সাহিদা আক্তার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ১১:৪৯ এএম
নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি) আয়োজিত বহুল প্রত্যাশিত ফ্ল্যাগশিপ আয়োজন ‘সোশিও ক্যাম্প-১২’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) এক জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রথম রানারআপ টিম অরাচাষি এবং দ্বিতীয় রানারআপ হয়েছে টিম ঝালমুড়ি।
এই বছরের ইভেন্টটি স্পন্সর করেছে Mercedes-Benz x Honda, কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল Dheu, আর সহযোগী পার্টনার হিসেবে ছিল Cinnabon ও Royal Enfield! প্রথম রাউন্ডে অংশগ্রহণ করা ৬২৪টি দলের মধ্য থেকে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে মাত্র ৬টি দল জায়গা করে নেয় ফাইনাল পর্বে। ফাইনাল রাউন্ডে প্রতিটি দল তাদের অনবদ্য উপস্থাপনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। প্রতিটি প্রেজেন্টেশনে ছিল সৃজনশীল ধারণা, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা ও বাস্তবসম্মত সমাধান প্রদানের চিন্তাভাবনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল হান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর আবদুর রব খান। তারা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী, প্রেসিডেন্ট মৌরিন ইসলাম এবং হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌস তাদের বক্তব্যে ইভেন্টটির যাত্রাপথ, সাফল্যের গল্প ও দলের নিবেদন তুলে ধরেন।
ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা ছিল অত্যন্ত উৎসবমূখর ও মানসম্মত। প্রতিটি দল সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করে। সব মিলিয়ে ‘সোশিও ক্যাম্প-১২’ ছিল এক অনন্য, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান। তরুণদের উদ্যম, সামাজিক চিন্তা ও সৃজনশীলতার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে ভবিষ্যৎ পরিবর্তনের দিশা দেখাবে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম সফল ইভেন্ট হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।