প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৭:১৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫ ১৭:৪৪ পিএম
ক্যারিয়ার গোছানো নিয়ে সবাই একটা বয়সে এসে ভাবনায় পড়ে যায়। সঠিক পরিকল্পনা না থাকায় কীভাবে কী করা যায় তা নিয়েও দুশ্চিন্তা বাড়তে থাকে। এদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়ে, পরিবারের নানা চাপের মুখোমুখি হতে হয়। কীভাবে ক্যারিয়ার গোছাতে পারেন তা নিয়ে রইল কিছু পরামর্শ-
ক্যারিয়ার পরিকল্পনা
নির্দিষ্ট ও ধরাবাঁধা চাকরির জগতে আটকে না থেকে আপনার স্কিল দিয়ে কী কী চাকরি করা যায় সেগুলো আগে খুঁজে বের করুন। আপনার পছন্দের চাকরিতে জয়েন করার জন্য কী কী স্কিল প্রয়োজন তা এক জায়গায় নোট করে রাখুন। এরপর নিজেকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে ওই স্কিলগুলো অর্জন করুন।
নিজের কাজ ও ব্যক্তিজীবনের সামঞ্জস্য রাখুন
মাঝে মাঝে কর্মজীবনে আমরা এতটাই ডুবে যাই যে এর বাইরেও যে আমাদের একটা জীবন রয়েছে, তার কথা ভুলে যাই। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য রক্ষা করা অনেক জরুরি। ভারসাম্য তৈরির উদ্দেশ্য হলো, একজন ব্যক্তি যাতে নিজেকে যথেষ্ট সময় দিতে পারেন। আবার তার পাশাপাশি কর্মজীবনও যেন তাৎপর্যপূর্ণ হয়। ফলে বাড়তি চাপ মোকাবিলা করতে হবে না।
নিজের জন্য শিখুন
পড়ালেখা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। শিক্ষা অর্জন করে একদিন বড় চাকরি করতে হবে, তাই পড়ালেখা করিÑ এমন মনোভাব থাকলে এখনই নিজেকে বদলান। শুধু ভালো চাকরির জন্য নয়, নিজের জন্য শিখুন। নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করুন। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হোন, নিয়মিত বই পড়ুন। শুধু পেশাগত জীবনে উন্নতি করার জন্য নানা কোর্স করলেই হবে না। সাধারণ এই বিষয়গুলো পেশাদার বিশ্বে আপনার জন্য একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।
অর্থ বিনিয়োগ করতে শিখুন
সম্ভাবনাময় খাতে অর্থ বিনিয়োগ করতে শিখুন। ভবিষ্যতের আর্থিক সুরক্ষা ও স্বাধীনতা অর্জন করতে চাইলে এখনই অর্থ বিনিয়োগ করার উপযুক্ত সময়। এতে অল্প সময়ে আপনার অর্থ বৃদ্ধি পাবে। উপার্জন করার পাশাপাশি তা বিনিয়োগ করা সহজ নয়। এর জন্য চাই বোঝাপড়া। ফলে হুট করে কোথাও বিনিয়োগ করে চোখ বুজে বসে থাকবেন, তা যেন না হয়। ব্যাংকে বা ঘরে টাকা জমা রেখে তেমন সুফল মেলে না। তাই ভবিষ্যৎ উজ্জ্বল করতে এবং আর্থিকভাবে সুরক্ষিত থাকতে চাইলে অর্থ বিনিয়োগ করতে শিখুন।
দৃঢ় সম্পর্ক গড়ে তুলুন
মানুষ নিজেকে যতই পরিপূর্ণ ভাবুক না কেন অন্যের সহযোগিতা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া যায় না। তাই যোগাযোগ বৃদ্ধি করা জরুরি। এটাকে বিনিয়োগ বলা যায়। বেশি বেশি মানুষের সঙ্গে পরিচিতি বাড়লে, ভালো সম্পর্ক গড়ে তুললে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হবে। ভবিষ্যতে এটা আপনার সম্পদ হিসেবে কাজ করবে। পেশা ও ব্যক্তিগত উভয় জীবনে এ সম্পদ কাজে লাগবে। তাই আশপাশের যত মানুষের সঙ্গে সম্ভব ভালো সম্পর্ক গড়ে তুলুন।
সিভি আপডেট করুন
আমরা চাকরির আবেদনের আগে তাড়াতাড়ি সিভি আপডেট করি। ফলে অনেক সময় সিভিতে অনেক ভুল ধরা পড়ে। এই ভুল এড়াতে আগে থেকেই সিভি আপডেট করে রাখতে পারেন। নতুন চাকরি, স্কিল বা ইন্টার্নশিপ পাওয়ার সঙ্গে সঙ্গে সিভিটা আপডেট করে রাখুন।
ইন্টারভিউ দক্ষতা বাড়ান
প্রতিটি সাক্ষাৎকারে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। চাকরির ইন্টারভিউ দেওয়ার কৌশলসমূহ জানা থাকলে আপনার আত্মবিশ্বাস, মনোবল আপনার সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
রিমোট চাকরির মাধ্যমে নতুন সুযোগ খুঁজুন
অনেক প্রতিষ্ঠানে রিমোট চাকরির সুবিধা রয়েছে। এর মাধ্যমে আপনি শুধু দেশীয় কোম্পানি নয়, বরং আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন তবে আপনি ঘরে বসেই উচ্চ বেতনে বাইরের দেশের কোনো কোম্পানিতে পারমানেন্ট চাকরি করতে পারবেন।
প্রবা ফটো