আফসানা মিমি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:২০ পিএম
শীতের সময় বাতাস শুকনো থাকে, ফলে ত্বক দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। বিজয় দিবসে সকালে দীর্ঘ সময় বাইরে থাকতে হলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা অত্যন্ত জরুরি।
যেভাবে বাইরে যাওয়ার আগে ত্বক প্রস্তুত করবেন-
মুখ ধোয়া : হালকা, নন-ড্রাইং কোনো ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন।
ময়েশ্চারাইজার : ত্বকের ধরন অনুযায়ী ক্রিমি বা হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বিশেষ করে শুষ্ক ত্বকে শিয়া বাটার, হায়ালুরোনিক অ্যাসিড বা সেরামাইড-সমৃদ্ধ ক্রিম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
সানস্ক্রিন : শীতকালেও রোদ সমান ক্ষতিকর। বাইরে বের হওয়ার অন্তত ১৫ মিনিট আগে এসপিএফ ৩০ বা ৫০ সানস্ক্রিন ব্যবহার করুন।
অনেকে বিজয় দিবসে লাল-সবুজের সাজে নিজেকে প্রস্তুত করেন। মেকআপ ব্যবহার করতে চাইলে খুব হালকা বেস, খানিকটা ব্লাশ এবং লিপস্টিকেই দিনটি উজ্জ্বল হয়ে উঠতে পারে।
চুলের যত্নে : শীতের কারণে চুলে অতিরিক্ত রুক্ষভাব দেখা দিতে পারে। বাইরে বের হওয়ার আগে চুলে লিভ-ইন কন্ডিশনার বা হেয়ার সিরাম ব্যবহার করলে চুল থাকে মসৃণ ও ফ্রিজমুক্ত। যদি ভোরে বের হন, স্কার্ফ বা ক্যাপ ব্যবহার করলে চুলকে ঠান্ডা বাতাসের ক্ষতি থেকে রক্ষা করা যায় এবং সাজ হয় আরও সুন্দর।
সঠিক পোশাক নির্বাচন : ডিসেম্বরে সকালের শীত বেশ কড়াকড়ি হতে পারে। তাই পোশাক নির্বাচনও জরুরি। লেয়ারিংয়ের দিকে গুরুত্ব দিন; পাতলা একটি টপের ওপর হালকা জ্যাকেট বা সোয়েটার ব্যবহার করতে পারেন। লাল-সবুজের দেশীয় ফিউশনে সালোয়ার-কামিজ, কুর্তি, শাড়ি বা পাঞ্জাবি- সবই মানিয়ে যায় বিজয় দিবসের আবহে। শীতের তীব্রতা বেশি হলে গলা ঢেকে রাখার জন্য মাফলার বা শাল ব্যবহার করুন।
পোশাক শুধু দেখতেই সুন্দর হলেই হবে না, আরামদায়ক হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন অনুষ্ঠানে চলাফেরা, দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা বা শোভাযাত্রায় অংশগ্রহণÑ সবই আরামদায়ক পোশাকের ওপর নির্ভর করে।
স্বাস্থ্য ও নিরাপত্তা প্রস্তুতি : বাইরে দীর্ঘক্ষণ থাকা মানে একটু বাড়তি সতর্কতাও দরকার : গরম পানির ছোট ফ্লাস্ক, থার্মোস, পানির বোতল সঙ্গে রাখুন। মাস্ক ও ছোট স্যানিটাইজার ব্যাগে রাখতে ভুলবেন না। যাদের অ্যালার্জি বা ঠান্ডাজনিত সমস্যা আছে, তারা গা গরম রাখার দিকে বাড়তি নজর দিন। শিশু বা বয়স্ক পরিবারের সদস্য থাকলে তাদের জন্য অতিরিক্ত সোয়েটার, টুপি বা হাতমোজা সঙ্গে রাখা ভালো।
সকালের খাবার সবচেয়ে জরুরি : শীতের সকালে খালি পেটে বাইরে যাওয়া অনেক সময় দুর্বলতা তৈরি করে। তাই বের হওয়ার আগে হালকা কিন্তু পুষ্টিকর নাশতা সেরে নিন। ওটস, ডিম, রুটি, ফল অথবা এক কাপ গরম চা আপনাকে সারা দিন চনমনে থাকতে সহায়তা করবে।
যাতায়াতের প্রস্তুতি : ১৬ ডিসেম্বর বিভিন্ন জায়গায় জনসমাগম বাড়ে। তাই আগে থেকেই বের হওয়ার সময়, যানবাহনের রুট বা বিকল্প পথ ঠিক করে রাখা ভালো। ট্রাফিক জ্যাম হতে পারে, তাই সময়ের আগে রওনা দিলে অনুষ্ঠান উপভোগ করা সহজ হবে।
মন-মানসিকতার প্রস্তুতি : বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়, এটি বীর শহীদদের প্রতি সম্মান জানানোর দিন। তাই দিনের প্রস্তুতিতে মনেও আনুন দেশের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা। শিশুদের নিয়ে বের হলে তাদের সামনে আমাদের ইতিহাস তুলে ধরা যেতে পারে।
শীতের মধ্যে স্বাচ্ছন্দ্য বজায় রেখে, একটু পরিকল্পনা করে প্রস্তুতি নিলে বিজয় দিবসের অভিজ্ঞতা হয়ে উঠবে আরও আনন্দময় ও স্মরণীয়। পরিবার, বন্ধু এবং দেশপ্রেমে ভরপুর পরিবেশÑ সব মিলিয়ে এই দিনটির প্রতিটি মুহূর্ত উপভোগ করুন নিজের মতো করে।
ছবি : রঙ বাংলাদেশ