× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইইই ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং প্রতিযোগিতা

বুয়েটের আলাস্কা জয়

জাহিদ খান

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ পিএম

বুয়েটের আলাস্কা জয়

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ IEEE ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং (VIP) Cup 2025 প্রতিযোগিতায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ‘Grand Prize’ হয়েছে বুয়েটের দল ‘NeuronX’। শুধু তাই নয়, প্রতিযোগিতায় যৌথভাবে ২য় রানার্স আপের খেতাবও অর্জন করেছে বুয়েটেরই অন্য দুটি দল ‘EyeQ’ এবং ‘Sky Sentinel’।

এবারের প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ ছিল মানববিহীন আকাশযান (UAV) বা ড্রোনের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিযোগীদের RGB এবং ইনফ্রারেড (IR) প্রযুক্তির সমন্বয়ে ড্রোন শনাক্তকরণ, ট্র্যাকিং এবং ড্রোনের বহনকৃত বস্তু শনাক্ত করার মতো জটিল প্রযুক্তিগত সমাধান তৈরি করতে বলা হয়েছিল, যেখানে বুয়েটের দলগুলো অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছে। এই জটিল প্রযুক্তিগত প্রতিযোগিতায় বুয়েটের তিনটি দলের এমন অভাবনীয় সাফল্য দেশের জন্য এক বিরাট সম্মান বয়ে এনেছে।

চ্যাম্পিয়ন দল ‘NeuronX’ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলের সদস্যরা হলেনÑ আব্রার জাহিন রাইহান, রুয়াদ নাসওয়ান, সাদমান সাকিব, মো. মেহেদী হাসান খান এবং মো. সাদিক মাহমুদ সাক্ষর। তাদের এই সাফল্যের পেছনে নিরলসভাবে কাজ করেছেন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বায়েজীদ এবং প্রশিক্ষক মো. আসিব রহমান।

যৌথভাবে ২য় রানার্স আপ স্থান অর্জনকারী দল ‘Sky Sentinel’ ও সিএসই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত। দলের সদস্যরা হলেনÑ এইচএম সাদমান তাবিব, ইশতিয়াক আহম্মেদ রিফতি, মো. হাসনাইন আদিল, মুশফিকুর রহমান, সাদাতুল ইসলাম সাদি, শাহরিয়ার কবির এবং জিয়া উল আহসান আব্দুল্লাহ। তাদের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. চৌধুরী মো. রাকিন হায়দার এবং প্রশিক্ষক ছিলেন আহমেদ মাহির সুলতান রুমি।

অপর ২য় রানার্স আপ দল ‘EyeQ’ গঠিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একদল মেধাবী শিক্ষার্থীকে নিয়ে। দলের সদস্যরা হলেনÑ আসিফ হাসান, সুদীপ্ত সরকার, খন্দকার আশিক শাহরিয়ার, ফাবলিহা লাবিবা, নাহিয়ান তাসনিম, আদিব রহমান, মো. নাজমুল সাকিব, মো. রাহিনুর রহমান, মো. রিফাত রহমান এবং শাহ মোস্তফা রেজা। এই দলের তত্ত্বাবধায়ক ছিলেন অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং প্রশিক্ষক ছিলেন অঞ্জন কুমার বাগচী।

IEEE VIP Cup একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বুয়েটের তিনটি দলের ফাইনালিস্ট হওয়া বাংলাদেশের প্রকৌশল শিক্ষার জন্য একটি বড় অর্জন এবং এটি বিশ্বমঞ্চে বুয়েটের শিক্ষার্থীদের প্রতিভা ও সামর্থ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভিডিও এবং ইমেজ প্রসেসিং-এর জগতে বিশ্বসেরার মঞ্চে বুয়েটের শিক্ষার্থীদের এই একচ্ছত্র আধিপত্য ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশ গর্বিত।

বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রযাত্রায় অন্যতম বড় প্লাটফর্ম হলো IEEE Video & Image Processing (VIP) Cup। প্রতি বছরই সিগন্যাল প্রসেসিং সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নতুন প্রযুক্তিগত সমস্যার সমাধানে একত্রিত হন। ২০২৫ সালের আসরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলÑ ইনফ্রারেড ও ভিজ্যুয়াল ইমেজ ফিউশন ব্যবহার করে নজরদারি ভিডিওতে ড্রোন শনাক্তকরণ, ট্র্যাকিং এবং পে-লোড শনাক্তকরণ।

এবারের প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ ছিল RGB (রঙিন) ভিডিও ও ইনফ্রারেড ডেটাসেট একত্রে ব্যবহার করে এমন একটি সিস্টেম তৈরি করা, যা বাস্তবসম্মত পরিস্থিতিতে ড্রোন শনাক্ত করতে পারে, তার গতিপথ ট্র্যাক করতে পারে এবং ড্রোন বহন করা পে-লোডের ধরন চিহ্নিত করতে পারে। শুধু নির্ভুলতা নয়, বিচারকদের নজরে ছিলÑ রিয়েল-টাইম পারফরমেন্স এবং দ্রুত ইনফারেন্স টাইম।

প্রতিযোগিতার কাঠামো

প্রতি দলে ছিল একজন শিক্ষক (Supervisor), একজন গ্র্যাজুয়েট ছাত্র (Tutor) এবং সর্বোচ্চ ১০ জন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী। IEEE Signal Processing Society-এর সদস্য হওয়া ছিল আবশ্যক। প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে জমা দিতে হয়েছে প্রশিক্ষণ ডেটার ওপর তৈরি মডেল, পরে এসেছে টেস্ট ডেটায় চূড়ান্ত মূল্যায়নের ধাপ।

লাল-সবুজের সাফল্য

২০২৫ সালের VIP Cup বাংলাদেশকে দিয়েছে এক গৌরবময় অর্জন। বুয়েটের শিক্ষার্থীদের দল NeuronX গ্র্যান্ড প্রাইজ জয় করে নিয়েছে, যা কেবল প্রতিযোগিতার নয়, দেশের জন্যও বড় সম্মান। ড্রোন শনাক্তকরণের মতো জটিল সমস্যায় তাদের তৈরি মডেল মুগ্ধ করেছে বিচারকদের। শুধু গ্র্যান্ড প্রাইজই নয়, বাংলাদেশের আরও দুটি দল দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে, যা প্রযুক্তি জগতে বাংলাদেশের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরে। চূড়ান্ত ফল ঘোষণা করা হয় আন্তর্জাতিক সম্মেলন ICIP ২০২৫-এ, যেখানে সারা বিশ্বের গবেষক ও শিক্ষার্থীদের সামনে নিজেদের মডেল উপস্থাপনের সুযোগ পায় বিজয়ীরা।

কেন গুরুত্বপূর্ণ?

ড্রোন প্রযুক্তি এখন শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, নিরাপত্তা, সামরিক কৌশল, দুর্যোগ ব্যবস্থাপনা এমনকি পরিবহনেও এর ব্যবহার বাড়ছে। কিন্তু ড্রোনকে সঠিকভাবে শনাক্ত করা এবং এর পে-লোড ট্র্যাক করা এক বড় চ্যালেঞ্জ। VIP Cup-এর মতো প্রতিযোগিতা শুধু শিক্ষার্থীদের গবেষণার সুযোগই দেয় না, বরং ভবিষ্যতের নিরাপত্তা ও নজরদারির জন্য কার্যকর সমাধান তৈরিতেও ভূমিকা রাখে। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা প্রমাণ করেছেÑ সৃজনশীলতা, গবেষণা ও দলগত প্রচেষ্টায় তারাও বিশ্বমঞ্চে প্রযুক্তি উদ্ভাবনের নেতৃত্ব দিতে সক্ষম।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা