মাসুদুল হাসান রনি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৭:২১ পিএম
অলংকরণ : মিথিলা ভৌমিক, নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
হাঁটতে হাঁটতে বহুদূর
হাওয়ায় ভাসে মেঠোসুর
মেঠোসুরে উদাস মন
কানে বাজে সারাক্ষণ
পাখ পাখালির কলতান
বটের ছায়ায় জুড়ায় প্রাণ
হাঁটতে হাঁটতে বহুদূর
পাহাড় নদী সমুদ্দুর
বর্ষাকালে জল থই থই
ঘরের মাচায় লাঙ্গল মই
ডুবে গেছে পুকুর খাল
বট-পাকুড় হিজল তমাল
বিস্তীর্ণ ভূ-চরাচর
বসত ভিটে গোয়াল ঘর
থই থই জল, অকাল বন্যা
নাইতে গেছে বোন, কন্যা
আয়রে মেয়ে ফিরে আয়
ঝড় আসবে, ঐ দেখা যায়
ঈশান কোণে কালো মেঘ,
বইছে হাওয়া, ভীষণ বেগ।
হাঁটতে হাঁটতে বহুদূর
গাঁও ছেড়ে অচিনপুর
দিন ফুরোয়, সন্ধ্যা নামে
কৃষ্ণবরণ নীল খামে,
জোনাক জ্বলে, ঝিঁ ঝিঁ ডাক
দেশের ছবি বুকে থাক
এ যে আমার জনম দেশ
হেথায় হবে আমার শেষ!