সানজিদা ইমু
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১১:৩৫ এএম
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামের আবেদন চলছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো-Learn, Engage, Advance and Disrupt। এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন করা।
এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীদের জন্য উন্মুক্ত।
প্রোগ্রামের সময়সূচি : হার্ভার্ড লিড ফেলোশিপ ২০২৬ সালের ১ সেপ্টেম্বরে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত চলবে। প্রোগ্রামটি দুই ধাপে সম্পন্ন হবেÑ
প্রথম ধাপ (ভার্চুয়াল) : ফেলোরা তাদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন। এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে। একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে-ওয়ান ভিসার প্রক্রিয়া সম্পন্ন ও কোর্সের প্রস্তুতি নেওয়া হবে। এ ছাড়া অনলাইন মেন্টরশিপ সেশন ও ভার্চুয়াল ইভেন্টে অংশগ্রহণ করা যাবে।
দ্বিতীয় ধাপ (সরাসরি অংশগ্রহণ) : ফেলোরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান করবেন (এপ্রিল ২০২৭)। লিডারশিপ ওয়ার্কশপ, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, পাবলিক স্পিকিং ও টিম বিল্ডিং কার্যক্রমে অংশ নেবেন। এই সময়ের সব খরচ (আবাসন, রাউন্ড ট্রিপ ফ্লাইট, কোর্স ফি ও দৈনিক ভাতা) ফেলোশিপ বহন করবে।
যোগ্যতার শর্তাবলি : সব অঞ্চল, পেশা ও সেক্টরের আবেদনকারীদের জন্য উন্মুক্ত, প্রাসঙ্গিক বিষয়ে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, বৈশ্বিক স্বাস্থ্য খাতে ন্যূনতম ১০ বছরের পূর্ণকালীন পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে, বর্তমান নিয়োগকর্তা ও কোনো সিনিয়র মেন্টরের অফিসিয়াল সমর্থনপত্র থাকতে হবে। ২০২৭ সালের এপ্রিলে ছয় সপ্তাহের ইন-রেসিডেন্স প্রোগ্রামে অংশ নিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হবে। জে-ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং বোস্টনে অবস্থান করতে হবে। গত দুই বছরের মধ্যে চার মাস বা তার বেশি সময়ের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।
ফেলোশিপের সুবিধাগুলো :ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে এক্সিকিউটিভ কোচিং। হার্ভার্ড ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে মেন্টরশিপ। হার্ভার্ড ইভেন্টে বক্তব্য রাখার সুযোগ। এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ। বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ব মাস্টারক্লাসে যোগদান। সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের ইন-রেসিডেন্স প্রোগ্রাম (আবাসন, বিমান ভাড়া ও দৈনিক ভাতা)।
প্রয়োজনীয় কাগজপত্র: সিভি বা রিজিউম, উদ্দেশ্যপত্র (১ দশমিক ৫ পৃষ্ঠার বেশি নয়), চারটি প্রবন্ধ (প্রতিটি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে), নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার, মেন্টরের কমিটমেন্ট লেটার, দুটি রেফারেন্স লেটার।
আবেদনের প্রক্রিয়া :আবেদনকারীদের অনলাইনে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনকারীরা নিজেদের মনোনয়ন নিজেরাই জমা দেবেন।
আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০২৫
এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত ১৮টি দেশের পেশাজীবীরা অংশ নিয়েছেন। তাদের কাজের ক্ষেত্র ছিল এইচআইভি বা এইডস, স্বাস্থ্য নীতি, ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন। বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্বের সুযোগ পেতে চাইলে এই ফেলোশিপ হতে পারে আপনার জন্য একটি বড় পদক্ষেপ।