তাসলিমা শোয়েব
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম
ফল ও সবজি মানুষের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে ভিটামিন, খনিজ ও আঁশ জাতীয় উপাদান থাকে; যা শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু এই ফল ও সবজি খুব দ্রুত নষ্ট হয় বা পচে যায়, বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায়। পচন হলে শুধু খাদ্য অপচয়ই নয়, অর্থনৈতিক ক্ষতিও হয়। তাই ফল ও সবজি দীর্ঘদিন ভালো রাখার জন্য পচন রোধের উপায় জানা অত্যন্ত প্রয়োজন।
সঠিকভাবে সংগ্রহ করা
সঠিকভাবে সংগ্রহ করা খুব জরুরি। অতিরিক্ত পাকা বা আঘাতপ্রাপ্ত ফল-সবজি খুব দ্রুত পচে যায়। তাই সবজি বা ফল সংগ্রহের সময় সাবধানে তুলতে হবে যেন দাগ বা ক্ষত না লাগে। কাঁচা বা আধাপাকা অবস্থায় সংগ্রহ করলে তা বেশি সময় টিকে থাকে। বিশেষ করে টমেটো, কলা, পেঁপে, আম ইত্যাদি ফল আধাপাকা অবস্থায় তোলা ভালো।
যথাযথ উপায়ে সংরক্ষণ
পরিষ্কার ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ফল ও সবজি সংরক্ষণ করা উচিত। মাটি বা ধুলো ময়লা লেগে থাকলে ফল ও সবজিতে জীবাণু জন্মায় এবং তা দ্রুত নষ্ট হয়। তাই সংগ্রহের পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং শুকনো কাপড়ে মুছে রাখতে হবে। সংরক্ষণের জায়গা হতে হবে ঠান্ডা, বাতাস চলাচলযোগ্য এবং শুষ্ক।
তাপমাত্রা নিয়ন্ত্রণ
তাপমাত্রা নিয়ন্ত্রণ ফল ও সবজি সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়। অনেক ফল-সবজি ঠান্ডা তাপমাত্রায় বেশি দিন ভালো থাকে। যেমনÑ ফ্রিজে রাখলে টমেটো, লেবু, শসা, বেগুন, মরিচ ইত্যাদি কয়েক দিন ভালো থাকে। আবার কিছু ফল যেমন কলা ও পেঁপে অতিরিক্ত ঠান্ডায় রাখলে কালচে হয়ে যায়, তাই সেগুলোর জন্য ঘরের তাপমাত্রাই উপযুক্ত।
প্রাকৃতিকভাবে সংরক্ষণ
রসায়নবিহীন প্রাকৃতিক সংরক্ষণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ শুকনো নিমপাতা বা ধনেপাতা সংরক্ষণে রাখলে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি কমে যায়। এ ছাড়া লবণ, চুন, ভিনেগার বা সরিষার তেল ব্যবহার করে আচার তৈরি করাও একটি প্রাচীন ও কার্যকর উপায়। এতে ফল ও সবজি দীর্ঘ সময় নষ্ট হয় না এবং স্বাদও অক্ষুণ্ন থাকে।
কোল্ড স্টোরেজ
আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও পচন রোধ করা সম্ভব। বর্তমানে ‘কোল্ড স্টোরেজ’ বা ঠান্ডা গুদাম ব্যবস্থার মাধ্যমে অনেক ফল ও সবজি মাসের পর মাস ভালো রাখা হয়। কৃষকরা এসব গুদামে ফল সংরক্ষণ করে পরে বাজারে সরবরাহ করতে পারেন। এ ছাড়া ফল শুকানো, হিমায়ন এবং ক্যানজাত করা প্রযুক্তি ব্যবহার করেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।
যথাযথ প্যাকেজিং
যথাযথ প্যাকেজিং বা মোড়কজাতকরণও খুব গুরুত্বপূর্ণ। পলিথিন ব্যাগের পরিবর্তে ছিদ্রযুক্ত প্লাস্টিক বাক্স বা কার্টন ব্যবহার করা উচিত, যাতে বাতাস চলাচল করতে পারে। ফল ও সবজিকে একসঙ্গে বেশি করে ঠেসে রাখলে আঘাত লাগে ও পচে যায়। তাই সংরক্ষণের সময় পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
যত্নের সঙ্গে বাজারজাতকরণ
বাজারজাত করার সময় যত্ন নেওয়া প্রয়োজন। অনেক সময় পরিবহনে ফল ও সবজি ট্রাক বা ভ্যানে অতিরিক্ত গরমে বা চাপে নষ্ট হয়ে যায়। তাই ঠান্ডা ট্রাক, ছায়াযুক্ত স্থানে রাখা ও দ্রুত বিক্রির ব্যবস্থা করা উচিত।
ফল ও সবজির পচন রোধ করা শুধু ব্যক্তিগত নয়, জাতীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তাই ফল ও সবজির সঠিক সংরক্ষণ কৃষকের আয় বাড়ায় এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। আমরা যদি সবাই কিছু সহজ নিয়ম মেনে চলি- যেমন পরিষ্কার রাখা, ঠান্ডায় সংরক্ষণ, প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার এবং প্রযুক্তির সহায়তা; তাহলে ফল ও সবজি দীর্ঘদিন সতেজ ও নিরাপদ রাখা সম্ভব।