× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোমার জন্য টিয়ারস ইন হ্যাভেন, কুইন

ধ্রুব এষ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৪:২৩ পিএম

রাইদাহ গালিবা ও তার লেখা বই

রাইদাহ গালিবা ও তার লেখা বই

রাইদাহ গালিবার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই। দেখা হলে আমি হয়তো একটা ছড়া বানিয়ে তাকে বলতাম,

কুইন রাইদা গালিবার

বন্ধু হলেন গালিভার

রাইদাহ গালিবার ডাকনাম কুইন। বয়স ১২।

গালিভারের মতো সে লম্বু বা সবুজ ঝাউগাছের মতো। ৫ ফুট ৭। ভিকারুননিসা নূন স্কুলের ক্লাস ফাইভের স্টুডেন্ট। বড় হয়ে বাংলাদেশ নারী ক্রিকেটার দলে খেলতে চায়। তার সঙ্গে আমার দেখা হয় নাই!

রাইদার লেখা বই আছে ছয়টা। প্রকাশিত বই। ছোট ছোট বই। এক বসায় পড়ে উঠেছি। আশ্চর্য সুন্দর গল্প একেকটা। ‘পিটুর জাদুর জুতা,’ ‘এক যে ছিল মুচি’, ‘আন্ডোরে রাজ্যের কাহিনি, ‘বাঘ ও দৈত্য’, ‘ইমা ও দৈত্য’ এবং ‘ভয়ংকর গাছ।’ তার কিছু বই দেখেছে রাইদাহ, কিছু দেখে নাই। কেন? কোন জাদুকরের ম্যাজিকে যেনবা অদৃশ্য হয়ে গেছে রাইদাহ। আমরা কেউ আর তাকে দেখতে পাই না। জাদুকর, এটা ভালো হয় নাই।

বাংলা একাডেমির ‘ধানশালিকের দেশ’ পত্রিকায় রাইদাহর গল্প ছাপা হয়েছে। শিশু একাডেমির ‘শিশু’ পত্রিকায় ছাপা হয়েছে। যারা পড়েছেন প্রশংসা করেছেন। রাইদাহ অনেকবার তার মাকে বলেছে, আরও অনেক গল্প আছে তার মাথায়। সব লিখবে। লিখছে না কেন? নাকি কোথাও বসে রাইদাহ তার সেইসব গল্প লিখছে! সব গল্প লিখে আরও গল্প লিখছে? আমাদের দেখার মতো চোখ নাই বলে আমরা দেখতে পাচ্ছি না? আমাদের পৃথিবীর মতো আরও অনেক পৃথিবী নাকি আছে, বিজ্ঞান বলছে। সেই সব পৃথিবীর কোনো একটায় আছে কি রাইদাহ? আছে। রাইদাহর মা কানিজ পারিজাত, কবিও ও কথাসাহিত্যিক, সেই পৃথিবী তার পৃথিবী। আর গ্রহের নাম হয়তো রাইদাহ। রাইদাহ গালিবা কুইন, বয়স ১২, চিরকাল। সেখানে।

এরিক ক্ল্যাপটনের অনেক গান আছে। একটা গান আছে ‘টিয়ারস ইন হ্যাভেন।’

Would you know my name

If I saw you in heaven?

Would you feel the same

If I saw you in heaven?...


রাইদাহ গালিবা কুইন। 

জন্ম ৮ মার্চ ২০১১

মৃত্যু ৩০ নভেম্বর ২০২২।

কেন?

ডেঙ্গু হয়েছিল রাইদাহ গালিবার। সুচিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছিল একটা বেসরকারি হাসপাতালে। রাইদাহর মায়ের অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও অবহেলায় মৃত্যু হয়েছে তার মেয়ের।

আহ!

তোমার সঙ্গে আমার দেখা হয় নাই, রাইদাহ! তোমার জন্য টিয়ারস ইন হ্যাভেন, কুইন।

Beyond the door there's peace I'm sure

And I know there'll be no more tears in heaven...

১০ নভেম্বর ২০২৫


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা