শেখ সালাহ্উদ্দীন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম
লেখাপড়ায় মন ছিল না বলে
মা দিয়েছেন খুব জোরে কান মলে
মায়ের সাথে তাই তো দিয়ে আড়ি
ছেড়ে এলাম বাড়ি…
এলাম নদীর পাড়ে
বলল নদী, খোকা নাকি আরে!
সকালবেলা না যেয়ে ইস্কুলে
আমার কাছে এলে কি পথ ভুলে?
দুঃখের কথা বলি সবিস্তারে
হয়তো নদী দুঃখ লাঘব করেও দিতে পারে।
কিন্তু নদী সবটা শুনে বলল, শোনো খোকা
তুমি দেখি মানুষটা খুব বোকা!
মনের কথা এবার আমি বলি বনের কাছে
বন হেসে কয়- মায়ের কথায় দুঃখ পেতে আছে?
মায়ের কথা না মানলে জীবনই বরবাদ
মায়ের বকা! ওতেও আছে সুপ্ত আশীর্বাদ।
প্রজাপতি ফুল পাখি মেঘ রোদ ছায়া ও মাঠ
বলল, খোকা নাও জীবনের পাঠ-
মায়ের শাসন কানমলা বা বকাও খুব মিঠে
ক্ষতি কি মা চড় থাপড়ও মারেন যদি পিঠে!
সবার কথায় ফিরে এলাম আবার মায়ের কাছে
মায়ের মত আদর স্নেহ দেয়ার কী কেউ আছে!