× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুতরাং ভূতরাং

ওবায়দুল গনি চন্দন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৮:০৫ পিএম

অলংকরণ : জয়ন্ত সরকার

অলংকরণ : জয়ন্ত সরকার

প্রিয় ঘুঙুর বন্ধুরা, প্রিয় লেখক ওবায়দুল গনি চন্দন আমাদের জন্য লিখেছেন অনেক মজার মজার ছড়া। তিনি সাংবাদিকতার পাশাপাশি লিখেছেন ছোটগল্প, গান এবং টিভি নাটক। তার প্রকাশিত ছড়ার বই ২৩টি। ছড়া লিখে তিনি ২০০০ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করেন। এগারো বছর আগে আমাদের রেখে তিনি হয়ে গেছেন দূর আকাশের তারা। ৩০ আগস্ট তার ৫৫তম জন্মদিন। এ উপলক্ষে আমরা তার লেখা কয়েকটি ছড়া পড়ি...

সুতরাং ভূতরাং

রেলগেট পার হয়ে বাসাবোর কাছে, 

একদল ভূত ছিল বুড়ো বট গাছে।


একদিন গাছটাকে কেটে ফেলা হয় 

ভূতগুলো তাই শুধু খোঁজে আশ্রয়।


শেষমেশ ওরা খুঁজে পেল এক প্রেস, 

টেনশন দূর হলো মন হয় ফ্রেস।


বসে বসে কতদিন খাওয়া যায় ছাই! 

ভূতেরা চাকরি নিল প্রেসটাতে তাই। 


যেই দুটো ভূত ছিল সবচেয়ে বাজে, 

তাদের দায়িত্ব পড়ে মেশিনের কাজে।


ভূত দুটো খায় শুধু মেশিনের কালি, 

ম্যানেজার রোজ রোজ তাই দেয় গালি।


প্লেট মেকারের কাজ তিন ভূতে নেয়, 

বাকি ভূতে এটা-ওটা এগিয়ে যে দেয়।


ভূতগুলো ভর করে প্রেসটার ঘাড়ে 

সেই থেকে প্রিন্টিং মিসটেক বাড়ে।


প্রেসের মালিক শেষে রেগে সুতরাং 

প্রেসটার নাম রেখে দিল ভূতরাং।


আলু

আলু দিয়ে ভর্তা বানাই 
আলুতে হয় ভাজি 
সব রকমের তরকারিতেই 
থাকতে আলু রাজি।

সিঙ্গাড়াতে আলু থাকে 
চপ বানাতেও আলু
বিকেলবেলা হোটেলগুলোয়
আলুপুরিই চালু।

কুরবানিতে গোশের ঝোলের 
আলুই প্রধান টিপস, 
জার্নিতে খাই কচর মচর 
মজার আলুর চিপস।

আলুর জীবন ভীষণ মজার
সবকিছুতেই মেশে, 
আলুর মতোই মানুষ কিছু 
রয়েছে এই দেশে।

বর্ণনাতে কেউবা বলে 
‘আলুর মতো মুখ’,
আলুর মতো চরিত্র যার 
তার কপালেই সুখ।

আলু ছাড়া বাজার অচল 
সব সিজনেই থাকে, 
পচা আলুর গন্ধ তবু
চাই না নিতে নাকে। 


গোলমেলে ছড়া

চিরুনিটার দাঁত থাকলেও 
দাঁত মাজে না রোজ, 
কোথায় পাবে টুথপেস্ট বা 
দামি ব্রাশের খোঁজ।

ভিন্ন ধাঁচের চিরুনিকে 
কেউবা বলে ব্রাশ, 
ব্রাশের সঙ্গে মিললে ফায়ার 
চিত্তে জাগে ত্রাস।

ব্রাশফায়ারে মানুষ মরে 
নির্মমতা সে কী!
আবার ফায়ার সার্ভিস তো 
নেভায় আগুন দেখি।

রেগে মানুষ আগুন হলে 
পানিতে কি নেভে?
গোলমেলে এই কথার প্যাঁচের 
উত্তর কে দেবে?
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা