আফসানা মিমি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৩ পিএম
পাহাড়ে গেলে পাহাড়ি খাবার খেতে ভালো লাগে, কিন্তু সেই খাবার চাইলেই সব সময় খাওয়া যায় না। এখন ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মজাদার স্বাদের পাহাড়ি খাবার। রেসিপি দিয়েছেন আফসানা মিমি।
পাহাড়ি মুরগির ঝোল
যা যা লাগবে
দেশি মুরগি ১ কেজি, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ ৫টি, ধনেপাতা, হলুদ, লবণ ও সামান্য সরিষার তেল।

যেভাবে বানাবেন
মুরগির টুকরোগুলো ধুয়ে সব মসলা একসঙ্গে মাখিয়ে নিন। চুলায় পাতিল বসিয়ে অল্প তেল গরম করে মুরগি ঢেলে দিন। পানি না দিয়েই ঢেকে দিনÑ মুরগি থেকে যে পানি ছাড়বে তা দিয়েই মুরগি সিদ্ধ হয়ে যাবে। মাঝেমধ্যে নাড়াচাড়া করতে হবে। মাংস নরম হলে সামান্য পানি দিন। শেষে ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন। এই রান্নার স্বাদ আসে এর সাদামাটা অথচ প্রাকৃতিক ঘ্রাণ থেকে।
বাঁশকোড়লের ভর্তা
যা যা লাগবে
বাঁশকোড়ল ২ কাপ, শুকনো মরিচ ৫-৬টা, রসুন ৪ কোয়া, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ ও সরিষার তেল পরিমাণমতো।

যেভাবে বানাবেন
বাঁশকোড়ল ধুয়ে ছোট ছোট টুকরো করে লবণসহ সিদ্ধ করে নিন। পানি ঝরিয়ে ঠান্ডা হলে শিলপাটায় শুকনো মরিচ ও রসুন বেটে নিন। এরপর বাঁশকোড়ল দিয়ে ভালোভাবে বেটে নিন। সবশেষে পেঁয়াজ কুচি ও সরিষার তেল মিশিয়ে ভর্তা তৈরি করুন। ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই ভর্তা।
পাহাড়ি কচু-ঝাল
যা যা লাগবে
কচুর ডগা বা পাতা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনো মরিচ ৩-৪টা, রসুন ২ কোয়া, লবণ ও সরিষার তেল।

যেভাবে বানাবেন
কচু ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করুন। পানি ঝরিয়ে নিন। শুকনো মরিচ ও রসুন ভেজে বেটে নিন। এবার প্যানে সামান্য তেল দিয়ে কচু ও বাটা মসলা দিন, হালকা নেড়ে অল্পক্ষণ ভাজুন। এতে কচুর তাজা স্বাদ অটুট থাকবে, আবার ঝাল ঘ্রাণও আসবে।
