প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১৭:৪৩ পিএম
জেসিআই ঢাকা মেট্রো তাদের চতুর্থ ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রজেক্ট ক্যারিয়ার ইনস্পিরেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে আজ (৭ অক্টোবর)।
জেসিআই ঢাকা মেট্রো তাদের চতুর্থ ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রজেক্ট ক্যারিয়ার ইনস্পিরেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে আজ (৭ অক্টোবর)। এই প্রকল্পের লক্ষ্য হলো বাংলাদেশের তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদেরকে আতিথেয়তা খাতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।

এই প্রকল্পের মাধ্যমে ৬ জন তরুণ-তরুণী পাবেন বিশ্ববিখ্যাত সেকেন্ড কাপ কফি'র অধীনে আন্তর্জাতিক মানের বারিস্টা প্রশিক্ষণ ও সনদপত্র। প্রশিক্ষণ শেষে তাদের জন্য থাকবে ইন্টার্নশিপ সুবিধা এবং পরবর্তীতে চাকরির সুযোগ, যা তাদের ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।

জেসিআই ঢাকা মেট্রোর ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট তৌফিক হাসান বলেন, জেসিআই বিশ্বাস করে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে প্রকৃত অর্থে ক্ষমতায়ন করা সম্ভব। প্রজেক্ট ক্যারিয়ার ইনস্পিরেশন শুধুমাত্র চাকরির সুযোগ নয়—এটি মর্যাদা, স্বাধীনতা এবং অনুপ্রেরণা সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।

বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড সেকেন্ড কাপ কফি এই উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ ও আন্তর্জাতিক স্বীকৃত সনদ প্রদান করবে। এর মাধ্যমে যুবসমাজ কর্মসংস্থানে যুক্ত হতে পারবে এবং দেশের আতিথেয়তা খাতকে সমৃদ্ধ করবে। এই উদ্যোগ সরাসরি অবদান রাখবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি ১ : দারিদ্র্য বিমোচন, এসডিজি ৪ : মানসম্পন্ন শিক্ষা, এসডিজি ৮ : শোভন কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি) অর্জনে।
জেসিআই ঢাকা মেট্রো হলো জেসিআই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় লোকাল অর্গানাইজেশন, যা তরুণদের ক্ষমতায়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে।