× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইউটির তৈরি ফর্মুলা কার যাচ্ছে চীনে

জাহিদ খান

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫ ১২:২৮ পিএম

আইইউটির তৈরি ফর্মুলা কার যাচ্ছে চীনে

গাজীপুরে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা-কার (রেসিং) যাচ্ছে চীনের আন্তর্জাতিক প্রতিযোগিতায়। একদল শিক্ষার্থী তিন বছরের চেষ্টায় কারটি তৈরি করেছেন। এ নিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতাটি ৮ থেকে ১২ অক্টোবর ২০২৫ তারিখে চীনের হেনান প্রদেশের ঝেংঝো শহরে অনুষ্ঠিত হবে। ফর্মুলা স্টুডেন্ট চায়না (এফএস চায়না) নামের এই প্রতিযোগিতায় রাশিয়া, ইতালি, চীনসহ ১৪টি দেশের ৭০টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষার্থীভিত্তিক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ বলে জানালেন দলনেতা আনসানুল আমীন। তিনি বলেন, সেখানে গাড়ির গতি নয়, নকশা, ব্যবসায়িক পরিকল্পনা ও টেকসই প্রযুক্তিও বিচার করে প্রতিযোগীদের স্থান নির্ধারণ করা হবে।

শিক্ষার্থীরা জানান, বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় প্রকৌশল প্রতিভাদের সমাগম ঘটবে ফর্মুলা স্টুডেন্ট চায়না প্রতিযোগিতায়, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলো নিজেদের তৈরি ফর্মুলা-স্টাইল রেস কার প্রদর্শন করবে। প্রতিযোগিতায় দলগুলোকে মূল্যায়ন করা হবে দুটি ধাপেÑ স্থির ইভেন্টে (ডিজাইন, খরচ বিশ্লেষণ ও ব্যবসায়িক উপস্থাপনা) এবং গতিশীল ইভেন্টে (অ্যাক্সিলারেশন, স্কিড প্যাড, অটোক্রস ও এন্ডুরেন্স)।

৭০ জন শিক্ষার্থীর ৩ বছরের সাধনায় নির্মিত রেসিং কারটি ইঞ্জিন ব্যতীত সব উপাদান বাংলাদেশে তৈরি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারটি তৈরিতে ব্যবহৃত হয়েছে কেটিএমের ৩৯০ সিসি ইঞ্জিন, স্টেইনলেস স্টিল ওয়েল্ডেড স্পেসফ্রেম চ্যাসিস, ডাবল এ-আর্ম সাসপেনশন এবং ৯১ অকটেন জ্বালানি। গাড়িটির দৈর্ঘ্য ৩ হাজার ১৮১ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৪০৯ মিলিমিটার। উচ্চতায় গাড়িটি ১ হাজার ৩৯ মিলিমিটার।

আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল উদ্যমী শিক্ষার্থী ২০২১ সালে যাত্রা শুরু করে গড়ে তোলেন ‘ফর্মুলা আইইউটি’ টিম। প্রতিষ্ঠার পর থেকেই তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের যোগ্যতা প্রমাণ করে আসছে। ফর্মুলা ভারত ২০২৩-এ (কনসেপ্ট ক্লাস) তৃতীয় স্থান এবং ফর্মুলা ইম্পেরিয়াল ২০২৪-এ সপ্তম স্থান অর্জন করে দলটি নজর কাড়ে সবার।

শুধু এক বিভাগের নয়, এই দলে রয়েছে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল, আইপিই, সফটওয়্যার, ইলেকট্রিক্যাল এবং বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা। প্রায় ১২ লাখ টাকার ব্যয় সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে সম্ভব হয়েছে, যা তাদের আত্মনির্ভরশীলতা ও অধ্যবসায়ের দৃষ্টান্ত।

এবার লক্ষ্য চীনের ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতা। দলের প্রত্যাশা, এই আসরে সম্মানজনক ফল অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের মেধা ও দক্ষতাকে নতুনভাবে তুলে ধরবেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা