সেতু বৈশ্য
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম
আগের দিনের রান্না করা ভাত ফ্রিজে রয়ে যায় অনেক সময়। সেসব ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলা যায় দারুণ মুখ্রোচক কিছু খাবার। আজকের হেঁশেলে রইলো এমনই বাসি ভাতের কয়েকটি রেসিপি।
রাইস কাটলেট
যা যা লাগবে
ভাত, আলু, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচে গুঁড়া, চাট মসলা, গরম মসলা, লেবুর রস, কর্নফ্লাওয়ার, ডিম, ব্রেড ক্রাম্ব, তেল।

যেভাবে বানাবেন
ভাত চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে। সিদ্ধ করা আলু গ্রেট করে ভাতের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ভাত যে পরিমাণ নেওয়া হবে আলু সিদ্ধ তার অর্ধেক পরিমাণে নিতে হবে। এরপর এতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, চাট মসলা, গরম মসলা গুঁড়া, লেবুর রস আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রতিটি সবজি খুব ছোট করে কুচি করতে হবে যেন ভাত আর আলুর সঙ্গে মিশে যায়। এই হাতেই তেল মেখে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। ডিম লবণ দিয়ে ফেটিয়ে গড়ে রাখা কাটলেট ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে কোট করে নিতে হবে। এরপর সবগুলো কাটলেট ৩০ মিনিটের মতো ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে ভালো করে সেট হবে। এরপর তেলে ভেজে নিলেই রেডি কাটলেট। চায়ের সঙ্গে টা হিসেবে দারুণ জমে যাবে।
মিক্সড ফ্রাইড রাইস
যা যা লাগবে
আগের দিনের বেঁচে যাওয়া ভাত, বোনলেস চিকেন, চিংড়ি মাছ, ডিম, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, গোলমরিচ, লবণ, সয়া সস, লেবুর রস, তেল।

যেভাবে বানাবেন
বোনলেস চিকেন ছোট করে কেটে নিয়ে গোলমরিচের গুঁড়া, সয়া সস আর পরিমাণমতো লবণ মেখে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে মেখে রাখা চিকেন ভেজে তুলে রাখতে হবে। চিংড়ি মাছ লবণ মিশিয়ে ভেজে তুলে রাখতে হবে। ডিম ভালো করে লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে তেলে ঝুড়ি করে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইয়ে আরেকটু তেল গরম করে তাতে প্রথমে দিতে হবে রসুন কুচি। ভাজা হয়ে এলে কুচি করা ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিতে হবে। ২/১ মিনিট ভেজেই দিয়ে দিতে হবে ভাত। এর মধ্যে প্রয়োজনমতো লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশাতে হবে। নামানোর আগে ভেজে রাখা চিকেন, চিংড়ি, ডিম আর লেবুর রস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আগের দিনের ভাত দিয়ে বানানো ফ্রাইড রাইস।
আচারি খিচুড়ি
যা যা লাগবে
লেফট ওভার ভাত, মসুর ডাল, পেঁয়াজ কুচি, রসুন আর আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, কাঁচা মরিচ, শুকনা মরিচ, তেল, আমের আচার।

যেভাবে বানাবেন
মসুর ডাল ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার একটা প্রেশার কুকারে তেল গরম করতে হবে। এর মধ্যে প্রথমে আস্ত শুকনো মরিচ দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে, দিতে হবে আদা রসুন বাটা। ভালো করে ভেজে এরপর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। ভিজিয়ে রাখা মসুর ডাল মসলার সঙ্গে দিয়ে ভাজতে হবে ৩-৪ মিনিট। এরপর দিতে হবে বেচে যাওয়া ভাত। সব মিশিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে। আস্ত কাঁচা মরিচ আর আমের আচার দিয়ে আবারও সব মিক্স করতে হবে। প্রেশার কুকারের ঢাকনা দিয়ে ২টি সিটি দিয়ে চুলা বন্ধ করে রেখে দিতে হবে ১০-১৫ মিনিট। এরপর ঢাকনা খুলে পরিবেশন করতে পারেন মজাদার আচারি খিচুড়ি।
ক্রিসপি দোসা
যা যা লাগবে
ভাত (১.৫ কাপ), সুজি (১ কাপ), টক দই (১ কাপ), পানি, চিনি, লবণ, লেবুর রস, বেকিং সোডা, তেল, লাল মরিচের গুঁড়া, চাট মসলা।

যেভাবে বানাবেন
ভাত, সুজি, দই, পানি, চিনি আর লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটা বাটিতে মিশ্রণটা নিয়ে ঢেকে রাখতে হবে ১০-১৫ মিনিট। তারপর ১/৪ চা চামচ বেকিং সোডা আর অল্প করে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বড় তাওয়া গরম করে তার উপরে প্রথমে পানির ছিটা দিয়ে নিতে হবে। তারপর পানিটা মুছে ফেলতে হবে। চামচে করে ব্যাটার তাওয়ায় নিয়ে আস্তে আস্তে চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকার দিতে হবে। আপনি যতটুকু বড় বাড়াতে চান সেই অনুযায়ী ব্যাটার নিতে হবে। এর উপরে অল্প করে তেল ছড়িয়ে দিতে হবে। একটা বাটিতে লাল মরিচের গুঁড়ো, চাট মসলা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মসলাটা তাওয়ার উপরে রাখা দোসার উপরে ছড়িয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। দোসার এক পাশ ভাজা মুচমুচে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এভাবে সবগুলো দোসা বানাতে হবে। মজাদার চাটনি দিয়ে পরিবেশন করা যাবে এই দোসা।