× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্য ওয়েস্টিন টু রেডিসন ব্লু

পাঁচ তারকা হোটেলে রসনাবিলাস

আরফাতুন নাবিলা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১৫:০৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫ ১৫:০৬ পিএম

পাঁচ তারকা হোটেলে রসনাবিলাস

বাঙালি ভোজনরসিক এ কথা মিথ্যে নয়, সাথে তারা বেশ অতিথিপরায়ণও। তাইতো তারা নিজেরা যেমন খেতে ভালোবাসে, তেমনি পর্যটকদের খাওয়াতেও ভালোবাসে। খাবারের মাধ্যমেই একটি দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য প্রকাশ পায় অনেকটাই। এরই সূত্র ধরে বাংলাদেশে অনেকগুলো দেশীয় ও আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল চালু হয়েছে। বর্তমানে এসব হোটেলে বিভিন্ন উৎসব ও পার্বণ উপলক্ষে নানা আয়োজন করা হয়ে থাকে। পাঁচ তারকা হোটেলে রসনাবিলাস নিয়ে লিখেছেন আরফাতুন নাবিলা

আবরাম ও আনিকার সম্প্রতি বিয়ে হয়েছে। নানা কাজের ব্যস্ততায় তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাদের। আবার এমন ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেলও খুঁজে পায় না যেখানে গিয়ে নিজেদের একটা ট্রিট দেওয়া যায়। আনিকা কিছুদিন ধরেই ভাবছিল এমন কোথাও যাবে কি না যেখানে খরচ একটু বেশি হলেও প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আবরামের সঙ্গে আলোচনা করায় সেও বলল, এমন করাই যায়। এবার দুজনে মিলে খুঁজতে শুরু করল কোন হোটেলগুলোতে তারা যেতে পারে। এবার বাদ সাধল হোটেলগুলোর আকাশছোঁয়া খরচ। সাধারণ চাকরি করা একজোড়া দম্পতির জন্য খরচ সামলে এসব জায়গায় যাওয়া কিছুটা ঝক্কিরই বটে। আসলেই কি তাই? পাঁচ তারকা হোটেল মানে কি শুধু দামি খাবার? নাকি এখানে অন্য কোনো বিষয়ও জড়িত? চলুন আজ কয়েকটি পাঁচ তারকা হোটেলে রসনাবিলাস সম্পর্কে জেনে নেওয়া যাক। 

দ্য ওয়েস্টিন ঢাকা 

রাজধানীর গুলশান-২-এ অবস্থিত হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা বাংলাদেশের পাঁচ তারকা হোটেলগুলোর মধ্যে সাজসজ্জা, আন্তর্জাতিক মানের অতিথিসেবার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ট্রান্সলেটর, লোকাল গাইড, বিউটি স্যালুনসহ বৈচিত্র্যময় সেবা প্রদান হোটেলটিকে দিয়েছে বিশেষ স্বাতন্ত্র্য। পাঁচ তারকা হোটেলে খাবারের আলাপ একরকম শুরুই হয় ওয়েস্টিনের নাম দিয়ে। বন্ধুবান্ধব, অফিস বা পারিবারিক কোনো আয়োজন-উৎসব মাতাতে ওয়েস্টিনের জুড়ি মেলা ভার। রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিজনাল বিভিন্ন স্বাদের খাবার নিয়ে ওয়েস্টিনে প্রায় সময়েই চলে বুফে লাঞ্চ, যার মূল্য জনপ্রতি ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। থাকে বাই ওয়ান গেট ওয়ান বা বাই ওয়ান গেট টু অফারও। উইকেন্ড বুফে ব্রাঞ্চের অপশনও থাকে ওয়েস্টিনে। সাড়ে ৬ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দারুণ খাবারের অভিজ্ঞতা। ডিনার ও ব্রেকফাস্টেও থাকছে নানা স্বাদের খাবার। বুফে ডিনারে সামুদ্রিক স্বাদ যেমনÑ চিংড়ি, কাঁকড়া, স্কুইড, স্যাভরি মাসলসহ স্ন্যাপারÑ সবই পেয়ে যাবেন মাত্র ৮ হাজার ৯৫০ টাকায়। রাজধানীর নামি এই হোটেলটিতে আরও রয়েছে আউটডোর ক্যাটারিং সার্ভিস নেওয়ার সুযোগ। বিয়ে, করপোরেট ইভেন্টসহ পারিবারিক যেকোনো আয়োজনে ওয়েস্টিনের স্পেশাল টিম সব সময় সাপোর্ট দেবে। এক কথায় সপ্তাহ জুড়েই এই হোটেলে থাকে বুফে খাবারের নানা আয়োজন। সকালের নাশতা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত প্রতিটি পদই সাজানো হয় নান্দনিকতা ও মানের সমন্বয়ে। বুফে, সেট মেন্যু কিংবা বিশেষ থিম নাইট সব ক্ষেত্রেই থাকে বৈচিত্র্যপূর্ণ আয়োজন। 

খাবারের বৈচিত্র্য ছাড়াও দ্য ওয়েস্টিন ঢাকায় ডিলাক্স কিং, ডিলাক্স টুইন, জুনিয়র স্যুট, এক্সিকিউটিভ স্যুট, চেয়ারম্যান স্যুট ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির কক্ষ রয়েছে। সর্ববৃহৎ ব্যাঙ্কুয়েট হল, নীল জলরাশির সুইমিংপুল, কয়েক ধরনের রেস্টুরেন্ট, বার, স্পাসহ সুবিশাল জিম রয়েছে। 

এ প্রসঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের হসপিটালিটি সেক্টর তথা অতিথি সেবায় আমরা আন্তরিকভাবেই নিয়োজিত রয়েছি। এ ক্ষেত্রে দ্য ওয়েস্টিন ঢাকা সব সময় এগিয়ে থাকার চেষ্টা করছে। অতিথিদের আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় খাবার ও সংস্কৃতি পরিবেশনের মাধ্যমে সন্তুষ্টি অর্জন করে চলেছি। সেই সঙ্গে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশেও কাজ করে যাচ্ছি।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা 

পাঁচ তারকা হোটেলের ইতিহাস কেউ জানতে চাইলে শুরু করতে হবে ইন্টারকন্টিনেন্টাল দিয়ে। কারণ এটি কেবল একটি বিলাসবহুল হোটেলই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসেরও সাক্ষী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে রমনা এলাকায় অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাবারের রয়েছে নানা পসরা। রসনাবিলাসে এই হোটেল এগিয়ে আছে অন্যদের চেয়ে অনেকখানি। নানা স্বাদের সালাদ, পোলাও, চিকেন ঝাল ফ্রাই, চিকেন টেংরি কাবাব, রুই ফিশ দোপেঁয়াজা, সেচুয়ান চিকেন, বিফ চিলি, সুইট ও সোর প্রন, স্টির ফ্রাই ভেজিটেবলস, স্যাফরন রাইস, চিকেন সাশলিক, ম্যাশড পটেটো, চকলেট ব্রাউনি, চিজ কেকসহ দারুণ সব খাবারের সম্ভার পেয়ে যাবেন মাত্র ৪ হাজার ৫০০ টাকায়। এসব খাবার নেওয়া যাবে সেট মেন্যু হিসেবে। দুজন অনায়াসে খেতে পারবেন। এই খাবারগুলো কিন্তু হোম ডেলিভারিতে ঘরে বসেই নিতে পারবেন। নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে পেতে পারেন দারুণ সব অফার, এর মধ্যে বাই ওয়ান গেট ফ্রি অফারও থাকতে পারে। ৩ হাজার ৫০০ টাকার মধ্যে লাঞ্চ মেন্যু ও ওয়ার্ক ব্রেক সেট মেন্যু পেয়ে যাবেনÑ যেখানে ৪-৫টি আইটেম থাকবে। একবেলায় পেট পুরে খাওয়া যাবে অনেক কিছু। এই হোটেলের অন্যতম বিশেষত্ব হচ্ছেÑ এখানে থিমভিত্তিক বুফে আয়োজন করা হয় নানা সময়। 

এই মুহূর্তে এই হোটেলে চলছে চাটগাঁইয়া ফুড ফেস্টিভাল। ২৩ আগস্ট পর্যন্ত চলতে থাকা এই ফেস্টিভালে রয়েছে ঐতিহ্যবাহী মেজবানি, কালা ভুনা আর নানান বিরিয়ানি, শুঁটকি, গলদা চিংড়ি, নোনা ইলিশ, পমফ্রেট, খাইশা, তালের পিঠা, গুড়ের পায়েশসহ আরও অনেক সুস্বাদু খাবার উপভোগ করার পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়াও র‍্যাফেল ড্রতে প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে থাকছে হেলিকপ্টার জয়রাইড জিতে নেওয়ার সুযোগ। জনপ্রতি মাত্র ৯ হাজার ৫০০ টাকায় উপভোগ করা যাবে এই আয়োজন। বাই ওয়ান গেট ওয়ান বা গেট টু অফারও থাকছে নির্দিষ্ট কার্ডধারী ব্যক্তিদের জন্য। আরও রয়েছে মুনসুন স্ক্যাপ ও উইকেন্ড এক্সটাসি নামে দুটি অফার। 

রাজধানীর সবচেয়ে পুরনো পাঁচ তারকা হোটেল এটি। মাঝে হোটেলটি সরকারি মালিকানাধীনে এসে রূপসী বাংলা হোটেল নামে কার্যক্রম পরিচালনা শুরু করে। পরে আন্তর্জাতিক চেইন হোটেল কর্তৃপক্ষ একে ইন্টারকন্টিনেন্টাল নামে পরিচালনার সিদ্ধান্ত নেয়। হোটেলটিতে বলরুম, রেস্টুরেন্ট, ক্যাফে, বার, লাউঞ্জ, গার্ডেন, পার্কিং, আউটডোর গেমস, হেলথ ক্লাবসহ নানা সুবিধা রয়েছে।

হলিডে ইন 

লাঞ্চে হুটহাট দারুণ কিছু খাইয়ে চমকে দিতে চান কাউকে? তাহলে হলিডে ইনে দারুণ একটা অফার আছে ১ হাজার ৬৫০ টাকায়। শুধু কি তাই? হলিডে ইনে রেসিডেনসিয়াল মিটিং প্যাকেজ পেয়ে যাবেন। শনিবারে ৪ হাজার ৫০০ ও ৫ হাজার ৫০০ টাকায় পাবেন বাই ওয়ান গেট ওয়ান ও গেট টু অফারে টেক্স মেক্স বুফে ব্রাঞ্চ। দারুণ দারুণ ডিসকাউন্ট পেতে এই হোটেলের খাবার খাওয়ার জন্য আছে ৫০% ডিসকাউন্টও। এই মুহূর্তে উইকেন্ড বুফে অফারে চলছে ওশিয়ান ফিস্ট (শুক্রবার) ও মেডিটেরিয়ান ফিস্ট (শনিবার), প্রতিজন মাত্র ৬ হাজার ৪৯৯ টাকায়। আগস্ট জুড়ে রয়েছে পিজ্জা ও বার্গার ম্যানিয়া। বৃহস্পতিবারে রয়েছে ঢাকাইয়া খানাপিনার সুযোগ। এক কথায় সপ্তাহজুড়ে হলিডে ইন আয়োজন করে এমন মজাদার সব খাবারেরÑ যেখানে আপনি আবারও হয়ে ওঠেন ভোজনরসিক। 

হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে বিভিন্ন ধরনের সুসজ্জিত কক্ষ ও স্যুট রয়েছে, যা নিশ্চিত করে যে প্রতিটি অতিথির থাকা যেন আরামদায়ক হয়। স্ট্যান্ডার্ড রুম থেকে শুরু করে প্রেসিডেন্সিয়াল স্যুট পর্যন্ত, প্রতিটি স্থান আধুনিকতা ও আভিজাত্যকেই প্রকাশ করে। তাদের অ্যাটিটিউড রেস্টুরেন্ট অল ডে ডাইনিং হিসেবে আন্তর্জাতিক ও স্থানীয় খাবার পরিবেশন করে। স্থানীয় সিগনেচার খাবার ও আন্তর্জাতিক স্বাদের দারুণ ব্যঞ্জনায় প্রতিটি খাবার অতিথিদের সামনে মনোলোভা হয়ে ওঠে। সপ্তাহ জুড়েই তাদের বিভিন্ন আয়োজন চলে, প্রতি শনিবার আয়োজন করা হয় ফ্যামিলি ব্রাঞ্চ, এ ছাড়াও ঢাকাইয়া খানাপিনা, চট্টগ্রামের মেজবানসহ হরেক রকমের বর্ণিল আয়োজনে অতিথিদের মন জয় করে নিয়েছে এই হোটেলটি।

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন 

রাজকীয় পাঁচ তারকা হোটেল হিসেবে রেডিসন ব্লু’র নাম বললে বোধহয় ভুল হবে না। দেশ থেকে শুরু করে বিদেশি অতিথিদের প্রথম পছন্দ এই হোটেলটি। এই হোটেলে বিভিন্ন স্বাদের ও ধরনের খাবার পাওয়া যায়। এই হোটেলে কয়েকটি ডাইনিং অপশন রয়েছে। যার মধ্যে মডার্ন ইউরোপিয়ান ফাইন ডাইনিং ‘সাবলাইন’ নামে একটি রেস্টুরেন্ট আছে যেখানে ইউরোপিয়ান খাবার পরিবেশন করা হয়। ‘ওয়াটার গার্ডেন বিজর’ হচ্ছে মেইন বুফে ডাইনিং। তিনবেলা এখানে বুফে সার্ভ করা হয়। এই মাসে এখানে আমেরিকান টেক্সাস ফুড প্রমোশন চলছে। আমেরিকান, টেক্সাসের বিভিন্ন ফুড যেমনÑ স্টেক, হটডগ, ট্যাকজ, ন্যাচোসের মতো জনপ্রিয় খাবারগুলো রয়েছে এখানে। স্পাইস অ্যান্ড রাইস নামের ডাইনিংটি প্রতিদিন সন্ধ্যায় চালু হয়। এখানে শুধু ডিনার সার্ভ করা হয়। প্যান-এশিয়ান বিভিন্ন ফুড যেমনÑ চীনা, থাই, ইন্ডিয়ান ফুড মিক্স করা থাকে। রেডিসন ব্লুতে রয়েছে চিটচ্যাট নামে একটি ক্যাফে। যেখানে বিভিন্ন মিষ্টি খাবারের সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিংকস, স্মুদি, কেকের মতো বিভিন্ন স্বাদের খাবারগুলো পাওয়া যায়। খাবারের দাম অন্যান্য হোটেলের থেকে তুলনামূলক কিছুটা বেশি। 

রেডিসন ব্লু নগরীর কোলাহল থেকে খানিকটা দূরে অবস্থিত হলেও এর অবস্থান মূল শহরের মাঝখানেই। এখানে রয়েছে ২০০টি কক্ষ ও স্যুট। প্রতিটি কক্ষে কিং, কুইন ও ডাবল বেড, ওয়্যারড্রব, চা-কফি প্রস্তুত করাসহ এয়ার কন্ডিশনড কক্ষ, মিনি বার ও স্যাটেলাইট চ্যানেলসমৃদ্ধ টিভি রয়েছে। আউটডোর সুইমিংপুল থেকে শুরু করে স্পা, ফিটনেস সেন্টার ও ওয়েলনেস সেন্টার রয়েছে এখানে। ব্যবসায়িক উদ্দেশ্যে যারা নিয়মিত ভ্রমণ করেন তাদের কথা বিবেচনা করে বিজনেস ক্লাস সাজানো হয়েছে। প্রতিদিন সকালে নাশতা পরিবেশন করা হয় এখানে। এ ছাড়া রয়েছে সাপ্তাহিক পত্রিকা, লন্ড্রি ও ড্রাই ক্লিনিংয়ের সুবিধা। 

পাঁচ তারকা হোটেলগুলোতে খাবার খাওয়া নিয়ে অনেকের মাঝে দ্বিধা কাজ করে। ভাবে, খাবারের অতিরিক্ত দাম। কীভাবে খেতে যাব? তবে এই খাবার খাওয়ার ক্ষেত্রে বলা যায়, আপনি কিন্তু এসব হোটেলে শুধু খাবার খেতে যাচ্ছেন না, সাথে নিচ্ছেন অভিজ্ঞতাও। এসব অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের হয়। খাবারের মান ও স্বাদেও থাকে বিস্তর ফারাক। তাই অর্থ খরচ করে যখন আপনি খাবার খাওয়ার কথা ভাবছেন, তখন শুধু এটা না ভেবে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন হচ্ছে, এক্সেপশনাল সার্ভিস পাচ্ছেনÑ এটাও ভেবে নিন। তাহলে খাবার ও পরিবেশনে পার্থক্য এতটা চোখে লাগবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা