× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোষা প্রাণীর একাকিত্ব দূর করবেন যেভাবে

লাবিবা ইরম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৯ পিএম

পোষা প্রাণীর একাকিত্ব দূর করবেন যেভাবে

আমরা অনেকেই ভালোবেসে বিভিন্ন প্রাণী ঘরে রাখি। ওরা আমাদের একাকিত্ব দূর করে মানসিকভাবে ভালো থাকতেও সাহায্য করে। কিন্তু ওরাও যে একাকীত্বে ভুগতে পারে এটা কি আমরা কখনও ভেবেছি? আসলে আমরা অনেকে জানি না যে ওরাও একাকীত্বে ভোগে, শারীরিক সমস্যার পাশাপাশি আমাদের মতো মানসিক সমস্যাও হয় বিভিন্ন প্রাণীদের। আসুন আজকে তবে ওদের একাকিত্ব দূর করার উপায় নিয়ে একটু জানি।

কীভাবে বুঝবেন একাকিত্বে ভুগছে পোষা প্রাণীটি

প্রিয় পোষ্যটি একাকীত্বে ভুগছে কি না এটি বোঝার কিছু লক্ষণ রয়েছে। যেমনÑ

  •  অতিরিক্ত ডাকাডাকি করা
  •  খাবারে অনীহা
  •  মনমরা হয়ে থাকা
  •  খেলাধুলা না করা
  •  শারীরিক দুর্বলতা 
  •  আচরণে পরিবর্তন 
  •  জিনিসপত্র নষ্ট করা বা ভেঙে ফেলা

অনেক সময়ই আমরা এসব পরিবর্তন লক্ষ্য করি, তবে বুঝতে পারি না। আপনার পোষ্যর মাঝে এ ধরনের লক্ষণ দেখা দিলে সতর্ক হন এবং খেয়াল করে দেখুন সে একাকীত্বে ভুগছে কি না।

একাকিত্ব দূর করবেন কীভাবে

পোষা প্রাণীদের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর চেয়ে একাকিত্ব দূর করার ভালো উপায় আর নেই। কিন্তু বিভিন্ন সময়ে কাজের জন্য বা দরকারে তাদের একা রেখে বাইরে যেতে হয় আমাদের। অনেক সময় বেড়াতে গেলে বা কোথাও ঘুরতে গেলেও একটা দীর্ঘ সময়ের জন্য তাদের রেখে থাকতে হয়। এসব ক্ষেত্রে একাকিত্ব দূর করার জন্য বিকল্প কিছু ব্যবস্থা করা যেতে পারে।

যতক্ষণ সম্ভব পোষ্যদের সঙ্গে সময় কাটান

যদি একটা দীর্ঘ সময় পোষা প্রাণীদের একা রেখে থাকতে হয়, তাহলে যে সময়টুকু বাসায় থাকেন তাদের সঙ্গে কাটান। তাদের সঙ্গে খেলাধুলা করুন, ভালোবাসায় ভরিয়ে দিন। এতে ওদের সঙ্গে মানসিক সম্পর্ক যেমন তৈরি হবে তেমনই ভালো থাকবে।

আরামদায়ক ও মজার পরিবেশ তৈরি করুন

যে সময়টুকু পোষ্যরা একা থাকবে সে সময়ে যেন তারা বিভিন্ন অ্যাক্টিভিটিজ করতে পারে ও আরামে থাকতে পারে এমন পরিবেশ তৈরি করুন। বিভিন্ন পেট টয়, স্ক্রাচিং পোস্ট, ক্লাইম্বিং ট্রি-সহ নানা উপকরণ বাসার মধ্যে খোলামেলা জায়গা রাখুন। মাঝে মাঝে নতুন কিছু যোগ করুন, যেন একই পরিবেশে থাকতে থাকতে তারা বিরক্ত না হয়।

প্রযুক্তির সাহায্য নিন

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজই সহজ করে দিয়েছে প্রযুক্তির নানা আবিষ্কার। পোষ্যদের ভালো রাখার জন্যও বর্তমানে রয়েছে নানা গ্যাজেটস। ন্যানিক্যাম বা পেটক্যামের মাঝে অন্যতম। এ ধরনের ক্যামেরাগুলো সিসিটিভির মতোই মোশন ডিটেক্ট করে এবং এর মাধ্যমে কথা বলা যায়। তাই দূরে থাকলেও আপনার পোষ্য কোথায় কী করছে তা যেমন দেখতে পারবেন, তেমনই তাদের সঙ্গে কথাও বলতে পারবেন। এ ছাড়া ওয়াটারিং ফাউন্টেন, বিভিন্ন খেলনা তো আছেই। আরও আছে ট্রিট বা ফুড ডিসপেন্সার, যাতে টাইম সেট করে দিলে অটোমেটিক খাবার বা ট্রিট বাটিতে সার্ভ হবে। টিভিতে ছেড়ে দিয়ে রাখতে পারবেন পোষা প্রাণীদের বিভিন্ন ভিডিও, গান বা অডিও। দেখা গেছে মানুষের মতোই ওরাও এগুলো বেশ উপভোগ করে।

একটি নয় বরং একাধিক পোষ্য রাখুন

যেকোনো প্রাণী একা থাকলে একাকিত্ব বোধ করবেই। তাই চেষ্টা করুন সঙ্গী এনে দেওয়ার। অনেক সময় দেখা যায় বিড়ালের সঙ্গে পাখি বা কুকুরের বন্ধুত্ব গড়ে উঠেছে। অর্থাৎ অন্য প্রাণীদের সঙ্গেও পরিচয় করিয়ে দিন আপনার পোষ্যকে। কয়েকজন থাকলে তারা নিজেদের মাঝে নানা অ্যাক্টিভিটিজ করে থাকে, একাকিত্ব দূর হয়।

রুটিনে অভ্যস্ত করুন

পোষ্যদের রুটিনে অভ্যস্ত করুন। সময় মতো খাবার, ঘুমানো, একটু এক্সারসাইজের অভ্যাসও করান। এতে তাদের একটা স্থির লাইফস্টাইল যেমন হবে, তেমনই তারা বুঝে যাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা আপনাকে পাবে না। এরকম রুটিনেই অভ্যস্ত হয়ে গেলে তারা দ্রুত মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে, তাই ডিপ্রেশনে ভুগবে না।

নিয়মিত ভেট কনসাল্ট করুন

পোষ্যদের স্বাস্থ্যের দিকে অবশ্যই জোরালোভাবে নজর দিন ও ভেট কনসাল্ট করুন নিয়মিত। কারণ অনেক সময় ওদের শারীরিক সমস্যা থেকেও মানসিক সমস্যা হয়ে থাকে। তাই এসব ব্যাপারে ভালোভাবে লক্ষ রাখুন।

বিভিন্ন খেলা শেখান

পোষ্যদের বিভিন্ন পাজল, ট্রিক্সসহ সিমুলেশন জাতীয় খেলা, বিভিন্ন খেলনার ব্যবহার শেখান যেন একা থাকার সময়ে তারা এগুলো খেলতে পারে। এ ধরনের ট্রেনিংয়ে তাদের এক্সারসাইজ তো হয়ই, পাশাপাশি তারা খুব আনন্দিত বোধ করে।

পোষ্যদের জন্য সবচেয়ে বড় উপহার হলো আমাদের ভালোবাসা, সময় এবং যত্ন। একা রাখলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি আমাদের সঙ্গে তাদের সম্পর্কও দুর্বল হয়ে যায়। তাই প্রতিদিন কিছু সময় তাদের জন্য রাখা খুব জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা