মাহবুবা মিতু
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৮:৪০ পিএম
মানুষের চরিত্র, চিন্তাশক্তি ও জ্ঞান গঠনের অন্যতম প্রধান হাতিয়ার হলো বই। খেলাধুলা, শরীরচর্চা যেমন সুস্থ রাখে শরীরকে তেমনি বই পড়া শিশুর মস্তিষ্ককে সক্রিয় ও সৃজনশীল করে তোলে। শিশুদের জন্য বই পড়া কেবল একটি বিনোদনের মাধ্যম নয়, বরং তাদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ উপায়। বইয়ের পাতায় লুকিয়ে থাকা গল্প, জ্ঞান এবং কল্পনার জগৎ শিশুদের মনকে সমৃদ্ধ করে, তাদের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং জীবনের নানা শিক্ষায় উদ্বুদ্ধ করে। আজ আমরা আলোচনা করবো শিশুদের বই পড়া কেন জরুরি তা নিয়ে।
শিশুদের বই পড়ার প্রয়োজনীয়তা
ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে
বই পড়ার মাধ্যমে শিশু নতুন নতুন শব্দ, একই শব্দের বিভিন্ন প্রতিশব্দ শিখে, যার ফলে তার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, বাক্য গঠনের দক্ষতা বাড়ে ভাষা সমৃদ্ধ হয় এবং সুন্দরভাবে কথা বলা ও লেখার ক্ষমতা বাড়ে। যা তার একাডেমিক পড়াশোনায়ও কাজে লাগে।

কল্পনাশক্তি ও সৃজনশীলতা বাড়াতে
গল্পের বই পড়া শিশুদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে, গল্পের চরিত্র, ঘটনা ও কাহিনী শিশুদের কল্পনাশক্তিকে প্রসারিত করে। তাদেরকে নতুন বিষয় নিয়ে ভাবতে শেখায়।
মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি করে
ডিভাইসের সহজলভ্যতার দরুণ ডিস্ট্র্যাকশনের এই যুগে নিয়মিত বই পড়া শিশুকে মনোযোগী ও ধৈর্যশীল হতে সাহায্য করে। বই পড়ার সময় শিশুরা মনোযোগ ধরে রাখতে এবং ধৈর্য ধরে গল্প শুনতে/পড়তে শেখে। যা একাডেমিক পড়াশোনা ও জীবনের অন্যান্য ক্ষেত্রে উপকারী।
জ্ঞানার্জন ও দৃষ্টিভঙ্গি বিস্তার করে
বিভিন্ন বই পড়ার ফলে শিশু ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান ও বাস্তবতার সাথে পরিচিত হয়। যা তাদের জ্ঞানের ভিত্তি মজবুত করে ফলে পৃথিবী সম্পর্কে তার জ্ঞান বাড়ে, তখন সে কেবল কোন একটি দেশের নাগরিক হয়ে থাকে না, নিয়মিত বই পড়া তাকে তৈরি করে বৈশ্বিক নাগরিকে।
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ বাড়ায়
বই শিশুদের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধের বিকাশ ঘটায়। অনেক শিশুসাহিত্য গল্পের মাধ্যমে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, সততা, সহানুভূতি এবং সামাজিক দায়িত্ববোধ শেখায়, যা তাদের মধ্যে ভালো আচরণ ও সঠিক জীবনবোধ গড়ে তুলতে সাহায্য করে।
চিন্তার ক্ষমতা বৃদ্ধি

শিশুদের বিশ্লেষণাত্মক ও সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা গড়ে তুলতে বই অত্যন্ত সহায়ক। এতে করে কোনো একটা বিষয়কে সে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভাবতে শেখে। ফলে জীবনে কেউ তাকে সহজেই ম্যানুপুলেট করতে পারে না।
মানসিক ও আবেগি উন্নয়ন
বই পড়া শিশুদের সহানুভূতি ও মানসিক সচেতনতা বাড়াতে সাহায্য করে। গল্পের চরিত্রগুলোর মাধ্যমে শিশুরা বিভিন্ন আবেগ ও পরিস্থিতি বুঝতে শেখে, যা তাদের সহানুভূতিশীল হতে সাহায্য করে। এটি তাদের বিভিন্ন মানসিক চাপ ও অবসাদ থেকে মুক্তি দিয়ে মানসিক শান্তি এনে দেয়। বই পড়া মানুষের বই হচ্ছে ভিন্ন এক জগৎ যেখানে সে জীবনের সবকিছুকে পাশ কাটিয়ে গল্পে ডুব দিতে পারে।
বই পড়া শিশুদের মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করে। শিশুদের হাতে বই তুলে দেওয়া মানেই তাদের হাতে জ্ঞানের চাবি তুলে দেওয়া। বই পড়ার মাধ্যমে শিশুরা জ্ঞান অর্জন করে, কল্পনাশক্তি বিকশিত করে এবং জীবনের নানা মূল্যবোধ শিখে। তাই ছোটবেলা থেকেই শিশুকে বইয়ের সঙ্গে পরিচিত করানো তার মানসিক বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।