× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোবটের লড়াই

মাইশা অর্পা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১২:০২ পিএম

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ওপেন ২০২৫ নামে শেষ হলো বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব। গত ১২-১৩ সেপ্টেম্বর রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে দুই দিনের এই অলিম্পিয়াড সম্পন্ন হয়। এ বছর রোবট অলিম্পিয়াডের মূল থিম ছিল ‘স্পেস রোবট’।

দেশের প্রায় ৪০টি জেলা থেকে স্কুল ও কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী একক বা দলীয়ভাবে এই অলিম্পিয়াডে নিবন্ধন করে। অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নেবে।

এই অলিম্পিয়াডে ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার এবং রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে সানিডেল স্কুলের শিক্ষার্থী সারিম শরীফ। এ ছাড়া প্রতি ক্যাটাগরিতে রৌপ্য ও ব্রোঞ্জপদকসহ মোট ২০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ শিক্ষার্থীকে দেওয়া হয়েছে সম্মানজনক স্বীকৃতি।

অলিম্পিয়াড শুরু হয় ১২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৭টায়। প্রথমদিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। দ্বিতীয়দিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় একটি রোবটিকস কুইজ প্রতিযোগিতা। যদিও এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ নয়, তবে শিক্ষার্থীদের রোবটিকস বিষয়ে উৎসাহিত করতে এ আয়োজন যোগ করা হয়। দ্বিতীয় দিন বিকাল ৫টায় শুরু হয় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু সাঈদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, ভিভাসফটের কো-ফাউন্ডার শাফকাত আসিফ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল।

অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘এ আয়োজন প্রমাণ করে, শেখার আসল জায়গা শুধু শ্রেণিকক্ষ নয়, বরং অভিজ্ঞতার ভেতর লুকিয়ে থাকে সত্যিকারের শিক্ষা। আজকের তরুণরা এখানে অংশ নিয়ে শুধু প্রতিযোগিতাই করছে না, নিজেরা নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলছে। আমি মনে করি, এখান থেকেই তারা আগামী দিনের সমাজ ও বিশ্বকে বদলে দেওয়ার প্রেরণা খুঁজে নেবে।’ রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে এরপর আয়োজিত হবে দল নির্বাচনী ক্যাম্প। ওই ক্যাম্পে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশের জাতীয় দল। তারা আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করবে। এর আগে দেশের আটটি বিভাগে আয়োজন করা হয় অ্যাক্টিভেশন কর্মশালা। এসব কর্মশালায় শিক্ষার্থীরা রোবোটিকসের মৌলিক ধারণা, প্রতিযোগিতার কাঠামো এবং অংশগ্রহণের নিয়ম কানুন সম্পর্কে জানার সুযোগ পায়। একই সঙ্গে হাতে-কলমে কার্যক্রমের মাধ্যমে তাদের আগ্রহ ও কৌতূহল বাড়ানো হয়।

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। পার্টনার হিসেবে রয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউড নাম্বার ২৪।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা