জান্নাতুল ফেরদৌস বিন্তি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম
প্রচণ্ড গরম থেকে রাতে হিম হিম ভাবÑ শীত আসি আসি করছে। বোঝাই যাচ্ছে বাতাসে পরিবর্তনের গন্ধ চলে এসেছে। মৌসুম বদলের এ সময়ে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা হচ্ছে অনেকের। এ সময়ে তাই নিজের যত্ন নিতে হবে বিশেষভাবে। নানা ধরনের ওষুধের কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পান করতে পারেন মসলা চা। এই চা শুধু কোনো পানীয় নয়, বরং এটি এক প্রকার প্রাকৃতিক ওষুধও বলা চলে। নানা রকম মসলা-দারুচিনি, আদা, লবঙ্গ, এলাচ, তেজপাতাÑ এই মসলাগুলোর মিশ্রণে তৈরি করা মসলা চা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে খুব ভালো কাজ করে।
মসলা চা খেলে যে উপকার মিলবে
চায়ে থাকা মসলাগুলোর কী উপকার?
দারুচিনি
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, সংক্রমণ প্রতিরোধে সহায়ক, চর্বি কমাতে ও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
আদা
হজমে সহায়তা করে, বমিভাব, ঠান্ডা ও কাশি দূর করে, রক্ত চলাচল স্বাভাবিক রাখে, শরীর গরম রাখে এবং ব্যথা উপশমে সাহায্য করে।
লবঙ্গ
জীবাণুনাশক হিসেবে কাজ করে, গলা ব্যথা, সর্দি-কাশিতে উপকারী, দাঁত ও মাড়ির ব্যথা কমায়, শরীরের ক্লান্তি ও ঠান্ডা ভাব দূর করে।
এলাচ
মুখের দুর্গন্ধ দূর করে, হজমে সাহায্য করে, মানসিক প্রশান্তি আনে, চায়ে বিশেষ সুগন্ধ ও স্বাদ যোগ করে।
তেজপাতা
হজমে সহায়ক এবং গ্যাস দূর করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, সর্দি, কাশি ও ফ্লু থেকে রক্ষা করে, শরীরকে ডিটক্সিফাই করে।
ঘরেই যেভাবে বানাবেন মসলা চা
উপকরণ : (২ কাপ চায়ের জন্য)
পানি ১ কাপ, চা পাতা ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, দারুচিনি ১ টুকরো, এলাচ ২টি, লবঙ্গ ২টি, তেজপাতা ১টি, মধু বা চিনি স্বাদমতো।
প্রস্তুত প্রণালী : একটি পাত্রে পানি নিয়ে তাতে আদা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিন। মাঝারি আঁচে ৫-৭ মিনিট ফুটতে দিন, যেন মসলার গন্ধ ও উপকারিতা পানিতে মিশে যায়। এরপর চা পাতা দিন এবং আরও ১ অথবা ২ মিনিট ফুটাতে থাকুন। ছেঁকে কাপের মধ্যে ঢেলে নিন। শেষে মধু বা চিনি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন। সকালে বা বিকালে এক কাপ মসলা চা মন ও শরীর দুই-ই সতেজ করে। ঠান্ডার দিনে এটি আরও আরামদায়ক। চায়ে চিনি না দিয়ে মধু মিশিয়ে খেলে উপকারিতা আরও বেড়ে যায়।