রওনক জাহান পুষ্প
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫ ১৬:৪১ পিএম
মেকআপ আইটেম আমাদের প্রতিদিনকার জীবনে এক অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে যতই রেডি হয়ে বের হই, একটা লম্বা সময় বাইরে থাকতে হয় প্রায় সবারই। এ ছাড়া আবহাওয়াও কেমন অনিশ্চিত, এই গরম এই বৃষ্টি। তাই আমাদের মেকআপের ওপর হালকা টাচ-আপ দেওয়ার জন্য কিছু টুকটাক জিনিস লাগেই। আবার এমনও হয়, ব্যস্ততায় সকালে রেডি হওয়া সুযোগই থাকে না। তখন প্রয়োজনীয় কিছু জিনিস থাকলে একফাঁকে তৈরি হয়ে নেওয়া যায় যেকোনো পরিস্থিতিতেই। কিন্তু মেকআপ আইটেমস সঙ্গে নেওয়া মানে নিশ্চয়ই পুরো বক্স নিয়ে ঘোরা নয়! দেখে নেওয়া যাক প্রতিদিনকার একটা মেকআপ ব্যাগে কী কী থাকা আবশ্যক।
সানস্ক্রিন : মেকআপ ব্যাগে সবার প্রথমে যেই জিনিসটা রাখতেই হবে, সেটা হলো সানস্ক্রিন। সানস্ক্রিন কোনোভাবেই স্কিপ করা যায় না, দিনের শুরুতে এপ্লাই করার পরও অবশ্যই রোদে গেলে বা টানা বাইরে থাকলে দুই ঘণ্টা পর রিএপ্লাই করতে হয়।
ময়েশ্চারাইজার : ময়েশ্চারাইজার আমাদের ত্বকের জন্য সব সময় সব পরিস্থিতিতে দরকারি। আবহাওয়া যেমনই হোক, এটি কোনোভাবেই মিস করা যাবে না। ময়েশ্চারাইজার ত্বককে হেলদি রাখে, যেটা মেকআপ সুন্দর হওয়ার প্রধান শর্ত। তাই ত্বকের ধরন
অনুযায়ী একটা ময়েশ্চারাইজার সব সময় সঙ্গে থাকা উচিত।

লাইট কভারেজ ফাউন্ডেশন/বিবি বা সিসি ক্রিম : হেভি বা ফুল কভারেজ ফাউন্ডেশনগুলো সাধারণত আমরা বিশেষ উপলক্ষে বা রাতে জমকালো লাইটিং এ ব্যবহার করি। প্রতিদিনের জন্য এটা খুব একটা কার্যকর নয়, ত্বকের জন্যও ভালো নয়। প্রতিদিনের জন্য ব্যাগে রাখা যায় হালকা টিন্টেড ফাউন্ডেশন, বা ভালো ব্র্যান্ডের বিবি বা সিসি ক্রিম। এগুলো ত্বককে সুন্দর টাচ-আপ দেওয়ার পাশাপাশি ত্বককে শ্বাস নেওয়ার সুযোগ দেয়।
কনসিলার : মেকআপকে ন্যাচারাল করতে আর ইভেন টোন লুক দিতে চমৎকার কাজ করে কনসিলার। সারা দিনের ঝক্কিতে মেকআপ একটু মলিন হয়ে গেলে বা উঠে গেলে সেটাকে ফিক্স করা যায় একটুখানি কনসিলার দিয়েই। বেশিরভাগ কনসিলার সাইজে ছোট, তাই অনায়াসেই ব্যাগে বা পার্সে নিয়ে ঘোরা যায়।
সেটিং পাউডার : ঘামে মেকআপ গলে গেলে বা ত্বকে তেলতেলে ভাব ফুটে উঠলে সেটাকে ম্যাজিকের মতো নতুন ফিনিশিং দিতে পারে সেটিং পাউডার। ছোট একটা সেটিং পাউডার আর ব্রাশ/পাফ এক্ষেত্রে লাইফসেভার। এটা এত জনপ্রিয় যে ‘পাউডারিং নোজ’ কথাটা অনুষ্ঠানে বা পার্টিতে ব্রেক নেওয়ার অলিখিত কোডে পরিণত হয়েছে।
আইলাইনার ও কাজল : এই জিনিস ছাড়া মেয়েদের মেকআপ ব্যাগ অসম্পূর্ণ বললে একটুও ভুল বলা হবে না। একদম সাধারণ লুকেও ড্রামাটিক আইলাইনার বা গাঢ় কাজল সম্পূর্ণ লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। মাত্র দুই মিনিটে রেডি হয়ে যাওয়ার জন্য এগুলো সবচেয়ে বেশি কাজের, তাই মেকআপ ব্যাগে এর স্থান হওয়া উচিত একদম শুরুর দিকেই।
লিপস্টিক আর লিপগ্লস/টিন্ট : লিপস্টিক আর লিপগ্লস ছাড়া মেকআপ যেন কল্পনাও করা যায় না। দুই তিনটা আলাদা টোনের লিপস্টিক আর লিপগ্লস সঙ্গে রাখলে যেকোনো অকেশনেই কাজে লাগে। শুধু লিপস্টিকের টোন বা রঙ চেঞ্জ করলেই পুরো লুকটা বদলে যায় এক মিনিটে! তাই আইলাইনার আর কাজলের পর মেকআপ ব্যাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিপস্টিক। হালকা লুকের জন্য লিপ টিন্ট নেওয়া যায়, আবার লিপ টিন্ট অনেক সময় ব্লাশের কাজও করে। একটা প্রোডাক্টেই দুটার সুবিধা পেলে ক্ষতি কি!
ছোটো আইশ্যাডো প্যালেট বা ব্লাশ-ব্রোঞ্জ-হাইলাইট প্যালেট : তিন চার রঙ বা ৭-৮ রঙের ছোট্ট আইশ্যাডো প্যালেট এখন প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। সারা দিনের ক্লাস বা অফিসের পর একটু কোথাও ঘুরতে যেতে বা কোনো প্রোগ্রামে যেতে হলে চটজলদি মেকআপের জন্য ছোট্ট আইশ্যাডো প্যালেটের জুড়ি নেই। এখনকার আইশ্যাডো প্যালেটগুলোতে এমনভাবে রঙ সিলেক্ট করা থাকে, যে ব্যবহার করা যায় ব্লাশ, হাইলাইটার, ব্রোঞ্জার এসব কাজেও। এরকম শেড মিলানো পাওয়া গেলে তো খুবই ভালো, না পাওয়া গেলে ছোট সিঙ্গেল কালার ব্লাশ হাইলাইটার আর ব্রোঞ্জার কিনে রাখা যেতে পারে। চটজলদি একটা গ্ল্যামারাস লুক দিতে এগুলো খুব কাজে আসে।
মিনি সেটিং স্প্রে : মেকআপ করার সঙ্গে সঙ্গে সেটা সেট রাখাও গুরুত্বপূর্ণ। ছোট বোতলে করে ব্যবহারের সেটিং স্প্রে ব্যাগে নিয়ে নিতে পারেন দাওয়াতে বা পার্টিতে যাওয়ার আগে। টাচ আপ দেওয়ার পর স্প্রে করে নিলে মেকআপ আগের মতোই সুন্দর হয়ে যাবে।
কিছু টিপস
১. মেকআপের সামগ্রীর সঙ্গে সঙ্গে ব্যাগে রাখুন কিছু টুলস। ছোট আয়না-চিরুনী, হ্যান্ড স্যানিটাইজার, ক্লিপের পাতা, হেয়ার টাই, সেফটিপিন, কটন প্যাড, টিস্যু, ব্রাশ-পাফÑ এগুলো মেকআপ আইটেমের মতোই গুরুত্বপূর্ণ। খুব বেশি জায়গাও নেয় না ব্যাগে, কিন্তু দরকারের সময় খুব কাজে আসে।
২. সম্ভব হলে ব্যাগে মেকআপ রাখার জন্য আলাদা একটা পার্স বা ছোট ব্যাগ নিন, সেটাই সবচেয়ে ভালো। ব্যাগে জিনিস হারিয়ে গেলে বা পড়ে গেলে আপনারই ক্ষতি।
৩. ময়েশ্চারাইজার, পাউডার, ফাউন্ডেশন এসব সাধারণত আমরা বড় সাইজের কিনি। পুরো বোতল নিয়ে না ঘুরে ব্যবহার করতে পারেন ট্রাভেল কিট।
প্লাস্টিক আর ঘর সাজানোর জিনিসপত্রের দোকান অথবা অনলাইনে ২৫০-৩০০ টাকার মধ্যেই পাওয়া যায় ট্রাভেল কিট প্যাক, যার মধ্যে ৫-৭টি কৌটা, স্প্রে বোতল, লোশনের বোতল ইত্যাদি থাকে। আপনার ৫-৭ রকম প্রোডাক্ট এঁটে যাবে ছোট্ট একটা কিট-এ, চলাফেরাও হবে সহজ।