অনিক শুভ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫ পিএম
ফলনগর গ্রামের পিয়াল। সে খুব মিষ্টি খেতে পছন্দ করত। ললিপপ, চিপস আর চকলেট যা দেখত সবই খেতে চাইত। তাই কেউ বেড়াতে এলে ওর জন্য এসবই নিয়ে আসত। মা সব সময় বলতেন, ‘পিয়াল, এগুলো বেশি খেলে তোমার দাঁত নষ্ট হবে আর শরীরও দুর্বল হয়ে যাবে।’ কিন্তু পিয়াল মায়ের কথায় একদম কান দিত না।
একদিন পিয়ালের মা বাজার থেকে কিছু টাটকা ফল আনলেন। আপেল, কলা, কমলা আর স্ট্রবেরি। তিনি বললেন, ‘পিয়াল, এগুলো খাও, এই ফলগুলো অনেক মজা আর সুস্বাদু।’ পিয়াল তখন গাল পুরে চিপস খাচ্ছিল। তাই সে বলল, ‘না মা, চিপস অনেক মজা। আমি ফল খাব না।’ মা হেসে বললেন, ‘চলো, তুমি আর আমি একসাথে ফল খাই।’ কিন্তু সে কিছুতেই খেতে চাচ্ছিল না। ঠিক সেসময় তার প্রিয় খেলনা রোবট টম আচমকাই বলল, ‘পিয়াল, তুমি কি চিপস খেতে ভালোবাসো, নাকি ফল খেতে?’
রোবটকে কথা বলতে দেখে সে অবাক হয়ে গেল! রোবটের দিকে তাকিয়ে বলল, ‘তুমি তো খেলনা! খেলনা কী করে কথা বলতে পারে?’ রোবট হেসে বলল, ‘খেলনা হলেও আমি সব দেখতে পাই। আমি দেখছি, তুমি চিপস খেতে ভালোবাসো। কিন্তু তুমি যদি প্রতিদিন ফল খাও, আমি তোমাকে অনেক সুন্দর, মজার মজার জাদু দেখাব।’
পিয়াল অবাক হয়ে বলল, ‘কী এমন মজার জাদু?’ রোবট বলল, ‘এই ফলগুলো খাও, আমার কথা মানো। আমি তোমার শরীরকে সুস্থ রাখার জাদু দেখাব।’
রোবট টম ও পিয়ালের এত কথা এতক্ষণ মা শুনছিলেন। তিনি রোবটের কথায় সুর মিলিয়ে বললেন, ‘দেখো পিয়াল, তুমি যদি একবার চেষ্টা করো, দেখবে ফলও তোমাকে অনেক মজা দিচ্ছে। এরপর থেকে তুমি শুধু মজার মজার ফলই খেতে চাইবে।’
কিছুটা অস্বস্তিবোধ করল সে, কিন্তু মনে মনে ভাবল, ‘একবার চেষ্টা করে দেখি ফল খেতে কেমন।’ সে একটি আপেলে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ করল, তার শরীরে হালকা শক্তি আসছে। সে আরও একটি কামড় দিল আপেলে। রোবট বলল, ‘দেখলে! শক্তি বেড়েছে না, পিয়াল?’ পিয়াল আনন্দে চিৎকার করে বলল, ‘হ্যাঁ! আমাকে আরও ফল দাও, রোবট!’
রোবট পিয়ালের দিকে ফলের ঝুড়ি এগিয়ে দিল। পিয়াল একেক করে কলা, কমলা আর স্ট্রবেরি খেতে শুরু করল। রোবট বলল, ‘এখন দেখো, আমি তোমাকে চমক দেখাব।’
এক মিনিটের মধ্যে পিয়ালের চোখ জ্বলজ্বলে আলোয় ভরে গেল। তার ছোট্ট রুম যেন জাদুর বাগানে পরিণত হলো। ফলের রঙ, সুগন্ধ সবকিছু জীবন্ত হয়ে উঠল। লাল আপেল নাচতে লাগল, কলা গান গাইতে লাগল আর কমলা চারপাশে রঙের আলো ছড়িয়ে দিল।
পিয়াল মুগ্ধ হয়ে বলল, ‘মা, ফল খেতে তো অনেক মজা! ফল খাওয়ায় আসলেই অনেক আনন্দ আছে।’
সেই দিন থেকে পিয়াল প্রতিদিন ফল খেতে শুরু করল। চিপস আর ললিপপ শুধু মাঝেমধ্যে ইচ্ছে করলে খেত, নাহয় খেত না। ধীরে ধীরে তার শরীর শক্তিশালী হলো, দাঁত সুস্থ থাকল আর সবচেয়ে মজার ব্যাপার হলো ফলের জাদুর রাজ্যে সে নতুন নতুন রঙ, স্বাদ আর আনন্দ খুঁজে পেল।
রোবট টম হেসে পিয়ালকে বলল, ‘পিয়াল, আসল আনন্দ আসে তখনই, যখন তুমি নিজের যত্ন নাও। সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খাও আর শক্তিশালী হও।’
পিয়াল বুঝল, চিপস আর ললিপপ খেলে মজা হয় ঠিকই, কিন্তু শরীরের অনেক ক্ষতি করে। প্রকৃত ভালোবাসা মানে হলো ছোটদের এমন খাবার খাওয়ানো, যা ছোটদের সুস্থ রাখে।