সানজিদা বিনতে হাফিজ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১১:৪৬ এএম
শরীরের জন্য সালাদ যে অনেক উপকারী সেটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আজ আপনাদের উপকারী কয়েকটি সালাদের রেসিপি নিয়ে জানাচ্ছেন সানজিদা বিনতে হাফিজ
ফ্রুট সালাদ
যা যা লাগবে
আপেল ২টি, তরমুজ ৩০ গ্রাম, আঙ্গুর ৩০ গ্রাম, আনারস ৩০ গ্রাম, পুদিনা পাতা ৫-৬টি, চাট মসলা ১ চিমটি, বিট লবণ ১ চিমটি, লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন
আপেল, তরমুজ, আনারস সমান কিউব করে কেটে নিতে হবে। তারপর সঙ্গে দিতে হবে আঙ্গুর। তারপর একে একে চাট মসলা, বিট লবণ, লবণ দিয়ে মিশিয়ে সবশেষে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
গ্রিলড চিকেন লেটুস সালাদ
যা যা লাগবে
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস ১টি, লেটুস পাতা ৪-৫টি, লাল ক্যাপসিকাম ৮০ গ্রাম, চিকন করে কাটা শসা ১টি, পেঁয়াজ কুচি ১/২টি, মেয়োনিজ ১/২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/২ চা চামচ, মধু ১ চা চামচ এবং লবণ স্বাদমতো।

যেভাবে বানাবেন
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিউব করে কেটে নিতে হবে। তারপর একে একে লেটুস পাতা, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ কুচি দিতে হবে। মেয়োনিজ, চিলি ফ্লেক্স, মধু এবং লবণ দিয়ে একত্রে মিশিয়ে দিলেই হয়ে গেল গ্রিলড চিকেন লেটুস সালাদ।
এগ সালাদ
যা যা লাগবে
বাঁধাকপি ৮০ গ্রাম, গাজর ১০০ গ্রাম, সিদ্ধ করা আলু মাঝারি আকারের ২টি, সিদ্ধ করা ডিম ২টি, বেবি কর্ন ৪-৫টি, টকদই ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো

যেভাবে বানাবেন
আলু, ডিম কিউব করে কেটে নিতে হবে। এরপর একটি পাত্রে কুচি করে রাখা বাঁধাকপি, টুকরো করে কেটে রাখা গাজর, বেবি কর্ন, আলু ও ডিম রাখতে হবে। তারপর টকদই, গোলমরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যস তৈরি হয়ে গেল মজাদার এগ সালাদ।
গ্রিন ভেজিটেবিল সালাদ
যা যা লাগবে
গাজর ১০০ গ্রাম (কিউব আকারে কাটা), ক্যাপসিকাম ১০০ গ্রাম (কিউব আকারে কাটা), শসা ১০০ গ্রাম (কিউব আকারে কাটা), পেঁয়াজ ১০০ গ্রাম (কিউব আকারে কাটা), টমেটো ১টি (কিউব আকারে কাটা), অলিভ অয়েল ১ চা-চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ স্বাদ অনুযায়ী, পুদিনা পাতা ও কাঁচামরিচ সামান্য পরিমাণ।

যেভাবে বানাবেন
কিউব আকারে কাটা সমস্ত ভেজিটেবল ভালো করে ধুয়ে তাতে একে একে অলিভ অয়েল, বিট লবণ ও পুদিনা, কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে ওপরে লেবু ছড়িয়ে দিতে হবে। তারপর একটি সার্ভিং ডিশে ঢেলে এই স্বাস্থ্যকর ভেজিটেবল সালাদ পরিবেশন করুন।