচ্ছে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৯৯ টাকা, আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা। ফোনটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লুÑ এই দুটি স্টাইলিশ রঙে বাজারে এসেছে, যা তরুণ ব্যবহারকারীদের রুচির কথা মাথায় রেখে তৈরি।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর বিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার আলট্রা ব্যাটারি। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করার সুযোগ থাকায় যাদের ফোনে বেশি সময় থাকতে হয়, তাদের জন্য এটি বড় সুবিধা। শুধু তাই নয়, প্রো ভ্যারিয়েন্টের মতোই রিয়েলমি সি৮৫-এ রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যা অল্প সময়ে ব্যাটারি পূর্ণ করতে সহায়তা করে। দৈনন্দিন ব্যস্ত জীবনে দ্রুত চার্জিংয়ের এই সুবিধা ব্যবহারকারীদের বাড়তি স্বস্তি দেবে।
আরও একটি উল্লেখযোগ্য ফিচার হলো ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা। এর মাধ্যমে প্রয়োজন হলে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে, যা ফোনটিকে কার্যত একটি ‘পাওয়ার কম্প্যানিয়ন’-এ পরিণত করেছে। ভ্রমণ কিংবা জরুরি মুহূর্তে এই ফিচার বিশেষভাবে কাজে আসবে।
ডিউরেবিলিটির দিক থেকেও রিয়েলমি সি৮৫ নিয়ে জোরালো দাবি করেছে প্রতিষ্ঠানটি। রিয়েলমির ভাষ্য অনুযায়ী, তাদের সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজির কারণে ফোনটি টানা ৬০ দিন পর্যন্ত পানির নিচে থাকার পরও কার্যক্ষম থাকতে পারে। এই সক্ষমতার জন্য রিয়েলমি সি৮৫-কে সেগমেন্টের ‘আল্টিমেট ডিউরেবিলিটি কিং’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
ডিসপ্লের ক্ষেত্রেও ফোনটি পিছিয়ে নেই। এতে রয়েছে ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১,২০০ নিট পিক ব্রাইটনেস, যা উজ্জ্বল আলোতেও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করে। ক্যামেরা বিভাগে ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা দৈনন্দিন ফটোগ্রাফির জন্য যথেষ্ট সক্ষম।
সব মিলিয়ে, শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং, টেকসই নির্মাণ ও আধুনিক ডিসপ্লের সমন্বয়ে রিয়েলমি সি৮৫ বাজেট সেগমেন্টে একটি ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় স্মার্টফোন হিসেবেই বিবেচিত হচ্ছে।