ভূঁইয়া শফি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৩ পিএম
বিজয়ের মাস ডিসেম্বর। পরাধীনতার শেকল ভেঙে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার চিত্র ফুটে ওঠে দেশের মানচিত্রে, লাল-সবুজ পতাকায়। বিজয়ের এই মাসে রঙিন সব নকশার ভিড়ে আলাদাভাবে নজর কাড়ে লাল-সবুজ রঙই। শুধু বিজয়ের রঙ নয়, লাল-সবুজ আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে নিদারুণভাবে।
কুয়াশাচ্ছন্ন ভোরের শিশিরভেজা ঘাস আর হিমেল হাওয়ার স্পর্শে যখনই ডিসেম্বরের আগমন ঘটে, তখন বাঙালির হৃদয়ে জেগে ওঠে এক অদ্ভুত শিহরন। ক্যালেন্ডারের পাতায় এই মাসটি কেবল সময়ের আবর্তন নয়, বরং এটি একটি জাতির পুনর্জন্মের ইতিহাস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর সন্তানদের তাজা রক্তে অর্জিত আমাদের এই প্রিয় স্বদেশ। লাখো শহীদের আত্মত্যাগে এই স্বাধীনতা আমাদের অস্তিত্বের মূলে স্থায়ী হয়ে আছে অমর চিহ্ন হয়ে। বিজয়ের এই মাসে বাংলার আকাশে-বাতাসে ভেসে ওঠে রক্তে লেখা এক গৌরবগাথা। লাল-সবুজের পতাকাটি যখন ওড়ে, তখন প্রতিটি বাঙালির মনে পড়ে যায় সেই উত্তাল দিনগুলোর কথা, সেই সংগ্রামের কথা। এই পতাকার লাল বৃত্তে মিশে আছে শহীদের রক্ত আর সবুজে জড়িয়ে আছে বাংলার প্রকৃতি ও তারুণ্যের দীপ্ত প্রতীক। এই চেতনা, এই আবেগ আমাদের হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণার উৎস হয়ে আছে এবং থাকবে চিরকাল।

বাঙালির এই শাশ্বত আবেগকে পোশাকে ধারণ করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসগুলো। দিবসভিত্তিক সাজপোশাক বর্তমানে ফ্যাশনের বেশ বড় একটি অংশ জুড়ে রয়েছে। পহেলা বৈশাখ থেকে শুরু করে বিজয় দিবসÑ সব জাতীয় দিবসকে কেন্দ্র করে দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাজের প্রসার বেড়ে যায় অনেক গুণ। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের পোশাকে দেখা মেলে জাতীয় পতাকার লাল-সবুজ রঙ। সব বয়সি নারী-পুরুষ চেতনার ছোঁয়ায় এ রঙের পোশাক পরে রাঙিয়ে তোলেন নিজেদের।
পোশাকে রঙের বৈচিত্র্য ও বিজয় মোটিফ
বিজয় দিবসের ফ্যাশনের মূল সুর হলো জাতীয় পতাকার রঙÑ সবুজ আর লাল। এই দুটি রঙই পোশাকে সবচেয়ে বেশি প্রাধান্য পায়।
সবুজ : সবুজের নানান শেড, যেমনÑ বোতল গ্রিন, ফরেস্ট গ্রিন, হালকা সবুজ পোশাকে থাকে। এটি যেন বাংলাদেশের শ্যামল প্রকৃতির প্রতিচ্ছবি।
লাল : লাল রঙটি সাধারণত পতাকার বৃত্ত এবং সূর্যের তেজকে ফুটিয়ে তোলে। এটি শক্তি, আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রতীক। উজ্জ্বল লালের পাশাপাশি মেরুন বা চেরি লাল রঙের ব্যবহারও দেখা যায়।
ফ্যাশন হাউসগুলো বিভিন্ন মোটিফ নিয়ে কাজ করে এই দিবসে। পোশাকের নকশায় তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও বিভিন্ন অনুষঙ্গ। যেমনÑ
জাতীয় প্রতীক : পোশাকের জমিনে স্থান পায় বাংলাদেশের মানচিত্র, পতাকা এবং জাতীয় স্মৃতিসৌধের নান্দনিক উপস্থাপনা।
মুক্তিযুদ্ধের অনুষঙ্গ : অনেক পোশাকে দেখা যায় মুক্তিযুদ্ধ-বিষয়ক ছবি, ডাকটিকিট, কবিতা বা গানের পঙ্ক্তি।
অন্যান্য মোটিফ : এ ছাড়া জাতীয় ফুল শাপলা এবং বিভিন্ন ধরনের জিওমেট্রিক ডিজাইনও ডিজাইনে বৈচিত্র্য আনে।
জাতীয় সংগীত : ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’Ñ এই চরণগুলো কেবল গান নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও মায়ের ভাষার সুর। এই সংগীতের চরণগুলোও স্থান পায় পোশাকে।

ফেব্রিক বা কাপড়ের বৈচিত্র্য : আরাম ও ঐতিহ্যের মেলবন্ধন
ডিসেম্বর মাস মানেই শীতের আমেজ। তাই পোশাক নির্বাচনের ক্ষেত্রে আরাম এবং উষ্ণতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ তাদের কালেকশনে কাপড়ের মানের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্যবহৃত ফেব্রিক্সে এসেছে আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধন। এই আয়োজনে মূলত ব্যবহার করা হয়েছে
কটন (সুতি) : বাঙালির চিরচেনা আরামদায়ক কাপড়। প্রতিদিনের ব্যবহারের জন্য এর বিকল্প নেই।
হাইব্রিড কটন : আধুনিক প্রযুক্তিতে তৈরি, যা দীর্ঘস্থায়ী ও আরামদায়ক।
জ্যাকার্ড কটন : এতে রয়েছে নিজস্ব বুননশৈলী, যা পোশাকে নিয়ে আসে আভিজাত্য।
হাফসিল্ক : উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে হাফসিল্কের জুড়ি মেলা ভার। এর উজ্জ্বলতা এবং মসৃণতা বিজয় উৎসবের আনন্দকে বাড়িয়ে দেয় বহুগুণ।
এই কাপড়গুলো শুধু পোশাক তৈরির উপাদান নয়, যেন একেকটি ইতিহাসবাহী চিহ্নÑ যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে অনবদ্যভাবে। শীতের হালকা হাওয়ায় এই কাপড়গুলো যেমন আরাম দেবে, তেমনি ফ্যাশনেও যোগ করবে নতুন মাত্রা।

স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের নকশাশৈলী
পোশাক যদি ক্যানভাস হয়, তবে ডিজাইনার হলেন শিল্পী। দেশীয় ফ্যাশন হাউসগুলো এবারের বিজয় উৎসবে তাদের পোশাকের ক্যানভাসে ইতিহাসের গল্প তুলে ধরেছে নানাভাবে। তাদের কাজে প্রধানত ব্যবহৃত হয়েছে স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট মিডিয়া।
মানচিত্রের নান্দনিক উপস্থাপন : ডিজাইনাররা বাংলাদেশের মানচিত্রকে পোশাকের বুকে বা আঁচলে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যেন মনে হয় পুরো দেশটাই জড়িয়ে আছে শরীরের সঙ্গে। এটি কেবল নকশা নয়, এটি দেশপ্রেমের এক দৃশ্যমান বহিঃপ্রকাশ।
জাতীয় সংগীতের পঙ্ক্তিমালা : শাড়ির পাড়ে, পাঞ্জাবির বুকে কিংবা কামিজের ওড়নায় জাতীয় সংগীতের লাইনগুলো ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ‘মা তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি’Ñ এই লাইনগুলো যখন পোশাকে নকশা হয়ে ওঠে, তখন তা বাতাসে রঙিন ছন্দে বেজে ওঠে।
পতাকার লাল সূর্য : পতাকার লাল সূর্যের বৃত্তকে মোটিফ হিসেবে ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে বিজয়ের দীপ্ত শক্তির প্রতীকী ইঙ্গিত। জ্যামিতিক নকশা কিংবা ফ্লোরাল মোটিফের সঙ্গে পতাকার রঙের সংমিশ্রণ পোশাকগুলোকে দিয়েছে এক অনন্য রূপ।
প্রতিটি পোশাক যেন একেকটি জীবন্ত পোস্টার, যেখানে ইতিহাস কথা বলে রঙে রঙে, দেশপ্রেম মিশে যায় সুতোর বুননে আর নকশায়।
রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘লাল ও সবুজ রঙের সাহসী সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ডিজাইন যেন কথা বলে স্বাধীনতার, গর্বের, আত্মবিশ্বাসের। ব্যবহৃত ফেব্রিক্সে এসেছে আরাম ও নান্দনিকতার সুষম মেলবন্ধনÑ কটন, হাইব্রিড কটন, জ্যাকার্ড কটন এবং হাফসিল্ক। এই কাপড়গুলো শুধু পোশাক নয়, যেন একেকটি ইতিহাসবাহী চিহ্নÑ যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন ঘটেছে অনবদ্যভাবে।’
গৌরবান্বিত বিজয় দিবসকে উপলক্ষ করে সর্বদাই পোশাকের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে কে-ক্র্যাফট তার দেশপ্রেমী ক্রেতা সংগীদের সঙ্গেই পথ চলছে। বিজয়ের এই আবেগ ছড়িয়ে দিতে তাই প্রতিবছরের মতোই লাল-সবুজে উজ্জীবিত কে-ক্র্যাফটের বিশেষ আয়োজন পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের শুরু থেকেই ।
সময়, আবহাওয়া ও পরিবেশ অনুযায়ী পোশাক ভাবনায় এই দিনে মেয়েদের প্রধান সঙ্গী হতে পারে লাল-সবুজের শাড়ি। এ ছাড়াও বেছে নিতে পারেন আরামদায়ক সালোয়ার-কামিজ, কুর্তি কিংবা ভিন্ন কোন প্যাটার্নের টপ বা টিউনিক। শীতে উষ্ণতার প্রয়োজনে অন্য কোনো রঙের পোশাকের সঙ্গে জড়িয়ে নিতে পারেন লাল-সবুজের শাল। প্রতিবছরের মতোই ছেলেদের পোশাকে থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, শাল ও কটি। বিজয়ের ফ্যাশনে শিশুদের জন্যও রয়েছে নানা পোশাকের আয়োজন। বরাবরের মতোই থাকছে যুগল ও পরিবারের সকল সদস্যের সঙ্গে মিলিয়ে পরার জন্য উপযোগী পোশাক।
কে-ক্র্যাফটের ডিজাইনার শরীফুল হুদা বিপ্লব বলেন, ‘কে ক্র্যাফটের বিজয় আয়োজন করা হয়েছে প্রধানত জামদানি, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, আলাম, ফ্লোরালসহ নানা মোটিফের অনুপ্রেরণায়। এ ছাড়াও থাকছে বাংলাদেশের পতাকা ও মানচিত্র নিয়ে করা নানা পোশাক। কটন, ডিজাইনড কটন, সিল্ক ও তাঁতের মতো আরামদায়ক ফেব্রিকে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজের ব্যবহার হয়েছে। রঙ নির্বাচনে থাকছে গ্রিন, বটল গ্রিন, ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, রেড, অফ-হোয়াইট। তবে অন্যান্য রঙের সমন্বয়ও থাকছে।’

পোশাকের সম্ভার : সবার জন্য, সব বয়সের জন্য
দেশীয় ব্র্যান্ডগুলোতে পরিবারের সবার জন্য পোশাক পাওয়া যায়। এবারের বিজয় উৎসবের আয়োজনও এর ব্যতিক্রম নয়। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এবং বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যÑ সবার জন্যই থাকছে নানা রকম পোশাকের সমাহার।
নারীদের জন্য : শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, সিঙ্গেল কামিজ এবং স্ট্রিচ ড্রেস (থ্রিপিস)। শাড়িতে রয়েছে আভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া, যা বিজয় দিবসের সকালের প্রভাতফেরি বা বিকালের অনুষ্ঠানের জন্য মানানসই।
পুরুষদের জন্য : পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং ফতুয়া। পাঞ্জাবিতে বিজয়ের মোটিফগুলো পুরুষদের লুকে এনে দেয় গাম্ভীর্য ও দেশপ্রেমের আভা। শীতের কথা মাথায় রেখে থাকছে শাল ও উত্তরীয়।
শিশুদের জন্য : শিশুদের পোশাকগুলো তৈরি করা হয়েছে বাড়তি যত্ন নিয়ে, যাতে তারা আরাম পায়। ফ্রক, স্কার্ট-টপস, পাঞ্জাবি, শার্টÑ সবকিছুতেই রয়েছে লাল-সবুজের উল্লাস। ছোটবেলা থেকেই শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনা বুনে দেওয়ার জন্য এই পোশাকগুলো হতে পারে দারুণ মাধ্যম।
অ্যাক্সেসরিজ ও সুভ্যেনির : পোশাকের পাশাপাশি রয়েছে মগ, বিজয় স্পেশাল সুভ্যেনির সামগ্রী, গহনা এবং আরও অনেক কিছু। প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এগুলো হতে পারে সেরা পছন্দ।
ছবি- রঙ বাংলাদেশ ও কে ক্র্যাফট