গোলাম কিবরিয়া
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৬ পিএম
জেসিআই ঢাকা কসমোপলিটনের রাইজ অন হুইলস প্রকল্প এবার ৫ম বছরে পদার্পণ করল। এই প্রকল্পটির লক্ষ্য হলো নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর জীবিকা উপার্জনের সুযোগ প্রদান করা। বোতলগাড়ী, সৈয়দপুর, নীলফামারীর মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী রিকশা পেয়ে তাদের পরিবারের জন্য স্থায়ী আয় করার সুযোগ পাচ্ছেন। এটি শুধু অর্থনৈতিক স্বাধীনতা দেয় না, বরং উদ্যোক্তা মনোভাব তৈরি করে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে।
এই বছরে চারটি রিকশা চারজনকে বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তারা তাদের পরিবারকে ভালোভাবে দেখাশোনা করার সুযোগ পাচ্ছেন। প্রথম চার বছরে মোট ১০টি রিকশা বিতরণ করা হয় এবং এই ৫ম বছরে আরও চারটি যোগ হওয়ায় মোট সংখ্যা ১৪টি রিকশা পৌঁছে গেল।
জেসিআই ঢাকা কসমোপলিটানের লোকাল প্রেসিডেন্ট খন্দকার নাসিফ আখতার বলেন, রাইজ অন হুইলস শুধু একটি প্রকল্প নয়, এটি মানুষকে ক্ষমতায়নের পথ। আমরা রিকশা দেওয়ার মাধ্যমে তাদের পরিবারকে স্বাবলম্বী এবং নিরাপদ ভবিষ্যত গড়ার সুযোগ করে দিচ্ছি। এই উদ্যোগটি সেই মানুষদের জন্য যেখানে বেকারত্ব এবং স্থায়ী আয়ের অভাবের কারণে প্রতিদিনের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
২০১৩ সালে প্রতিষ্ঠিত জেসিআই ঢাকা কসমোপলিটন, জেসিআই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় লোকাল অরগানাইজেশন। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হলো বিশ্বের ১২০টিরও বেশি দেশে তরুণ নেতাদের একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যারা ইতিবাচক কমিউনিটি পরিবর্তনে কাজ করছে।