অটোমেক ২০২৫
শাকিল হোসাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ পিএম
প্রতিযোগিতা আয়োজন করে আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অটোমোবাইল সোসাইটি।
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাস যেন প্রযুক্তির এক উৎসবভূমি। চারদিকে রঙিন ব্যানার-পোস্টারে ভরপুর প্রাঙ্গণ, আর সেই সঙ্গে তরুণ-তরুণীদের ভিড়ে সরগরম পরিবেশ। আধুনিক প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং উদ্ভাবন আর সৃজনশীল নকশার প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গত ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘অটোমেক প্রতিযোগিতা-২০২৫’। আয়োজন করে আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং অটোমোবাইল সোসাইটি।
উৎসবে মোট ১১টি আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টগুলোর মধ্যে অন্যতম ছিল জনপ্রিয় অনলাইন গেম ভ্যালোরান্ট টুর্নামেন্ট। প্রাথমিক পর্যায়ে ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। গত ৯ আগস্ট উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আইইউটি ক্যাম্পাসে সরাসরি। ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা লাইভ গেমপ্লের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রেডউইংস (REDWiNGS) আর রানার-আপ হয় এক্সপেডিশন৩৩ (EXPEDITION33)।
চুয়েটের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন হয়ে ওঠে গর্বের মঞ্চ। অংশগ্রহণকারী ‘টিম ব্লিটজার চুয়েট’ টার্বোক্যাড ইভেন্টে শীর্ষস্থান অর্জন করে নেয় বিজয়ের মুকুট। মুহতাসিমুল বারি, আসহাব বিন ফারুক এবং মেহেদী হাসানের সমন্বয়ে গঠিত দলটি কেবল কারিগরি দক্ষতাতেই নয়, সৃজনশীলতা ও দলগত সমন্বয়ের অসাধারণ প্রদর্শনের জন্যও বিচারকদের প্রশংসা কুড়ায়।
ভেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে অটোমোবাইল যন্ত্রাংশের ধারণাগত নকশা তৈরি করতে দেওয়া হয়, যেখানে সহজ উৎপাদনযোগ্যতা ও স্বল্প ব্যয়ে সমাধান প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া ‘টিম ব্লিটজার চুয়েট’ প্রতিযোগিতার ইঞ্জিন ব্লুপ্রিন্ট ইভেন্টেও তৃতীয় স্থান অর্জন করেছে। যেখানে প্রতিযোগীদের নির্দিষ্ট সময়ের মধ্যে ইঞ্জিন সংযুক্ত ও বিচ্ছিন্নকরণের কাজসম্পন্ন করতে হয়। এই দলের সদস্যরা হলেনÑ এসএম আনিসুল আশেকিন উনাইছ, মেহরাব হোসেন খান, মোহাম্মদ রাশিদুর রহমান সালমান ও আসহাব বিন ফারুক।
বিজয়ী দলের সদস্য মুহতাসিমুল বারি বলেন, ‘প্রতিযোগিতায় বেশ চ্যালেঞ্জিং একটা কাজ দেওয়া হয়। আমরা আমাদের সেরাটা দিয়ে কাজটি নির্ধারিত সময়ে শেষ করি। আলহামদুলিল্লাহ, বেশ কয়টি বিশ্ববিদ্যালয়ের সেরা দলগুলোর সঙ্গে প্রতিযোগিতার মধ্যে আমরা প্রথম স্থান লাভ করতে সক্ষম হয়। চুয়েট ক্যাড সোসাইটি, টিম ব্লিটজার ও অন্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করি।’
আয়োজকদের মতে, এ উৎসব শুধু প্রযুক্তি ও গেমিংপ্রেমীদের জন্যই নয়, বরং সমগ্র আইইউটি পরিবারের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে সহায়তা করলে বাংলাদেশে গেমিং আরও এগিয়ে যাবে।