× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বপ্নের নাম ‘টিম ব্যর্থ’

মুহাম্মদ শফিকুর রহমান

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১২:২১ পিএম

স্বপ্নের নাম ‘টিম ব্যর্থ’

দশম শ্রেণির এক কিশোরের ছোট্ট প্রচেষ্টা যে একদিন বিশ্বমঞ্চে প্রশংসিত হবে তা হয়তো তখন কেউ ভাবেনি। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন মুরশিদুল আলম ভূঁইয়া। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় তার বড় স্বপ্নÑ  একটি এমন প্লাটফর্ম, যেখানে মানুষের জীবনের গল্পগুলোই হয়ে উঠবে শেখার উপকরণ। সেই স্বপ্নের নাম ‘টিম ব্যর্থ’।

ব্যর্থ শব্দের অর্থ বাংলায় ‘অসফল’। কিন্তু মুরশিদুলের দৃষ্টিতে এই ব্যর্থতাই জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষক। তার ভাষায়, ‘ব্যর্থতার গল্পই আমাদের শেখায় কীভাবে সফল হতে হয়।’ তিন বন্ধু- মুরশিদ, ফাইয়াজ ও ফাহমিনা ফাইজ সেমন্তি- মিলে শুরু হয়েছিল এই যাত্রা। মুরশিদুল আলম ভূঁঞার প্রতিষ্ঠিত ‘টিম ব্যর্থ’ আজ ৮১টি দেশের ছয় লাখেরও বেশি মানুষের জীবনে গল্পের মাধ্যমে ছড়িয়েছে অনুপ্রেরণা ও সহমর্মিতা।

গল্পে গল্পে জাগরণ

টিম ব্যর্থ মূলত একটি স্টোরিটেলিং কালেকটিভ। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের জীবনগল্প, সাফল্য-ব্যর্থতা, অভিজ্ঞতা ও বোধ সংগ্রহ করে এবং সেগুলো নানা মাধ্যমেÑ লেখা, চিত্র, অডিও, ভিডিও, কিংবা অ্যানিমেশনÑ পৌঁছে দেয় অন্যদের কাছে। লক্ষ্য একটাই : মানবতার মধ্যে বোঝাপড়া, সহমর্মিতা ও শান্তির বীজ বপন করা। মুরশিদুল বলেন, ‘বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ আছে, যাদের গল্প আলাদা, কিন্তু অনুভূতিগুলো একই। আমরা চাই এই গল্পগুলো একে অপরের কাছে পৌঁছাক, যেন সবাই বুঝতে পারে- আমরা আসলে একই মানবতার সন্তান।’

আন্তর্জাতিক স্বীকৃতির যাত্রা

মাত্র কয়েক বছরের মধ্যেই ‘টিম ব্যর্থ’ পেয়েছে বিশ্বজুড়ে স্বীকৃতি। ২০২২ সালে প্রতিষ্ঠানটি গ্লোবাল ইউথ অ্যাওয়ার্ডসে সম্মানিত হয়। মুরশিদুল ব্যক্তিগতভাবে পেয়েছেন দ্য ডায়ানা অ্যাওয়ার্ড, এশিয়ার টপ ১০০ ইয়াং ট্যালেন্টস, ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড এবং কুইন্স কমনওয়েলথ ট্রাস্ট ফেলোশিপসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি তাকে কমনওয়েলথ ট্রাস্ট নেটওয়ার্কের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে, যেখানে ৮৫০ জন তরুণ নেতৃত্ব ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে কাজ করছেন। দেশের স্বীকৃতিতেও তিনি পিছিয়ে নেইÑ ‘সেরা ১০ অনুপ্রেরণাদায়ী তরুণ নায়কের’ (Inspiring Heroes) একজন হিসেবে নাম উঠেছে মুরশিদুল আলম ভূঁঞার।

মানসিক স্বাস্থ্য থেকে লিঙ্গবৈষম্য- সব গল্পই গুরুত্বপূর্ণ

টিম ব্যর্থ অন্যতম আলোচিত প্রকল্প ‘ইচি-গো ইচি-এ’- একটি জাপানি প্রবাদ, যার মানে ‘একবারের সাক্ষাৎ, এক জীবনের অভিজ্ঞতা।’ এই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে তারা আয়োজন করে লাইভ ওয়েব সেমিনার সিরিজ, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, থেরাপিস্ট ও সামাজিক কর্মীরা অংশ নেন। বাংলাদেশি তরুণদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় এই প্লাটফর্ম ইতোমধ্যেই বাস্তব প্রভাব ফেলেছে।

আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ ‘প্রজেক্ট আনফার্ল’, যার মাধ্যমে তারা বাংলাদেশের ট্রান্সজেন্ডার ও ইন্টারসেক্স কমিউনিটির গল্প সংগ্রহ করেছেÑ তাদের সংগ্রাম, স্বপ্ন ও জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে মূলধারার সমাজের সামনে।

গল্পের বই, পডকাস্ট ও কমিকস

২০২০ সালে টিম ব্যর্থ প্রকাশ করে তাদের বই ‘Fueling Hope’, যেখানে কোভিড-পরবর্তী সময়ে জীবনের আশাকে ধরে রাখার গল্পগুলো তুলে ধরা হয়। তাদের আরেক উদ্যোগ ‘ব্যর্থডোলার ক্যারাভান’, একটি অডিও ন্যারেটিভ পডকাস্ট, যেখানে দুই-তিন মিনিটের পর্বে বলা হয় জীবনের ছোটগল্পÑ কখনও অনুপ্রেরণার, কখনও সহানুভূতির। পাশাপাশি তারা তৈরি করছে ‘লাইফ’ নামে একটি কমিক সিরিজ, যেখানে জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় এক বাক্যে।

শিক্ষায় নতুন ভাবনা

টিম ব্যর্থ বিশ্বাস করে- সব শিক্ষা বইয়ে পাওয়া যায় না। তাদের ‘ইনোভেশন ইন এডুকেশন’ প্রকল্পে তারা মানুষকে উৎসাহিত করে নিজের জীবনের শিক্ষা শেয়ার করতে, যেন অন্যরা সেই গল্প থেকে শিখতে পারে। তারা একে বলে ‘Cross-pollination of Education’- অর্থাৎ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মানবজ্ঞান ছড়িয়ে দেওয়া।

বিশ্বজুড়ে মানবতার সেতুবন্ধন

বর্তমানে টিম ব্যর্থ গল্প পৌঁছে গেছে বাংলাদেশ ছাড়াও জার্মানি, জাপান, কেনিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইনস, ভেনিজুয়েলা, নেপালসহ ৮১টি দেশে। তাদের গল্পে ব্রাজিলের কোনো তরুণ যেমন নিজের জীবনের প্রতিফলন খুঁজে পায় বাংলাদেশের এক ছাত্রের মধ্যে, তেমনি বাংলাদেশের কোনো গল্প ছুঁয়ে যায় আলবেনিয়ার কোনো পাঠককে।

টিম ব্যর্থর ফাহমিনা ফাইজ সেমন্তি বলেন, ‘বাংলাদেশ থেকে এমন একটি বিশ্বব্যাপী মানবিক প্লাটফর্ম গড়ে তোলা সহজ ছিল না। কিন্তু প্রযুক্তি ও মানুষের প্রতি বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

গল্প বদলায় পৃথিবী 

স্কুলের তিন বন্ধুর ছোট্ট উদ্যোগ আজ এক বিশ্বজনীন গল্পভিত্তিক আন্দোলন। টিম ব্যর্থ প্রমাণ করেছেÑ গল্প শুধু বিনোদন নয়, গল্প হতে পারে শিক্ষা, থেরাপি এবং পরিবর্তনের হাতিয়ার। মুরশিদুল আলম ভূঁইয়ার কথায়, ‘আমরা অন্যদের গল্প দিয়ে মানুষকে অনুপ্রাণিত করি। একদিন যদি এই গল্পগুলো বিশ্বকে একটু হলেও ভালো জায়গায় নিয়ে যায়, সেটাই আমাদের সফলতা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা