× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবুদানায় স্বাদ

সেতু বৈশ্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১৭:৫৫ পিএম

সাবুদানায় স্বাদ

সাবুদানা দিয়ে তৈরি করা যায় নানা স্বাদের খাবার। সাবু দিয়ে তৈরি খাবার যেমন পুষ্টিকর, তেমনই শরীরের জন্যও উপকারি। সাবুদানা দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি সম্পর্কে জানাচ্ছেন সেতু বৈশ্য। 

পায়েস

যা যা লাগবে 

লিকুইড দুধ, সাবুদানা, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া, ঘি, কাজু বাদাম, কিশমিশ।

যেভাবে বানাবেন 

লিকুইড দুধ অল্প আঁচে বেশ সময় নিয়ে জ্বাল দিতে হবে। কিছুটা ঘন হয়ে এলে দিতে হবে পরিমাণমতো কনডেন্সড মিল্ক। এরপর ১০ মিনিট ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। এতে অল্প এলাচ গুঁড়া দিতে হবে। আলাদা একটা প্যানে ঘি গরম করে তাতে কাজু বাদাম আর কিশমিশ ভেজে দিয়ে দিতে হবে সাবুদানার সঙ্গে। সব মিলে বেশ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে সাবুদানার পায়েস।


ফ্রুট কাস্টার্ড

যা যা লাগবে 
লিকুইড দুধ, সাবুদানা, চিনি, জাফরান, পছন্দমতো ফল।


যেভাবে বানাবেন
দুধ আর চিনি একসঙ্গে ভালো করে জ্বাল দিতে হবে। সাবুদানা ভালো করে ধুয়ে মিনিট ১০ ভিজিয়ে রাখতে হবে। দুধ বেশ জ্বাল হয়ে এলে তাতে সাবুদানা দিয়ে আবারও জ্বাল দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ঘন না হয়ে যায়। কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে। নামানোর আগে মিশিয়ে দিতে হবে জাফরান। এবারে এই দুধ সাবুর মিশ্রণটা একদম ঠান্ডা করে নিতে হবে। টুকরো করে রাখা নানা রকমের ফল মিশিয়ে সার্ভ করতে হবে দারুণ মজাদার ঠান্ডা ঠান্ডা সাবু ফ্রুট কাস্টার্ড।

খিচুড়ি
যা যা লাগবে
সাবুদানা, পছন্দমতো সবজি, লবণ, হলুদ, জিরা গুঁড়া, কাঁচামরিচ, ধনেপাতা, লেবুর রস, বাদাম, তেল, পানি, আস্ত জিরা, আস্ত শুকনো মরিচ।


যেভাবে বানাবেন
সাবুদানা ভালো করে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝড়িয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বাদাম হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এরপর সেই তেলে আস্ত জিরা আর আস্ত শুকনো মরিচ ফোঁড়ন দিতে হবে। সবজিগুলো একটু ছোট টুকরো করে দিতে হবে ওই তেলের মধ্যে। লবণ, অল্প হলুদ দিয়ে কম আঁচে ভাজতে হবে। দরকার হলে খানিকটা পানি দিতে হবে। এমন পরিমাণে পানি দিতে হবে যেন সবজি সিদ্ধ হয় কিন্তু গলে না যায়। পানি ঝড়িয়ে রাখা সাবুদানা সবজির সঙ্গে মিশিয়ে রান্না করতে হবে ৩-৪ মিনিট। আগে ভিজিয়ে রাখার জন্য সাবুদানা গলে নরম হয়ে যায়, তাই খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না। এর সঙ্গে একে একে অল্প জিরার গুঁড়া, কাঁচামরিচ, ধনেপাতা, বাদাম আর লেবুর রস মিশিয়ে নিলেই হয়ে যাবে সাবুদানার খিচুড়ি।

পাকোড়া
যা যা লাগবে
সাবুদানা, সিদ্ধ করা আলু, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা, আস্ত জিরা, বাদাম।


যেভাবে বানাবেন
সাবুদানা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ২০-২৫ মিনিট। বাদাম হালকা করে ভেজে আধা ভাঙা করে নিতে হবে। সাবু ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখার পরে বেশ নরম হয়ে যাবে আর ফুলে উঠবে। এতে যদি পানি থেকে যায় তাহলে তা ফেলে দিতে হবে। এবারে সাবুদানা, ম্যাশ করা সিদ্ধ আলু, লবণ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা আর আধা ভাঙা বাদাম ভালো করে মিশিয়ে পাকোড়ার মতো করে তেলে ভেজে নিতে হবে। তাহলেই হয়ে যাবে মুচমুচে সাবুদানার পাকোড়া।

চিপস 
যা যা লাগবে
সাবুদানা, সিদ্ধ করে নেওয়া আলু, লবণ, ধনেপাতা, চিলি ফ্লেক্স।

যেভাবে বানাবেন
সাবুদানা ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে চুলায় জ্বাল দিতে হবে। দানাগুলো বেশ গলে গেলে এবং ঘন হয়ে এলে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া আলু, লবণ, ধনেপাতা, চিলি ফ্লেক্স। এগুলো সব ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে খানিকটা ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা পাইপিং ব্যাগে মিশ্রণটা নিয়ে আপনার পছন্দমতো ডিজাইন করে শুকিয়ে নিতে হবে। পরিষ্কার কোনো কাপড়, স্টিলের প্লেট বা কালাপাতার ওপরে এই ডিজাইনগুলো করতে পারেন। একদম শুকিয়ে গেলে স্টোর করে রেখে দিতে পারেন এই চিপসগুলো। যখন ইচ্ছে তখন তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে চিপস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা