× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমলকীতে অন্যরকম স্বাদ

মুনিরা হাসান

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৪:৫২ পিএম

আমলকীতে অন্যরকম স্বাদ

শীতের এই মৌসুমে বাজারে পাওয়া যাচ্ছে আমলকী। স্বাস্থ্যকর এই ফলের স্বাদ মিষ্টি না হলেও এটি দিয়ে বানিয়ে ফেলা যায় নানা স্বাদের খাবার। আমলকীর নানা স্বাদের রেসিপি দিয়েছেন মুনিরা হাসান। 

আমলকীর আচার 

যা যা লাগবে 

আমলকী ১ কেজি, গুড় ৬০০ গ্রাম, সরিষার তেল ৪ টেবিল চামচ, আধা ভাঙা পাঁচফোড়ন ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বিটনুন হাফ চা চামচ

যেভাবে বানাবেন 

আমলকী ধুয়ে ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। এবার আমলকীর বিচি ছাড়িয়ে অন্য একটি পাত্রে ম‍্যশার দিয়ে ভালোমতো চটকে নিতে হবে। প‍্যানে সরিষার তেল দিয়ে তাতে একে একে পাঁচফোড়ন, মরিচ গুঁড়া, চটকে রাখা আমলকী, গুড় ও লবণ দিয়ে ভালোমতো নাড়তে হবে। ঘন ঘন নাড়তে হবে যেন তলায় ধরে না যায়। নাড়তে নাড়তে পানি শুকিয়ে আমলকী প‍্যানের গা ছেড়ে দিলে বিটনুন ছিটিয়ে আবার ভালোমতো মিশিয়ে নিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা হলে কাচের জারে রাখুন। সর্দি-কাশিতে আমলকীর আচার খুব উপকারী।

আমলকীর চ্যাবনপ্রাশ

যা যা লাগবে 

আমলকী ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, গুড় ৫০০ গ্রাম, ঘি ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা ১ টেবিল চামচ (আধাভাঙা করা), লবণ ১ চা চামচ, বিটনুন হাফ চা চামচ।

যেভাবে বানাবেন 

আমলকী ধুয়ে নরম সিদ্ধ করে বিচি ছাড়িয়ে পেস্ট করে নিন। কয়েক ঘণ্টা খেজুর ভিজিয়ে নরম হলে বিচি ছাড়িয়ে পেস্ট করে নিন। এবার প‍্যানে ঘি দিয়ে এতে আমলকী, খেজুর, গুড়, গোলমরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন। পানি টেনে প্যানের গা ছেড়ে এলে এতে আরও ১ চা চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে কাচের এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। আমলকীর চ্যাবনপ্রাশ শরীরের ইমিউনিটি বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে। 

আমলকীর ক্যান্ডি 

যা যা লাগবে 

আমলকী ১ কেজি, চিনি ১ কেজি, ঘি ২ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, বিটনুন ও লবণ স্বাদ অনুযায়ী।


যেভাবে বানাবেন 

আমলকী ধুয়ে নরম সিদ্ধ করতে হবে। ভালোমতো সিদ্ধ হয়ে গেলে আমলকীর বিচি ছাড়িয়ে পেস্ট করে নিন। এবার প‍্যানে ঘি, আদা কুচি, আমলকী, ৮০০ গ্রামের মতো চিনি ও লবণ দিয়ে নাড়তে হবে। বারবার নাড়তে হবে নতুবা তলা ধরে যাবে। আমলকীর পেস্ট যখন প‍্যানের গা ছেড়ে আসবে তখন নামিয়ে নিন। এবার আগে থেকে ঘি ব্রাশ করা পাত্রে ঢেলে সমান করে নিয়ে রুমটেম্পারেচারে ভালোমতো ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে কেটে নিন। বাকি ২০০ গ্রাম চিনি গুঁড়ো করে এতে টুকরো করে রাখা আমলকী গড়িয়ে নিন। ব‍্যস হয়ে গেল আমলকীর ক্যান্ডি।

আমলকীর মোরব্বা 

যা যা লাগবে 
আমলকী ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, তেজপাতা ১টা, এলাচ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী। 


যেভাবে বানাবেন 
আমলকী ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে পানি ফেলে ভালো মতো কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে। এবার প‍্যানে পানি দিয়ে আমলকী ৩-৪ মিনিট সিদ্ধ করে নিতে হবে যেন তিতকুটে ভাবটা চলে যায়। এবার আরেকটি পাত্রে চিনি, আমলকী, তেজপাতা ও লবণ দিয়ে মিডিয়াম আঁচে জ্বাল দিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন তলায় ধরে না যায়। জ্বাল দিতে দিতে যখন আমলকী লালচে রঙ হয়ে যাবে তখন এলাচ গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা