খাবারের শেষে পাতে দই খেতে বাঙালিরা বেশ পছন্দ করে। ঘরোয়া যেকোনো আয়োজন, বিয়েবাড়ি অথবা ডায়েটÑ সবখানেই দই খাওয়া হয়। আজকের হেঁশেলে নানা স্বাদের দইয়ের রেসিপি সম্পর্কে জানাচ্ছেন নুসরাত মুনা
মিষ্টি দই
যা যা লাগবে
২ লিটার দুধ, ৪/৫ কাপ চিনি, ৪ টেবিল চামচ পানি, টক দই (দই বীজ) ২ চামচ।
যেভাবে বানাবেন

অল্প আঁচে একটি সসপ্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে ১/২ কাপ চিনি এবং ৪ টেবিল চামচ পানি দিন। যতক্ষণ না পানি ও চিনি ফুটে উঠছে ততক্ষণ ভালো করে জ্বাল দিন। চিনির ক্যারামেল বাদামি হয়ে এলেই এর মধ্যে ১/২ কাপ দুধ যোগ করে দিন। খেয়াল রাখুন কোনোভাবেই ক্যারামেল যেন পুড়ে না যায়। এবার মিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন। এবার এতে বাকি দেড় লিটার দুধ যোগ করে দিন। ১৫ মিনিট অল্প আঁচে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এবার বাকি চিনি যোগ করুন। দুধ লালচে বাদামি হয়ে এলে চুলা বন্ধ করে কুসুম গরম হওয়া অব্দি অপেক্ষা করুন। এবার এতে দিয়ে দিন ভালোভাবে ফেটে নেওয়া দু চামচ দই বীজ। দই বসানো পাত্রে ঢেলে একটা গরম জায়গায় রেখে দিন। ৭-৮ ঘণ্টায় ক্যারামেল মিষ্টি দই একদম তৈরি।
গ্রিক দই
যা যা লাগবে
দই ১ কাপ, মধু ২ চা চামচ।
যেভাবে বানাবেন
গ্রিক দই তৈরির জন্য একটি পাতলা কাপড় বা ছাঁনিতে ১ কাপ দই ঢেলে নিন। কাপড়টা ভালো করে বেঁধে এমন জায়গায় রাখবেন যেন পানি ঝড়ে পড়ার জায়গা থাকে। কাপড়ের ওপর ভারী বাসন চাপিয়ে রাখুন যেন পানি দ্রুত ঝরে যায়। ১-২ ঘণ্টা অপেক্ষা করলেই দই থেকে সমস্ত পানি ঝরে যাবে। গ্রিক দই প্রায় তৈরি। কাপড় সরিয়ে বাটিতে ঢেলে নিয়ে এতে মধু মিশিয়ে নিন। আম, বেরি, কলা, আনারস ইত্যাদি ফলের সঙ্গে গ্রিক ইয়োগার্ট পরিবেশন করতে পারবেন অনায়াসে।
মোকা দই
যা যা লাগবে
দুধ ১ লিটার, চিনি ১ কাপ, কফি পাউডার ১ চা চামচ, কোকো পাউডার ১ চা চামচ, টক দই (দই বীজ) ২ চামচ, ডার্ক বা মিল্ক চকলেট ২৫ গ্রাম।
যেভাবে বানাবেন
প্রথমে দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। এবার একটি ছোট বাটিতে কোকো পাউডার, কফি ও চিনি মিশিয়ে নিন। এর মধ্যে ২/৩ টেবিল চামচ গরম দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। ওভেনে কিংবা একটা পাত্রে গরম পানি বসিয়ে, তার ভেতর হিটপ্রুফ বাটিতে ডার্ক বা মিল্ক চকলেট গলিয়ে নিন। মিশ্রণটি এবার পুরো দুধে ঢেলে কিছুক্ষণ জ্বাল দিন। চুলা বন্ধ করে কুসুম গরম হলে দই বীজ ভালোমতো ফেটিয়ে মিশিয়ে দিন। এবার ভালো করে ঢেকে গরম জায়গায় ৭-৮ ঘণ্টা রেখে দিন। ব্যস ভিন্ন স্বাদের মোকা দই একদম প্রস্তুত।
ফলের দই
যা যা লাগবে
টক বা মিষ্টি দই ১ কাপ, পছন্দের ফল (আম, কলা, স্ট্রবেরি, ব্লুবেরি) ১/২ কাপ, মধু/চিনি (ঐচ্ছিক) ১ চা চামচ।
যেভাবে বানাবেন
প্রথমেই পছন্দের ফলগুলো কেটে নিন। এবার টক দই থেকে ভালো করে পানি ছড়িয়ে তার সঙ্গে কাটা ফল যোগ করে ব্লেন্ডারে মসৃণ করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার সময় স্বাদ অনুযায়ী মধু অথবা চিনি মিশিয়ে নিন। ফল মিষ্টি হলে চিনি না দিলেও চলবে।
মিশ্রণটি একটি পাত্রে ঢেলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলেই দই তৈরি। এবার দইয়ের ওপরে ফলের টুকরা দিয়ে পরিবেশন করে নিন।
টক দই
যা যা লাগবে
দুধ ১ লিটার, টক দই (দই বীজ) ২ চামচ, গুঁড়া দুধ ১ কাপ।
যেভাবে বানাবেন
এক লিটার দুধ চুলায় জ্বাল দিয়ে কিছুটা কমিয়ে নিতে হবে। একটা কাপে অল্প কুসুম গরম দুধ নিয়ে বাকি দুধের সঙ্গে মিশিয়ে নিন। ফোটানো দুধ ঠান্ডা হলে তাতে দই বীজ মেশাতে হবে। একটা বাটিতে টাটকা টক দই নিয়ে ভালো করে ফেটে নিয়ে কুসুম গরম দুধের সঙ্গে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন দই বসানো পাত্রে দুধটা ঢেলে ভালোভাবে ঢেকে রান্নাঘরে একটা গরম জায়গায় রেখে দিন। এভাবে ৮-৯ ঘণ্টা রেখে দিলেই টক দই তৈরি হয়ে যাবে।