× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকার : শেখ আব্দুল আউয়াল

আগামী ৫ বছরে ফার্নিচার রপ্তানি দ্বিগুণ হবে

আরফাতুন নাবিলা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৭ পিএম

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন শেখ আব্দুল আউয়াল। দেশের অন্যতম জনপ্রিয় ফার্নিচার ব্র্যান্ড ওমেগা হোম সল্যুশনসের কর্ণধারও তিনি। সহজ ও স্মার্ট লাইফস্টাইলের সঙ্গে মানানসই ফার্নিচার কীভাবে দেশেই তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে রপ্তানি পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আরফাতুন নাবিলা

প্রশ্ন : গত তিন বছরে ওমেগা হোম সল্যুশনসের ব্যবসায়িক বৃদ্ধির হার কেমন ছিল এবং এই সাফল্যের পেছনে কোন বিশেষ কৌশল কাজ করেছে? ফার্নিচার ছাড়াও হোম সল্যুশনস হিসেবে আপনারা কি ভবিষ্যতে স্মার্ট হোম টেকনোলজি, মডিউলার কিচেন বা সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশনসে প্রবেশ করার কথা ভাবছেন?

উত্তর : গত তিন বছরে ওমেগা হোম সল্যুশনস ধারাবাহিকভাবে ব্যবসায়িক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে আমাদের প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে ভালো ছিল। আমরা বাজারে এমন কিছু অনন্য ও উদ্ভাবনী ডিজাইনের ফার্নিচার প্রবর্তন করেছি, যেগুলো এখনও অনেক ব্র্যান্ড অনুসরণ করছে নাÑ এটাই আমাদের সাফল্যের অন্যতম মূল চালিকাশক্তি। গ্রাহকদের চাহিদা, স্টাইল এবং কার্যকারিতার সমন্বয় করে নতুন লাইফস্টাইল ট্রেন্ড তৈরি করাই ছিল আমাদের কৌশল। বর্তমানে ২০২৪-২৫ অর্থবছরে বাজার কিছুটা চ্যালেঞ্জিং হলেও আমরা নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং আরও নতুনত্ব আনার প্রস্তুতি নিচ্ছি। ফার্নিচার ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলতে গেলে আমরা ইতোমধ্যেই স্মার্ট ফার্নিচার ও সম্পূর্ণ হোম ইন্টেরিয়র সলিউশন নিয়ে কাজ শুরু করেছি। ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে টেকনোলজি এবং আরামের সমন্বয় ঘটানোই আমাদের লক্ষ্য। তবে মডিউলার কিচেন সেগমেন্টে আমরা এই মুহূর্তে প্রবেশের পরিকল্পনা করছি না।

প্রশ্ন : স্থানীয় বাজার ছাড়াও ওমেগা কি প্রতিবেশী বা আন্তর্জাতিক বাজারে তাদের ব্র্যান্ড সম্প্রসারণের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে?

উত্তর : স্থানীয় বাজারে সফলতার সঙ্গে এগিয়ে যাওয়ার পাশাপাশি ওমেগা হোম সল্যুশনস ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা গ্রহণ করেছে ইনশাআল্লাহ। তবে বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতা করতে হলে আমাদের অনেক স্ট্রাকচারাল পরিকল্পনা ও সিস্টেম ডেভেলপমেন্ট সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রতিদিনই উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি, যাতে সঠিক সময়ে আমরা গ্লোবাল মার্কেটে শক্ত অবস্থানে যাত্রা শুরু করতে পারি।

প্রশ্ন : ওমেগা হোম সল্যুশনসের ডিজাইন দর্শন কী? আপনারা কি ‘ফাংশনাল minimalism’ নাকি ‘ঐতিহ্যবাহী বিলাসবহুল’ কোনদিকে বেশি মনোযোগ দিচ্ছেন?

উত্তর : একসময় ওমেগা হোম সল্যুশনস মূলত ট্রেডিশনাল ও ভিক্টোরিয়ান ডিজাইন ভিত্তিক প্রিমিয়াম সেগমেন্টের ফার্নিচারে বেশি মনোযোগ দিত। তবে সময়ের সঙ্গে গ্রাহকদের পছন্দেও পরিবর্তন এসেছে। এখন সবাই চায় কম জায়গায় বেশি ব্যবহারযোগ্য, সহজ ও স্মার্ট লাইফস্টাইলের সঙ্গে মানানসই ফার্নিচার। সেই পরিবর্তন সামনে রেখে প্রায় চার বছর ধরে আমরা সম্পূর্ণভাবে সিম্পল, মডার্ন ও মিনিমালিস্টিক ডিজাইনে ফোকাস করছি। একই সঙ্গে মডিউলার মেকানিজম যুক্ত করে আমরা ফার্নিচারের ফাংশনালিটি ও স্পেস ইউটিলাইজেশন আরও উন্নত করেছি; যাতে ঘর বড় না হলেও আরাম ও সৌন্দর্য কম না হয়।

প্রশ্ন : পণ্যের দীর্ঘ স্থায়িত্ব (Durability) নিশ্চিত করতে কাঁচামাল নির্বাচনের ক্ষেত্রে কী কী মানদণ্ড অনুসরণ করা হয়?

উত্তর : পণ্যের দীর্ঘ স্থায়িত্ব নিশ্চিত করা ওমেগা হোম সল্যুশনসের অন্যতম প্রধান অঙ্গীকার। তাই আমরা কাঁচামাল নির্বাচনের ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করি। এর মধ্যে উল্লেখযোগ্য- উচ্চমানের কাঠ ও বোর্ড, টার্মাইট ও আর্দ্রতা প্রতিরোধক কাঠ/বোর্ড ব্যবহার, আন্তর্জাতিক মানসম্পন্ন ইঞ্জিনিয়ার্ড উড ও সলিড কাঠের সমন্বয়, প্রিমিয়াম হার্ডওয়্যার ও ফিটিংস, Rust-proof এবং long-lasting হিঞ্জ, স্লাইডার ও কানেক্টর, Reputed brand-এর মেকানিজম, বিশেষ করে মডিউলার ফার্নিচারের জন্য, উন্নত ফিনিশিং ও সুরক্ষা স্তর, Anti-scratch, UV-resistant কোডিং, Environment friendly paint ও ল্যামিনেশন, স্ট্রাকচারাল টেস্টিং, Load capacity, joint durability moisture check, প্রতিটি প্রোডাকশনে Quality Control (QC) প্রক্রিয়া। আমাদের লক্ষ্য শুধু সুন্দর ডিজাইন নয়, বরং দীর্ঘস্থায়ী ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে গ্রাহকের আস্থা ধরে রাখা।

প্রশ্ন : আপনি বর্তমানে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের জায়গা থেকে জানতে চাই বাংলাদেশের ফার্নিচার শিল্পের কাঁচামালের (বিশেষত কাঠ, বোর্ড বা অ্যাকসেসরিজ) প্রধান চ্যালেঞ্জ কী? আমদানি নির্ভরতা কমাতে এবং স্থানীয়ভাবে কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সমিতি সরকারের কাছে কী সুপারিশ করছে?

উত্তর : বাংলাদেশ ফার্নিচার শিল্প বর্তমানে দ্রুত বিকাশমান একটি সেক্টর। তবে কাঁচামাল বিশেষ করে কাঠ, বোর্ড ও অ্যাকসেসরিজে আমদানিনির্ভরতা শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, শুল্ক কাঠামোর পরিবর্তন এবং বৈদেশিক মুদ্রার চাপ সরাসরি উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। এতে দেশীয় ব্র্যান্ডগুলোকে বাজারে প্রতিযোগিতামূলক দাম ধরে রাখতে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। আমরা চাই, স্থানীয়ভাবে স্বয়ংসম্পূর্ণতা। এজন্য বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরে আসছে :

স্থানীয় কাঠ ও বোর্ড উৎপাদনে বিনিয়োগ এবং গবেষণা বাড়ানো, কাঁচা কাঠের চাষাবাদে উৎসাহ দেওয়া, পরিবেশবান্ধব ইঞ্জিনিয়ার্ড উড প্রযুক্তিতে প্রণোদনা, ফার্নিচার অ্যাকসেসরিজ শিল্পকে প্রণোদনার আওতায় আনা, উচ্চমানের হার্ডওয়্যার, স্লাইডার, হিঞ্জ ইত্যাদি দেশে উৎপাদনে সহযোগিতা, আমদানিকৃত কাঁচামালে শুল্ক ও ভ্যাট কাঠামো যুক্তিযুক্ত করা, উৎপাদন খরচ কমিয়ে দেশীয় শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার লক্ষ্য, কোয়ালিটি স্ট্যান্ডার্ড ও স্কিল ডেভেলপমেন্ট, বৈশ্বিক বাজারে ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে শক্ত অবস্থানে দাঁড় করাতে মান ও দক্ষতা নিশ্চিতকরণ।

আমাদের লক্ষ্য শুধু এ শিল্পকে টিকিয়ে রাখা নয়, বরং বিশ্ববাজারে বাংলাদেশের ফার্নিচারকে শক্তিশালী রপ্তানি খাতে পরিণত করা। সরকারি সহযোগিতা, উদ্যোক্তাদের উদ্ভাবন ও সঠিক নীতিগত সমর্থন মিলেই আমরা স্বনির্ভরতার পথে আরও দ্রুত এগিয়ে যেতে পারব ইনশাআল্লাহ।

প্রশ্ন : এই শিল্পে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে কি না? দক্ষ কর্মী তৈরির জন্য সমিতি কি কোনো বিশেষ প্রশিক্ষণ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে?

উত্তর : হ্যাঁ এই শিল্পে এখনও দক্ষ জনবলের ঘাটতি রয়েছে, বিশেষ করে আধুনিক মডিউলার ফার্নিচার প্রযুক্তিতে। এই চাহিদা পূরণে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি TTC, BTEB-সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি ফ্যাক্টরি লেভেলে অন-জব ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করাও আমাদের চলমান উদ্যোগের অংশ।

প্রশ্ন : ছোট এবং মাঝারি ফার্নিচার উৎপাদনকারীরা যেন বড় কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে, তার জন্য সমিতি কী ধরনের সহায়তা বা নীতিগত কাঠামো তৈরির চেষ্টা করছে?

উত্তর : ছোট ও মাঝারি ফার্নিচার উৎপাদনকারীদের সক্ষমতা বাড়াতে সমিতি সরকার ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মিল করে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে

সহজ শর্তে ঋণ ও প্রণোদনা, দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা, কোয়ালিটি স্ট্যান্ডার্ড অর্জনে সহযোগিতা, মেলা ও অনলাইন প্লাটফর্মে বাজার সম্প্রসারণের সুযোগ, আমাদের মূল লক্ষ্য SME উদ্যোক্তাদের প্রতিযোগিতায় টিকে থাকা নয়, বরং উন্নতি ও উদ্ভাবনের পথে এগিয়ে নেওয়া।

প্রশ্ন : ফার্নিচার রপ্তানিতে বর্তমান অবস্থা কেমন এবং আগামী পাঁচ বছরের জন্য সমিতির রপ্তানি  লক্ষ্যমাত্রা কী? এই লক্ষ্য অর্জনের জন্য কী কৌশল নেওয়া হচ্ছে? আন্তর্জাতিক বাজারে ফার্নিচার রপ্তানির ক্ষেত্রে প্রধান বাধাগুলো কী কী (যেমন, শিপিং খরচ, কমপ্লায়েন্স, ডিজাইন)? এই বাধাগুলো মোকাবিলায় সমিতি কী পদক্ষেপ নিচ্ছে?

উত্তর : বাংলাদেশের ফার্নিচার রপ্তানি  দ্রুত বাড়ছে এবং বর্তমানে ইউরোপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় আমাদের পণ্য যাচ্ছে। আগামী ৫ বছরে রপ্তানি  দ্বিগুণ করা সমিতির লক্ষ্য।

লক্ষ্য অর্জনে মূল কৌশলের মধ্যে রয়েছে- ডিজাইন ইনোভেশন ও ব্র্যান্ডিং উন্নয়ন, কমপ্লায়েন্স ও কোয়ালিটি স্ট্যান্ডার্ড শক্তিশালীকরণ, নতুন বাজার ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিতকরণ

প্রধান চ্যালেঞ্জ : শিপিং খরচ বৃদ্ধি, গ্লোবাল কমপ্লায়েন্স ও কোয়ালিটি চাহিদা, ডিজাইন প্রতিযোগিতা, কাঁচামালে আমদানিনির্ভরতা 

চ্যালেঞ্জ মোকাবিলায় সমিতির উদ্যোগ- প্রণোদনা ও নীতিগত সহায়তা নিশ্চিতকরণ, স্কিল ও ডিজাইন ডেভেলপমেন্ট, শুল্ক ও লজিস্টিক সহজীকরণ, সার্টিফিকেশন অর্জনে সহায়তা। আমাদের ভিশন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শীর্ষ ফার্নিচার রপ্তানি কারক দেশে রূপান্তর করা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা