সাদিয়া হক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৯ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হলো ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫’।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হলো ‘চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। গত ৮ আগস্ট শুরু হয়ে দুই দিনব্যাপী চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ উৎসব চলে ৯ আগস্ট পর্যন্ত। উৎসবমুখর এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল ক্যারিয়ার গঠনে সহায়ক একাধিক সেশন ও কার্যক্রম। ২৪টি দল এবং ৫০-এর অধিক প্রতিযোগী নিয়ে অনুষ্ঠিত হওয়া এই উৎসব শুরু হয় সকালে র্যালির মাধ্যমে। এ আয়োজনে প্রথমদিনে কেস কম্পিটিশন ছাড়াও ছিল বিসিএস, উচ্চশিক্ষা কিংবা ব্যাংক জব কিংবা উচ্চতর গবেষণা নিয়ে সেমিনার।
দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত চাকরি মেলা। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বসেছিল দেশের খ্যাতনামা ১১টি প্রতিষ্ঠানের স্টল। চাকরিপ্রার্থীরা এসব প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
এ ছাড়া শেষ দিনে ছিল উচ্চতর গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার উপায় নিয়ে পৃথক সেমিনার। ফেস্টের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার কথন’, যেখানে সফল ব্যক্তিত্বরা তুলে ধরেন তাদের জীবন ও ক্যারিয়ারের গল্প, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে।
সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, যার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫-এর। সিভি জমা দিতে আসা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফারাবি জানান, ফ্রেশার হিসেবে বিভিন্ন কোম্পানিতে গিয়ে সিভি জমা দেয়া একটু কঠিন ছিল। সেই প্রেক্ষাপট চিন্তা করলে আমরা ক্যাম্পাসে বসেই এখান থেকে সিভি দিতে পারছি অনেকগুলো কোম্পানিতে, যা আমাদের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। এটা আমাদের ক্যারিয়ারের জন্যও বড় সুযোগ।
ট্যালেন্ট হান্টে অংশগ্রহণকারী মেট্রোমাইন্ড টিমের আরেক প্রতিযোগী নগর ও পরিকল্পনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া তাসফিয়া হক জানান, প্রথমবারের মতো ক্যারিয়ার ক্লাবের কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কীভাবে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, কথা বলতে হয় শিখেছি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের শিক্ষাব্যবস্থার জন্য নতুন একটি মডেল তুলে ধরেছি। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।
চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. আলী হাসান তুহিন বলেন, এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ট্যালেন্ট হান্ট-২০২৫, বিসিএস ও ব্যাংক জব সেশন, হায়ার স্টাডিজ, রিসার্চ সেশন, পাবলিক টক এবং জব ফেয়ার। ক্লাব সদস্য, শিক্ষক প্যানেল ও অতিথিদের সহযোগিতায় আয়োজক হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করছি, এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে।
অংশগ্রহণকারী টিম ‘প্রত্যয়’-এর সদস্য আতিফ আলম বলেন, আজকের ক্যারিয়ার ফেস্টে কেস কম্পিটিশনে অংশ নিয়ে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছি। চুয়েটে এমন আয়োজন আরও হওয়া উচিত বলে আমি মনে করি।
মেট্রোমাইন্ড টিমের আরেক প্রতিযোগী সামিয়া তাসফিয়া হক জানান, প্রথমবারের মতো ক্যারিয়ার ক্লাবের কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কীভাবে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, কথা বলতে হয় তা শিখেছি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের শিক্ষাব্যবস্থার জন্য নতুন একটি মডেল তুলে ধরেছি। সব মিলিয়ে বেশ ভালো লাগছে।