মাসুম আওয়াল
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১১:২৩ এএম
আঁকা : মেহেরুন্নিসা, সপ্তম শ্রেণি, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি, খাগড়াছড়ি
আচ্ছা আচ্ছা বেড়াল বাচ্চা
মায়ের আদর নিচ্ছে সাচ্চা
বাঘের মতো ডোরাকাঁটা
বাঘের মতোই চলা হাঁটা
মিঁউ মিঁউ মিঁউ ডাকটা মেলে
বেড়ালরা খুব লক্ষ্মী ছেলে
ঘুরছে পায়ের কাছে কাছে
আমার অনেক বেড়াল আছে
শোনে না কেউ কোনো মানা
ধরে বেড়ায় ইঁদুর ছানা
বাঘের মতো হেলে দুলে
ঘুরে বেড়ায় দুচোখ খুলে
থাকে সজাগ সবার কানই
বেড়াল বাচ্চা মজার, ফানি।
কাগজ মুড়ে বানালে বল
ওরা সবাই থাকে সচল
খেলে সারা বাড়ি মাতায়
বেড়াল আঁকি ছবির খাতায়।
বেড়াল ছানা ব্যস্ত ভীষণ
নিচ্ছে কখন কী যে মিশন
নেই কোনো ঠিক কী যে করে
বেড়াল মা তো হেসেই মরে।
অনেকগুলো বেড়াল ছানা
নাচ জুড়েছে তানা না না
নেচে নেচে ক্লান্ত হলে
আসবে ছুটে মায়ের কোলে।
খাওয়া শেষে চোখ বুঁজে ঘুম
যেই ভাঙে ঘুম খুশিরই ধুম।
বেড়াল দেখেই ভালো লাগে
ফোলাবে গোঁফ যখন রাগে
উঠবে আওয়াজ ঘরোর ঘরোর
পরিস্থিতি গুমট হরর।
কত কাণ্ড করে পাছে
আমার অনেক বেড়াল আছে।